মহাশূন্যে কি কাগজ-কলমে নোট লেখা যায়

প্রশ্ন জরুরি, সন্দেহ নেই। উত্তরও মনে হয় সহজ। কিন্তু কঠিন। কারণ, মহাশূন্য পরিভ্রমণের সময় অনেক জরুরি তথ্য লিখে রাখার প্রয়োজন হয়, কিন্তু সেখানে মহাকর্ষ বল প্রায় শূন্য। খাতা–কলম–মানুষ সব ভাসমান। এ অবস্থায় লেখা কঠিন। তাহলে কি ল্যাপটপ? এখানেও সমস্যা। কী, তা বলছি। প্রথমত, কলমের সমস্যা। ব্যবহার করা হয় কালি। আর পেনসিলে সাধারণত থাকে গ্রাফাইটের তৈরি সীস। পেনসিলের সীস থেকে গ্রাফাইট চূর্ণ বেরিয়ে পড়ে। আর তরল কালি প্রায় শূন্য মহাকর্ষে ছড়িয়ে-ছিটিয়ে যায়। এ দুটি মহাশূন্যে ব্যবহার করা সমস্যা। কারণ, সে ক্ষেত্রে রয়ে যায় মহাশূন্য যানের কলকবজা বিকল হওয়ার আশঙ্কা। এটি ল্যাপটপকেও অচল করতে পারে। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে এ ধরনের সমস্যা নিয়ে লেখালেখি বেশ হয়।

তাহলে কি মহাশূন্যে কোনো নোট লেখা হয় না? না, তা নয়। ইন্টারনেটে এ বিষয়ে অনেক লেখা পাওয়া যায়। একধরনের কালি ও কলম মহাশূন্য যান ও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ব্যবহার করা যায়। আজকাল এর চল হয়েছে। এর কালি এমন যে সহজে তরল অবস্থায় লিক করে না। নাসার অ্যাপোলো ৭-এর আমল থেকে এ ধরনের কলমের ব্যবহার শুরু হয়েছে বলে ইন্টারনেটের বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়।

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তার জানুয়ারি সংখ্যায় প্রকাশিত

আরও পড়ুন