জুনে খালি চোখেই দেখা যাবে পাঁচ গ্রহ

আকাশ দেখতে যারা ভালোবাসেন তাদের জন্য জুন মাসটা খুবই স্পেশাল। এ মাসে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যাবে সৌরজগতের পাঁচটি গ্রহ।

শুধু তাই নয়। সূর্য থেকে গ্রহগুলো একই দিকে ক্রমান্বয়ে সারিবদ্ধভাবে থাকবে। বাম থেকে ডান দিকে তাকালে সবার আগে চোখে পড়বে বুধ গ্রহ। সূর্য থেকে যার গড় দূরত্ব ৫৮ মিলিয়ন কিলোমিটার। আর একদম ডানে থাকবে শনিগ্রহ।

চমৎকার এই দৃশ্যটি উপভোগ করা যাবে পুরো জুন মাসের ভোর থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত। সূর্য ওঠার ঠিক আগে সবচেয়ে স্পষ্ট হবে। এরপর ধীরে ধীরে ফিকে হতে থাকবে। পৃথিবীর প্রায় সব জায়গা থেকেই গ্রহগুলো দেখা যাবে। এক্ষেত্রে উত্তর গোলার্ধ থেকে আকাশের পূর্ব-দক্ষিণ দিকে দেখা যাবে। আর দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে আকাশের পূর্ব-উত্তর দিকে।

জ্যোর্তিবিদরা বলছেন, পুরো জুন মাস জুড়েই এটা দেখা দেখা যাবে। তবে, ৩ এবং ৪ জুন সকালে বুধ এবং শনি গ্রহের মধ্যকার কোণ হবে ৯১ ডিগ্রি। ২৭ তারিখে এদের মধ্যকার কোণের পরিমাণ বেড়ে হবে ১০৭ ডিগ্রি। অর্থাৎ আকাশের দিকে তাকালে এইদিন বেশ দূরে দূরেই দেখা যাবে গ্রহগুলো। আর বুধ এবং শুক্রের মধ্য দেখা মিলবে অর্ধচন্দ্রের। ২৭ জুন ভোর ৪টা থেকে প্রায় ঘন্টাখানেক সময়ের জন্য বুধ গ্রহকেও সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে।

বাংলাদেশ থেকে আকাশের পূর্ব-দক্ষিণ কোণে এই দৃশ্যটি দেখা যাবে মাসজুড়ে। ২৪ ও ২৫ তারিখে দেশের আকাশে পাঁচটি গ্রহ এবং চাঁদকে একই রেখায় দেখা যাবে। বাম দিক থেকে ক্রমান্বয়ে থাকবে বুধ, শুক্র, চাঁদ, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ।

নির্দিষ্ট দিনে এই রেখার ইউরেনাসেরও দেখা মিলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে সেটি দেখতে টেলিস্কোপের প্রয়োজন পড়বে। কারণ, পৃথিবী থেকে ইউরেনাসকে খালি চোখে দেখা যায় না।

আপনি পৃথিবীর কোথায় থাকেন, তার উপরে নির্ভর করে এই তারিখ আর সময়গুলোর মাঝে তারতম্য হতে পারে। সেক্ষেত্রে, আপনার অবস্থান অনুযায়ী কখন গ্রহগুলো দেখা যাবে তা জানতে স্টেলারিয়াম ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন।

একই রেখায় একাধিক গ্রহের দেখা পাওয়ার বিষয়টিকে কনজাকশন বলা হয়। দুই বা তিন গ্রহের একই রেখায় থাকা বিরল নয়। তবে, একই সঙ্গে পাঁচটি গ্রহের কনজাকশন সচারাচর দেখা যায় না। শেষবার এরকম ঘটনা দেখা গিয়েছিল ২০০৪ সালের ডিসেম্বরে।

লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা

সূত্র: সায়েন্স অ্যালার্ট