প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো এক্সপ্লোরিং দ্য কসমস

রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মহাকাশবিষয়ক বিশেষ আয়োজন ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্কাই অবজারভেশন’। গত ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক কৌতূহলী শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. কুতুব উদ্দিন। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মাদী
ফাইল ছবি

অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মাদী। তিনি মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করেন। বিগ ব্যাং থেকে শুরু করে মহাবিশ্বের সম্ভাব্য পরিণতির বিষয়টি তিনি শিক্ষার্থীদের সামনে সহজভাবে তুলে ধরেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, ‘একটি প্যারালাল মহাবিশ্বে আমি আবার জন্ম নেব এবং এই মহাবিশ্বে অপূর্ণ থাকা ইচ্ছেগুলো পূরণ করব।’ তাঁর এই কথা শিক্ষার্থীদের মাঝে গভীর অনুপ্রেরণা ও কৌতূহল জাগিয়ে তোলে।

আরও পড়ুন

দ্বিতীয় সেশনে মিকবি সায়েন্টিফিকের প্রতিষ্ঠাতা সাফায়েত আহমেদ শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেন। তিনি মিলিয়ন বছর পুরোনো ডাইনোসরের জীবাশ্ম, চাঁদ এবং গ্রহাণুর নমুনা প্রদর্শন করেন। শিক্ষার্থীরা এসব হাতে-কলমে দেখার সুযোগ পায়।

সেশন শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যাস্ট্রোনমি কুইজের আয়োজন করা হয়। কুইজে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও পুরস্কার।

তবে দিনের মূল আকর্ষণ ছিল সন্ধ্যার আকাশ পর্যবেক্ষণ। নক-বিডি টিমের ব্যবস্থাপনায় সেলেসট্রন অ্যাস্ট্রোমাস্টার ১৩০ ইকিউ এবং মিকবি সায়েন্টিফিকের ব্রেজার মেসিয়ার ১০ ইঞ্চি ডবসোনিয়ান টেলিস্কোপ স্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাদে। টেলিস্কোপে চোখ রেখে শিক্ষার্থীরা চাঁদ, বৃহস্পতি গ্রহ এবং এর তিনটি গ্যালিলিয়ান উপগ্রহ দেখার সুযোগ পায়। সবশেষে ছাদে বারবিকিউ পার্টির মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই রোমাঞ্চকর আয়োজন।

আয়োজক হিসেবে ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স (আইকিউএসি) এবং অফিস ফর স্টুডেন্ট এফেয়ার্স। সহ-আয়োজক হিসেবে ছিল ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর বাংলাদেশ এবং অবজারভেশন পার্টনার মিকবি সায়েন্টিফিক।

আরও পড়ুন