যমজ সন্তানেরা ছেলে না মেয়ে
যমজ সন্তান খুব কমই হয়। তবে হলে ওরা তিন রকমই হতে পারে। দুজনই ছেলে, দুজনই মেয়ে বা একজন ছেলে ও একজন মেয়ে। শিশু যমজ হবে কি না, হলে এই তিন ধরনের মধ্যে কোনটি হবে, তার সবই নির্ধারিত হয় একেবারে শুরুতে, মায়ের পেটে থাকতেই। মায়ের ডিম্ব কীভাবে নিষিক্ত হয়ে ভ্রূণ গঠিত হয়েছে, তার ওপর নির্ভর করে সবকিছু। প্রতি মাসে মায়ের ডিম্বকোষ থেকে একটি করে ডিম্ব বের হয়, যা বাবার শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে ভ্রূণের জন্ম দেয়। কিন্তু কোনো অস্বাভাবিক কারণে যদি দুটি ডিম্ব একসঙ্গে বেরোয়, তাহলে একই সঙ্গে দুটি ডিম্বই বাবার ভিন্ন ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ ক্ষেত্রে যমজ সন্তানের একজন ছেলে ও একজন মেয়ে হতে পারে। অবশ্য দুজনই ছেলে বা দুজনই মেয়ে হতে পারে, কিন্তু সে ক্ষেত্রে তাদের মধ্যে জিনগত বৈশিষ্ট্যের সামান্য পার্থক্য থাকবে। কারণ, দুটি আলাদা ডিম্ব ও শুক্রাণু নিষিক্ত হয়ে তাদের জন্ম। কখনো যদি একটি নিষিক্ত ডিম্ব শুরুতেই দুভাগে বিভক্ত হয়ে বাড়তে থাকে, তাহলে ওরা দুজনেই ছেলে বা দুজনেই মেয়ে হবে। কারণ, তাদের শুরু হয়েছে এক ও অভিন্ন উৎস থেকে। এদের বলা হয় সিয়ামিজ শিশু। সিয়ামিজ যমজেরা দেখতে অবিকল একই রকম। তাদের জিনগত বৈশিষ্ট্যও এক ও অভিন্ন। কোনো কোনো সময় এদের দেহ জন্ম থেকেই একসঙ্গে জোড়া লেগে থাকে। জন্মের পর অপারেশন করে আলাদা করতে হয়। এসব জটিলতার জন্য সিয়ামিজ শিশুর সংখ্যা খুব কম।
