আজ ঘোষণা করা হবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল

চলতি বছরের নোবেল পুরস্কারের পর্দা উঠবে আজ ৫ অক্টোবর, সোমবার। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেন থেকে এ বছরের চিকিৎসা ও শারীরতত্ত্বে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সর্বোচ্চ ১ থেকে ৩ জন ভাগাভাগি করে পেতে পারেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এ পুরস্কার।

আগামী ৬ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে জানা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। আর রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে ৭ অক্টোবর, বুধবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রত্যেক বিভাগের নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। ২০২৫ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। ২০২৬ সালে তা বাড়িয়ে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা করা হয়েছে। অর্থাৎ প্রতি পুরস্কারে ১০ লাখ ক্রোনা বা প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্টিয়ারনে জানিয়েছেন, ২০২৬ সালে নোবেল পুরস্কারের ১২৫তম বার্ষিকী উপলক্ষে এই অর্থ বাড়ানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে পুরস্কারের আর্থিক মূল্য দীর্ঘমেয়াদে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন ক্রোনা থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন করা হয়। ২০২৪ ও ২০২৫ সালে এতে আর কোনো পরিবর্তন আসেনি। ২০২৬ সালে আবার ১০ লাখ সুইডিশ ক্রোনা বাড়ানো হলো।

যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাঁদের মধ্যে এই ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১২ লাখ ৮ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হবে প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকার বেশি!

বিজ্ঞানে নোবেল নিয়ে প্রতিবছরের মতো এ বছরও বিজ্ঞানচিন্তা অনলাইনে থাকছে বিশেষ আয়োজন। জানতে চোখ রাখুন বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট (bigganchinta.com) ও ফেসবুক পেজ এবং গ্রুপে।