একুশে পদক পেলেন বিজ্ঞানচিন্তার উপদেষ্টা অধ্যাপক মাহাবুবুল আলম মজুমদার
বিজ্ঞানচিন্তা পরিবারের জন্য পরম আনন্দের সংবাদ। একুশে পদকে ভূষিত হয়েছেন বিজ্ঞানচিন্তার উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মাহাবুবুল আলম মজুমদার। আজ ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অধ্যাপক মাহাবুবুল আলম মজুমদার বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিনের দায়িত্ব পালন করছেন। তিনি বিজ্ঞানচিন্তার জন্মলগ্ন থেকেই ম্যাগাজিনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞান জনপ্রিয়করণ এবং তরুণ প্রজন্মের কাছে সঠিক বিজ্ঞান তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
একুশে পদক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পুরস্কার। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক দেওয়া হচ্ছে। এ বছর অধ্যাপক মাহাবুবুল আলম মজুমদার ছাড়াও আরও ৮ কৃতী ব্যক্তিত্ব এবং একটি প্রতিষ্ঠান এই সম্মাননার জন্য মনোনীত হয়েছে। তাঁরা হলেন চিত্রনায়িকা ববিতা, অধ্যাপক আবদুস সাত্তার, মেরিনা তাবাশ্যুম, আইয়ুব বাচ্চু, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, তেজশ হালদার যশ এবং অর্থী আহমেদ। আর প্রতিষ্ঠানটি হলো ওয়ারফেজ।
সম্প্রতি তিনি প্রথম বাংলাদেশি হিসেবে স্পিরিট অব সালাম পুরস্কারও পেয়েছেন। গত ২৯ জানুয়ারি নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামের জন্মদিনে মাহবুবুল আলম মজুমদারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস। বিজ্ঞানসংক্রান্ত বিভিন্ন কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে ২০১৩–১৪ সাল থেকে স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড দেওয়া হলেও এবারই প্রথম কোনো বাংলাদেশি এই অনন্য সম্মানে ভূষিত হলেন।
অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে মূলত বাংলাদেশে বিজ্ঞান ও শিক্ষার ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য। গবেষণা ও শিক্ষা উন্নয়নের পথে বাংলাদেশের সীমাবদ্ধতা দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নন, বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিত লেখালেখি ও বক্তৃতা করেন। উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন বিজ্ঞানচিন্তার সঙ্গে। পাশাপাশি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের কোচ হিসেবে যুক্ত রয়েছেন তিনি।