আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ছয় পদক
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই গণিত প্রতিযোগিতার ৬৭তম আসরে বাংলাদেশের ছয় সদস্যের দল জিতেছে একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদক। একই সঙ্গে দলটি মোট ১২১ নম্বর অর্জন করে আইএমওতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড গড়েছে।
এবারের আইএমও অনুষ্ঠিত হয়েছে চীনের সাংহাই শহরে। বিশ্বের ১১৭টি দেশ ও অঞ্চল থেকে ৬৬৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতি দেশ থেকে প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্বোচ্চ ছয়জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়।
বাংলাদেশ দলের হয়ে চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী ২৩ নম্বর পেয়ে জিতেছেন রৌপ্য পদক। ব্রোঞ্জ পদক পেয়েছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান, রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, ঢাকা ইমপিরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান।
দুই দিন ধরে মোট নয় ঘণ্টার পরীক্ষায় শিক্ষার্থীরা ছয়টি সমস্যা সমাধান করে। পরীক্ষা শেষে খাতা মূল্যায়নের পর প্রকাশিত চূড়ান্ত ফলাফলে বাংলাদেশের এই সাফল্য নিশ্চিত হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী আয়োজিত বাংলাদেশ গণিত অলিম্পিয়াড থেকে জাতীয় দল নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির তত্ত্বাবধানে দীর্ঘ প্রশিক্ষণ শেষে এই ছয় শিক্ষার্থী আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছে।