আমাদের মতো গাছপালাদেরও প্রয়োজন নানা খাদ্য
এই কথাটিই আজকের এই ছড়াটির প্রতিপাদ্য।
গাছপালাদের খাদ্য জোগায়, দেহে আনে সন্তুষ্টি
বাতাসে এবং মাটিতে লভ্য ষোলো রকমের পুষ্টি।
নাইট্রোজেনের মূল কাজ হলো গাছের বিকাশ-বৃদ্ধি,
গাছের পাতাকে রাখছে পুষ্ট, শস্য করছে সিদ্ধি।
ফসফরাসের কারণে গাছের শিকড় হচ্ছে শক্ত
পাতার রংটা রাখছে সবুজ, আমরা সবুজে ভক্ত।
পটাশিয়ামের অভাবে পাতার কিনারা শুকিয়ে ভস্ম
ক্যালসিয়ামের অভাবে কুঁড়ির ডগা মরে হয় হ্রস্ব।
অথবা পাতায় দেখা যায় কিছু মরিচার মতো চিহ্ন
সালফার জিংক নেই, পাতা হয় রংহীন সংকীর্ণ।
কপার না পেলে পাতার ডগার কোষ মরে হয় পুঁচকে
বোরন না পেলে পাতা প্যাঁচ খেয়ে কিনারা যাচ্ছে কুঁচকে।
অনুরূপভাবে সকল পুষ্টি জরুরি গাছের জন্য
বিজ্ঞানে সব পুষ্টি গাছের খাদ্য হিসেবে গণ্য।
গাছের জীবন মানুষের মতো, তাদের শরীরে-স্বাস্থ্যে
পুষ্টি পেলেই পুষ্ট জীবন হচ্ছে আস্তে আস্তে।