সম্প্রতি ১৪ বছর বয়সী এক মার্কিন-বাংলাদেশি কিশোরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দিয়েছে স্পেসএক্স। তাঁর নাম কাইরান কাজি। স্পেসএক্সের স্যাটেলাইট নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থা—স্টারলিংকে নিয়োগ হয়েছে তাঁর। খবর লস অ্যাঞ্জেলস টাইমস-এর।
স্পেসএক্স ইলন মাস্কের রকেট ও নভোযাননির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে তারহীন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষে পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন করছে প্রতিষ্ঠানটি। উচ্চাভিলাষী এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্টারলিংক। এ প্রতিষ্ঠান নিয়মিতই মেধাবী শিক্ষার্থীদের খুঁজে নেয়। সে ধারাবাহিকতায় এবার তারা নিয়োগ দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কিশোর কাইরানকে। সান্তা ক্লারা ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করছেন তিনি। গ্রাজুয়েশন সম্পন্ন হলেই যোগ দেবেন এ প্রতিষ্ঠানে।
এক সাক্ষাৎকারে কাইরান জানান, বিশ্ববিদ্যালয়ের সময়টা তাঁর বেশ ভালো কেটেছে। স্পেসএক্সে যোগদান নিয়ে নিজের উত্তেজনাও প্রকাশ করেন তিনি। উচ্ছ্বসিত কণ্ঠে জানান, তিনি দারুণ রোমাঞ্চিত। স্বাভাবিক। একজন কিশোরের জন্য এটি নিঃসন্দেহে বড় অর্জন।
কাইরানের পূর্বপুরুষ এসেছেন মৌলভীবাজার থেকে। এক সাক্ষাৎকারে তিনি বাংলা ভাষা ভালোভাবে শেখার আগ্রহও প্রকাশ করেছেন।
ছোটবেলা থেকেই মেধাবী কাইরান। পারিবারিক সূত্রে জানা যায়, দুবছর বয়স থেকেই বলতে পারতেন পূর্ণাঙ্গ বাক্য। নয় বছর বয়সে দেখা গেল, স্কুলের পড়াশোনার সবই শিখে ফেলেছেন। উচ্চশিক্ষার জন্য প্রস্তুত। একটু কষ্ট হলেও ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোরে অবস্থিত লা পোসিতা কলেজে। সেখান থেকে পরে বদলি হয়ে চলে আসেন সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ে।
কাইরান অবসরে ভিডিও গেম খেলেন ও বই পড়েন। লস অ্যাঞ্জেলস টাইমস-এর সূত্রে জানা যায়, ফিলিপ কে ডিকের বিজ্ঞান কল্পগল্প তাঁর বেশ পছন্দ। তাঁর কণ্ঠে আনন্দ প্রকাশ পায়। কারণ, জীবনভর বিভিন্ন কর্তৃপক্ষের কাছে নিজের প্রমাণ করতে হয়েছে তাঁকে বারবার। কিশোর কাইরানের জন্য স্পেসএক্স তাই স্বস্তি হয়েই এসেছে। পেয়েছেন নিজের যোগ্য কাজের সুযোগ।
সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড