মশার জীবনচক্র একই, এক মাথা-বুক-পিঠ
পূর্ণ মশার আগে সবাই ডিম, শূক, মূককীট।
তাই বলে কি সব মশা এক? লিখেছে কোনো বই?
আমরা এডিস, অন্য কোনো মশার মতো নই।
মশককুলে সবাই গাধা, আমরা এডিস বাঘ
আমরা ছাড়া আর কারও নেই এমন ডোরা দাগ।
ড্রেনের জলে অ্যানোফিলিস, কিউলেক্সদের বাস
নোংরা জলে এডিস থাকার তথ্য কোথায় পাস?
জানিস না যা, সেটা নিয়ে করিস না ঘ্যান ঘ্যান
ঢাকনাবিহীন চৌবাচ্চা, বোতল, টিনের ক্যান,
নির্মাণাধীন ভবন, যেসব যন্ত্রে গাছের চাষ,
ফেলে রাখা খেলনা, জুতা, গাছের ফোকর, বাঁশ,
ডাবের খোসা, টবে জমা টলটলে যেই জল
সেখানটাতেই জন্মে এডিস, সেটাই আবাসস্থল।
সূর্য যখন ঢলে পড়ে, সন্ধ্যা গিয়ে রাত
রক্ত খেতে যারা বেরোয়, তারা চোরের জাত।
মশককুলে বাকিরা চোর, আমরা এডিস বীর
দিনের বেলায় কামড়ে করি মানুষকে অস্থির।
এডিস মশার ভয়ে কাঁপে লোকজনে থরথর
কাঁপবেই তো, কামড় মানে ডেঙ্গু নামের জ্বর।
বাঁচাবে না মশার কয়েল, লোশন, বা রোল অন
মশারিতে ঢুকে মানুষ থাকবে কতক্ষণ?