বাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন আবার শুরু
শুরু হচ্ছে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড। ইতিমধ্যে নিবন্ধন শুরু হয়েছে। চলবে ১০ এপ্রিল, রাত ৮টা পর্যন্ত। এই প্রতিযোগিতার সেরারা আগামী আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। পাশাপাশি সুযোগ পাবে চলতি বছরের জুন মাসে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে।
এবারের আসরে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে দুইটি ক্যাটাগরির যেকোনো একটিতে। যারা কোডিংয়ে তেমন পারদর্শী নয়, কিন্তু এআই নিয়ে আগ্রহী, তাদের জন্য থাকছে এআই কুইজ। এই বিভাগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা বিনামূল্যে অংশ নিতে পারবে। আর এআই চ্যালেঞ্জ বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক ও পলিটেকনিকের ৪র্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীরা পাইথন ও মেশিন লার্নিংয়ের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাস্তব সমস্যা সমাধানের লড়াইয়ে নামবে। এই চ্যালেঞ্জটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম Kaggle-এ অনুষ্ঠিত হবে।
অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়। এরপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। সেখান থেকে ধাপে ধাপে বাছাই করা হবে বাংলাদেশ এআই দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মইনুল হোসেনের মতে, ‘ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় এআই শিক্ষা এখন সময়ের দাবি।’ তিনি শিক্ষার্থীদের এই অলিম্পিয়াডে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রমাণের আহ্বান জানান। এছাড়া আন্তর্জাতিক মেডেলজয়ী আরেফিন আনোয়ারের মতে, ‘এটি কেবল প্রতিযোগিতা নয়, বরং বিশ্বের সেরা মেধাবীদের সঙ্গে পরিচিত হওয়ার এক মহামিলন।’
এই অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে। এবারের আয়োজনে প্লাটিনাম স্পন্সর ও হোস্ট হিসেবে আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজিনেস অ্যান্ড টেকনলজি। পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩ এবং নলেজ পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট।
আগ্রহীরা https://festive.rocks/e/bdaio2026 ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে পারবে। প্রতিযোগিতার বিস্তারিত সিলেবাস পাওয়া যাবে bdaio.org/syllabus ঠিকানায়।