শূন্য জোড় না বিজোড় সংখ্যা
শূন্য একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যার সংজ্ঞা থেকে সহজেই এটা প্রমাণ করা যায়। যেকোনো পূর্ণ সংখ্যাকে ২ দিয়ে গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি জোড় সংখ্যা হয়। যেহেতু ০ × ২ = ০, সুতরাং আমরা বলতে পারি যে শূন্য একটি জোড় সংখ্যা। তাই অন্যান্য জোড় সংখ্যার গুণাবলিও এর আছে। যেমন এটা ২ দ্বারা বিভাজ্য, ০ × ২ = ০ ইত্যাদি। সংখ্যা রেখায় সাজালে দেখা যাবে জোড়-বিজোড়-জোড় ধারাবাহিকতায় শূন্যের অবস্থান জোড়ের ঘরে: (-৩) -- (-২)-- (-১) -- ০ -- ১-২ -- ৩ --...। বিষয়টা আমরা আরেক দিক থেকেও দেখতে পারি। কোনো সংখ্যা ধরা যাক 'ক' একটি পূর্ণ সংখ্যা। তাহলে ২ × ক + ১ সব সময় বিজোড় সংখ্যা হবে। এখন দেখা যাক ০ সংখ্যাটি বিজোড় হতে পারে কি না। যদি বিজোড় হয়, তাহলে ০ = ২ × ক + ১ হতে হবে। অর্থাৎ ক = - ১/২ যা পূর্ণ সংখ্যা নয়। সুতরাং আমরা বলতে পারি যে শূন্য বিজোড সংখ্যা নয়, এটা জোড় সংখ্যা।
আরও পড়ুন
