শিশুদের পর্যাপ্ত ঘুম কেন দরকার
শিশুরা যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেদিকে মায়েদের সতর্ক দৃষ্টি থাকে। ঘুম ভেঙে যেতে পারে, এ জন্য মায়েরা সবাইকে মনে করিয়ে দিয়ে আস্তে কথা বলার অনুরোধ করেন। জীবনের সাধারণ অভিজ্ঞতা থেকেই আমরা জানি যে শিশুদের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম দরকার। কিন্তু এক গবেষণায় শিশুদের ঘুমের আরেকটি প্রয়োজনীয়তা জানা গেছে। দেখা গেছে, শিশুদের পর্যাপ্ত ঘুম না হলে তাদের বেশি মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর বেশি ঘুমালে শরীর-স্বাস্থ্য ঠিক থাকে। একদল গবেষক ৮ থেকে ১১ বছর বয়সী ৩৭টি শিশুকে দুই ভাগে ভাগ করে তাদের প্রথম সপ্তাহে প্রতিদিন দেড় ঘণ্টা বেশি ঘুম, আবার পরের সপ্তাহে প্রতিদিন দেড় ঘণ্টা করে কম ঘুমানোর ব্যবস্থা করেন।
তাদের ঘুমের সময় নিরূপণ করা হয় ইলেকট্রনিক পদ্ধতিতে এবং প্রতিদিন খাবারের পরিমাণ লিপিবদ্ধ করা হয়। তাদের রক্তে লেপটিনের পরিমাণও বের করা হয়। লেপটিন একধরনের হরমোন, যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এর পরিমাণ বেশি হলে শরীরের মেদের পরিমাণ বৃদ্ধি পায়। পরীক্ষায় দেখা গেছে, সপ্তাহে বেশি ঘুমানো শিশুদের রক্তে লেপটিনের মাত্রা কমে যায়, তখন তারা পরিমিত খায় এবং শরীরেও অতিরিক্ত মেদ জমে না। কিন্তু কম ঘুমালে শিশুরা বেশি বেশি খায় ও তাদের ওজন অতিরিক্ত বেড়ে যায়।
