বেশি দই খেলে কি স্বাস্থ্যের ক্ষতি হয়

বেশি দই খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক কি না? বিজ্ঞান কী বলে?ছবি: দ্য টাইমস অব ইন্ডিয়া

একধরনের ব্যাকটেরিয়া দুধকে গাজিয়ে (ফারমেন্টেশন) দইয়ে পরিণত করে। এসব ব্যাকটেরিয়া শরীরের জন্য উপকারী। এরা শরীরের পরিপাকতন্ত্রে দ্রুত বিস্তার লাভ করে সেখানে অন্য যেসব ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, তা দূর করতে সাহায্য করে। তাই দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এখন প্রশ্ন হলো, বেশি দই খাওয়া ঠিক কি না। এটা অবশ্য সাধারণ বিবেচনায় বলা যায় যে কোনো কিছুই বেশি খাওয়া ভালো নয়। অনেক সময় এতে উপকারের চেয়ে অপকারই বেশি হয়। দইয়ের বেলায়ও পরিমিত খাওয়াই ভালো। তবে দইয়ের ব্যাকটেরিয়াও তো একধরনের ক্ষুদ্র এককোষী অণুজীব।

দই পরিমিত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
ছবি: আর্থ ডটকম

শরীরে এদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, সে প্রশ্নটিও বিবেচনায় রাখা দরকার। দই ফারমেন্টেশনের জন্য সাধারণত স্ট্রেপটোকক্কাস থার্মোফিলাস-এর সঙ্গে ল্যাকটো ব্যাসিলাস বুলগেরিকাস ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা দেখেছেন, এ দুটি ব্যাকটেরিয়া শরীরের জন্য নিরাপদ এবং এরা পরিপাকতন্ত্রের কোনো ক্ষতি করে না। দইয়ের ব্যাকটেরিয়া পাকস্থলী ও ক্ষুদ্রান্তের অ্যাসিডে বেঁচে থাকতে পারে কি না, সেটিও এক প্রশ্ন। এটি নিয়ে গবেষণা চলছে। তবে দইয়ের জীবন্ত ব্যাকটেরিয়া যে শরীরের জন্য উপকারী তা প্রমাণিত।

আরও পড়ুন