বিজ্ঞানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ফারসীম মান্নান মোহাম্মদী

অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মাদীছবি: খালেদ সরকার

২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর মোট আটটি বিভাগে ৯ জন বিশিষ্ট ব্যক্তি এই পুরস্কার পেয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

আজ ২৩ ফেব্রুয়ারি, সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারজয়ীদের নাম জানিয়েছে বাংলা একাডেমি। প্রথমে পুরস্কারের প্রস্তাবক কমিটি বিজয়ীদের নাম প্রস্তাব করে বাংলা একাডেমির কাছে। এরপর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি সেই নামের তালিকা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সবশেষে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ এই পুরস্কারের অনুমোদন দেয়।

এ বছর বিজ্ঞান বিভাগে এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন বিজ্ঞান লেখক ফারসীম মান্নান মোহাম্মদী। তিনি বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও বৈদ্যুতিক কৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

বিজ্ঞানকে জনপ্রিয় করতে তিনি নানা সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের দলনেতা ও কান্ট্রি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিজ্ঞান ও গণিতের নানা বইও লিখেছেন। তাঁর লেখা বইগুলোর মধ্যে অঙ্ক ও মেজোকাকুর হেঁয়ালি, গ্যালিলিও, জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান, একটাই পৃথিবী এবং জানা বোঝার ভিতর বাহির, সবার জন্য জ্যোতির্বিদ্যা, এলিয়েনের সন্ধানে, থাকে শুধু অন্ধকার পাঠকদের কাছে বেশ পরিচিত। বিজ্ঞানবিষয়ক অসাধারণ সব লেখালেখির জন্য এর আগেও তিনি বাংলা একাডেমি থেকে হালিমা-শরফুদ্দিন বিজ্ঞান পুরস্কার লাভ করেছিলেন।

অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী বিজ্ঞান ও গণিতের নানা বইও লিখেছেন
ছবি: মীর হোসেন

২০২৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারজয়ী অন্যরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ বা গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ এবং গবেষণায় যৌথভাবে মুস্তাফা মজিদ ও ইসরাইল খান এ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় এই পুরস্কার পেয়েছেন মঈদুল হাসান।

আরও পড়ুন