৯টি হাতির সমান ওজনের ডাইনোসরের খোঁজ মিলেছে এশিয়ায়
এক দশক আগে থাইল্যান্ডের একটি পুকুরের ধারে কিছু হাড়ের খোঁজ পাওয়া যায়। হাড়গুলো পরীক্ষা করেই সম্প্রতি সম্পূর্ণ নতুন এক প্রজাতির ডাইনোসর শনাক্ত করতে পেরেছেন বিজ্ঞানীরা। বিশালাকার এই ডাইনোসর মূলত একটি তৃণভোজী প্রাণী ছিল। এর ছিল অনেক লম্বা গলা ও দীর্ঘ লেজ।
থাইল্যান্ড ও যুক্তরাজ্যের লন্ডনের গবেষকেরা যৌথভাবে নতুন আবিষ্কৃত এই প্রাণীর নাম দিয়েছেন নাগাটাইটান চাইয়াফুমেনসিস (Nagatitan chaiyaphumensis)। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এযাবৎকালের মধ্যে খুঁজে পাওয়া সবচেয়ে বড় ডাইনোসর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গত ১৪ মে, বৃহস্পতিবার এই ডাইনোসর নিয়ে বিস্তারিত গবেষণার তথ্য সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত হয়। গবেষণা অনুযায়ী, নতুন এই ডাইনোসরটির ওজন ছিল আনুমানিক ২৭ মেট্রিক টন, যা প্রায় ৯টি পূর্ণবয়স্ক এশীয় হাতির সমান। এটি লম্বায় ছিল প্রায় ২৭ মিটার। অন্যদিকে ভয়ংকর টি-রেক্সের ওজন হতো সাধারণত ৬ থেকে ৯ টনের মধ্যে। এটি লম্বায় ছিল ১২ মিটারের কিছু বেশি। অর্থাৎ, ওজনে ও আকারে নতুন এই ডাইনোসরটি টি-রেক্সের চেয়েও অনেক বড় ছিল।
বিজ্ঞানীরা একে দ্য লাস্ট টাইটান বলে ডাকছেন। কারণ, এটি ওই অঞ্চলের সবচেয়ে নতুন ডাইনোসরসমৃদ্ধ শিলাস্তরে পাওয়া গেছে, যার বয়স ১০ থেকে ১২ কোটি বছরের মধ্যে। নাগাটাইটান চাইয়াফুমেনসিস নামের প্রথম অংশটি থাই ও দক্ষিণ-পূর্ব এশীয় লোককথার পৌরাণিক জলজ সাপ ‘নাগা’ থেকে নেওয়া হয়েছে। আর টাইটান শব্দটি দিয়ে এর বিশাল আকার ও গ্রিক পুরাণের দৈত্যদের বোঝানো হয়েছে।
ভয়ংকর টি-রেক্সের ওজন হতো সাধারণত ৬ থেকে ৯ টনের মধ্যে। এটি লম্বায় ছিল ১২ মিটারের কিছু বেশি। অর্থাৎ, ওজনে ও আকারে নতুন এই ডাইনোসরটি টি-রেক্সের চেয়েও অনেক বড় ছিল।
নামের দ্বিতীয় অংশ চাইয়াফুমেনসিসের অর্থ হলো থাইল্যান্ডের প্রদেশ চাইয়াফুম থেকে আগত। এই প্রদেশেই ১০ বছর আগে পুকুরের ধারে ডাইনোসরটির জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল। এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ায় এটি থাইল্যান্ডে নামকরণ হওয়া ১৪তম ডাইনোসর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ডাইনোসর হিসেবে জায়গা করে নিল।
নাগাটাইটান চাইয়াফুমেনসিস ছিল মূলত সওরোপড নামে ডাইনোসর দলের সদস্য। এই তৃণভোজী দানবদের গলা অনেক লম্বা হতো। বিশ্বজুড়ে এদের আকার মানুষের চেয়ে কিছুটা বড় থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ স্থলচর প্রাণী পর্যন্ত হতো। ডাইনোসরটির পা ও পেটের হাড়সহ কঙ্কালের যে অংশগুলো পাওয়া গেছে, তার পাশে দাঁড়ালে একজন মানুষকে খুবই ছোট দেখাবে।
নাগাটাইটান পৃথিবীর ইতিহাসের বৃহত্তম প্রাণী না হলেও এটি আকারে ছিল বিশাল। বর্তমানে যুক্তরাজ্যের দ্য হারবার্ট আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামে প্রদর্শিত বিখ্যাত সওরোপড ডাইনোসরটির চেয়েও এটি অনেক বড়।
গবেষণার প্রধান লেখক ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের থাই পিএইচডি শিক্ষার্থী থিতিউত সেথাপানিচসাকুল জানান, সাধারণ মানুষের হিসাব অনুযায়ী এই ডাইনোসরটি বেশ বড়। বিখ্যাত ডিপ্লোডোকাস কার্নেগি ডাইনোসরের চেয়ে এর ওজন অন্তত ১০ টন বেশি ছিল। তবে প্যাটাগোটাইটান কিংবা রুইয়াঙ্গোসরাসের মতো দানবীয় সওরোপডদের তুলনায় এটি অনেকটাই ছোট।
১০ থেকে ১২ কোটি বছর আগের ডাইনোসর হওয়ায় এটি চিক্সুলুব গ্রহাণুর আঘাতে পাখি ছাড়া অন্যান্য সব ডাইনোসর বিলুপ্ত হওয়ার অনেক আগে থেকেই পৃথিবীতে রাজত্ব করত। তবে এটি থাইল্যান্ডের শেষ ডাইনোসরগুলোর অন্যতম। কারণ, এর কিছুদিন পরই এই অঞ্চলটি একটি অগভীর সমুদ্রে পরিণত হয়েছিল।
বিখ্যাত ডিপ্লোডোকাস কার্নেগি ডাইনোসরের চেয়ে নাগাটাইটানের ওজন অন্তত ১০ টন বেশি ছিল। তবে প্যাটাগোটাইটান কিংবা রুইয়াঙ্গোসরাসের মতো দানবীয় সওরোপডদের তুলনায় এটি অনেকটাই ছোট।
নাগাটাইটানের সামনের পায়ের হাড়টি লম্বায় ১.৭৮ মিটার। এর পাশে গবেষক সেথাপানিচসাকুল দাঁড়িয়ে থাকার একটি ছবি এর বিশালতা প্রমাণ করে। হাড়টির উচ্চতা প্রায় তাঁর সমান! শিলাস্তরে এর অবস্থান দেখে মনে করা হয়, এটিই দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবিষ্কৃত শেষ বা সবচেয়ে নতুন যুগের বিশালাকার সওরোপড। তবে এর মানে এই নয় যে এই অঞ্চলে আর কোনো ডাইনোসর পাওয়ার সম্ভাবনা নেই।
থাই বিজ্ঞানীদের স্বপ্ন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ডাইনোসরদের বিশ্বমঞ্চে পরিচিত করানো। থাইল্যান্ড ও ইউসিএলের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টা এই অঞ্চলের জীবাশ্মবিজ্ঞান সম্পর্কে জ্ঞান আরও বাড়াবে। এর শুরুটা হয় নতুন নমুনাগুলো সঠিকভাবে শনাক্ত করার মাধ্যমে। বিজ্ঞানীদের কাছে এমন অনেক সওরোপড জীবাশ্মের সংগ্রহ রয়েছে, যা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে গবেষণা করা হয়নি। এর মধ্যে বেশ কয়েকটি নতুন প্রজাতিও থাকতে পারে। ব্যাংককের এশিয়াটিক এলাকার থাইনোসর জাদুঘরে নতুন আবিষ্কৃত এই নাগাটাইটান চাইয়াফুমেনসিস ডাইনোসরটির একটি হুবহু পূর্ণাঙ্গ মডেল তৈরি করে দর্শকদের জন্য প্রদর্শন করা হচ্ছে।