বৃষ্টির গন্ধে কেন মন ভালো হয়ে যায়
টানা কয়েক সপ্তাহের অসহ্য শুষ্ক গরম। ধুলোবালি, ঘাম আর রোদের দাবদাহে যখন ওষ্ঠাগত প্রাণ, ঠিক তখনই আকাশজুড়ে হঠাৎ দেখা দেয় ঘন কালো মেঘ। বাতাসের আমেজ এক নিমেষে বদলে যায়, আর চোখের পলকে পড়তে শুরু করে বৃষ্টির প্রথম ফোঁটা। তপ্ত পিচ কিংবা চাতক পাখির মতো চেয়ে থাকা শুকিয়ে যাওয়া মাটির ওপর বৃষ্টির ফোঁটা পড়ার ঠিক পর মুহূর্তেই এক জাদুকরী সুবাস বাতাসে ভেসে বেড়ায়। অদ্ভুত চেনা, অথচ প্রতিবারই নতুন এক সতেজ ঘ্রাণ। জানালার পাশে এসে দাঁড়ানো মানুষটার মন কেমন যেন এক নিমেষে ভালো হয়ে যায়।
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বৃষ্টির এই পানির কি আসলেই নিজস্ব কোনো গন্ধ আছে?
আশ্চর্যজনক হলেও সত্যি, বৃষ্টির পানির আসলে নিজস্ব কোনো গন্ধ নেই। আমরা বৃষ্টির সময় যে মনমাতানো সুবাস পাই, তা মূলত তৈরি হয় বৃষ্টির পানির সাথে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন—মাটি, পাথর এবং উদ্ভিদের এক অপূর্ব রাসায়নিক মিলনের ফলে। বিজ্ঞানের পরিভাষায় এই বিশেষ সুগন্ধের একটি দারুণ নাম আছে। একে বলা হয় পেট্রিকর (Petrichor)। সচরাচর মানুষ এটিকে বৃষ্টির গন্ধ বলে থাকে।
ঘ্রাণের অনুভূতি সরাসরি মস্তিষ্কের এমন কিছু অংশের সাথে যুক্ত, যা আমাদের অনুভূতি ও স্মৃতিকে নিয়ন্ত্রণ করে।
পেট্রিকর শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে। গ্রিক শব্দ পেট্রা (Petra) অর্থ পাথর, আর ইকর (Ichor) বলতে বোঝায় গ্রিক পুরাণে দেবতাদের শরীরে প্রবাহিত অলৌকিক ও পবিত্র তরল। অর্থাৎ, পেট্রিকর মানে হলো পাথরের বুক চিরে বের হওয়া দেবতাদের সেই অলৌকিক সুধা! ১৯৬৪ সালে বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে শব্দটি প্রথম আলোর মুখ দেখে।
শুষ্ক মৌসুমে কিছু বিশেষ উদ্ভিদ এক ধরণের তৈলাক্ত উপাদান নিঃসরণ করে, যা চারপাশের মাটি ও পাথর চুষে নেয়। যখন বৃষ্টি পড়ে, তখন এই তেলের উপাদানগুলো বাতাসে মুক্ত হয়। এর সাথে যুক্ত হয় মাটিতে থাকা অ্যাক্টিনোব্যাকটেরিয়া নামের এক ধরণের অণুজীবের তৈরি জৈব যৌগ, যার নাম জিওসমিন।
বৃষ্টির ফোঁটা যখন তীব্র বেগে মাটিতে আছড়ে পড়ে, তখন মাটির সূক্ষ্ম ছিদ্রগুলোতে জমে থাকা বাতাস ছোট ছোট বুদবুদ আকারে বের হয়ে আসে। এই বুদবুদগুলো ফেটে গিয়েই বাতাসে জিওসমিন এবং উদ্ভিদের সেই সুগন্ধি তেল অ্যারোসল বা সূক্ষ্ম ধূলিকণার মতো ছড়িয়ে দেয়। বাতাস সেই সুবাস আমাদের নাক পর্যন্ত বয়ে নিয়ে আসে।
ঘ্রাণের অনুভূতি সরাসরি মস্তিষ্কের এমন কিছু অংশের সাথে যুক্ত, যা আমাদের অনুভূতি ও স্মৃতিকে নিয়ন্ত্রণ করে। অন্য যেকোনো ইন্দ্রিয়ের চেয়ে ঘ্রাণ আমাদের অবচেতন মনকে বেশি দ্রুত নাড়া দিতে পারে।
বৃষ্টির ফোঁটা যখন তীব্র বেগে মাটিতে আছড়ে পড়ে, তখন মাটির সূক্ষ্ম ছিদ্রগুলোতে জমে থাকা বাতাস ছোট ছোট বুদবুদ আকারে বের হয়ে আসে।
অনেকেই বলেন, প্রথম বৃষ্টির গন্ধ পেলেই মন ভালো হয়ে যায়। আসলে গন্ধটি কিন্তু জাদুর মতো সরাসরি আমাদের মন ভালো করে দেয় না। ম্যাজিকটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের অনন্য গঠনে। আমাদের মস্তিষ্কে ঘ্রাণের অনুভূতির সঙ্গে স্মৃতি ও আবেগের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
কোনো গন্ধ নাকে পৌঁছানোর পর তার সংকেত খুব দ্রুত মস্তিষ্কের অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাসে পৌঁছে যায়। অ্যামিগডালা হলো আমাদের আবেগের কেন্দ্রবিন্দু, আর হিপোক্যাম্পাস কাজ করে আমাদের স্মৃতির সিন্দুক বা হার্ডডিস্ক হিসেবে।
অন্য যেকোনো অনুভূতির (যেমন দেখা বা শোনা) চেয়ে ঘ্রাণের অনুভূতি এই দুটি অংশে অনেক বেশি দ্রুত আঘাত করে। ফলে বৃষ্টির গন্ধ নাকে লাগার সাথে সাথেই আমাদের অবচেতন মন অতীতে ফিরে যায়। শৈশবের কোনো বৃষ্টির দিনের আনন্দ, জানালার পাশে বসে কাগজের নৌকা ভাসানো কিংবা প্রিয় কোনো মানুষের সাথে কাটানো সুখকর স্মৃতিকে মস্তিষ্ক মুহূর্তেই সজাগ করে তোলে। আর এই নস্টালজিয়াই আমাদের মনকে নিমেষে শান্ত ও প্রফুল্ল করে তোলে।
অ্যামিগডালা হলো আমাদের আবেগের কেন্দ্রবিন্দু, আর হিপোক্যাম্পাস কাজ করে আমাদের স্মৃতির সিন্দুক বা হার্ডডিস্ক হিসেবে।
নৃবিজ্ঞানীদের মতে, আমাদের পূর্বপুরুষদের কাছে বৃষ্টির এই গন্ধ ছিল বেঁচে থাকার সবুজ সংকেত। দীর্ঘ খরার পর বৃষ্টির গন্ধ মানেই ছিল—চারপাশে আবার পানি পাওয়া যাবে, গাছপালায় ফলমূল আসবে আর ফসলে ভরে উঠবে মাঠ। তাই অবচেতনেই বৃষ্টির এই গন্ধ মানুষের মনে এক ধরণের পরম নিরাপত্তা ও শান্তির অনুভূতি এনে দেয়, যা হাজার বছর ধরে আমাদের ডিএনএ-তে রয়ে গেছে।