জাতীয় এআই অলিম্পিয়াড ১৬ মে

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে, শনিবার। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মধ্যে শেষ হয়েছে এ অলিম্পিয়াডের বাছাইপর্ব।

এখন চলছে আঞ্চলিক বাছাইপর্ব, চলবে ১০ মে পর্যন্ত। এবারের আসরের আঞ্চলিক ও ই-অলিম্পিয়াডের সময়সূচি অনুযায়ী, ২ মে, শনিবার বিইউবিটি ক্যাম্পাসে ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এরপর ৮ মে, শুক্রবার রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে এ অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। ৯ মে, শনিবার রাজশাহী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে রাজশাহী কলেজে, চট্টগ্রাম আঞ্চলিক পর্ব চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এবং খুলনা আঞ্চলিক পর্ব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। যেসব জেলার কাছাকাছি কোনো আঞ্চলিক ভেন্যু নেই, সেসব জেলার শিক্ষার্থীদের জন্য আগামী ১০ মে, রোববার অনলাইনে ই-অলিম্পিয়াডের আয়োজন করা হবে।

তৃতীয়বারের মতো আয়োজিত বিডিএআইও প্রতিযোগিতাটি এবার দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত। এআই চ্যালেঞ্জ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে এইচএসসি ২০২৬, এ-লেভেল, আলিম এবং পলিটেকনিক ইনস্টিটিউটের (৪র্থ সেমিস্টার) ২০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এই ক্যাটাগরির প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ক্যাগলে অনুষ্ঠিত হবে। এর নিবন্ধন ফি মাত্র ১০০ টাকা। অন্যদিকে ষষ্ঠ থেকে এসএসসি ২০২৬ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে এআই কুইজ। এতে অংশ নেওয়া যাবে একদম বিনামূল্যে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের এআইয়ে আগ্রহী করতে এআই কুইজ ক্যাটাগরিতে এআইবিষয়ক সাধারণ জ্ঞান এবং গাণিতিক ও যুক্তিমূলক দক্ষতা যাচাই করা হবে। এআই চ্যালেঞ্জে পাইথন, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কসহ এআইয়ের মূল বিষয়গুলোর সমস্যা সমাধান করতে দেওয়া হবে।

এই আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ‘প্রযুক্তিনির্ভর যে ভবিষ্যৎ পৃথিবীর কথা বলা হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যা সমাধান ও বাস্তব দক্ষতা বৃদ্ধির জন্য এআই অলিম্পিয়াড হতে পারে কার্যকর মাধ্যম। এই অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমেই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শুরু হোক তোমাদের পদচারণা।’

একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে মাইক্রোসফটের এআই লিড সাদিদ হাসান বলেন, ‘এআই শেখা মানে শুধু কোডিং নয়, এটি ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা। বিডিএআইও ২০২৬-এর মাধ্যমে তোমরা এআইয়ের মৌলিক বিষয়গুলো শেখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।’

এবারের আসরের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্ল্যাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে আছে রিভ চ্যাট। গোল্ড স্পনসর ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি। ব্রোঞ্জ স্পনসর বিটনা। নলেজ পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট। টিভি পার্টনার দীপ্ত টিভি। অন্যান্য পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, রকমারি ডটকম ও জাদু পিসি। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

আরও পড়ুন