নেত্রকোণা জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ দুটি আয়োজন।
অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) নেত্রকোণা ও চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। ১৯ আগস্ট, শনিবার নেত্রকোণা জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ দুটি আয়োজন। নেত্রকোণা আঞ্চলিক পর্বে নেত্রকোণা ও আশপাশের জেলাগুলোর ৩৯টি বিদ্যালয়ের প্রায় ৪৫০ শিক্ষার্থী অংশ নেয়। অন্যদিকে চট্টগ্রাম আঞ্চলিক পর্বে অংশ নেয় প্রায় ৪৬০ শিক্ষার্থী।
নেত্রকোণায় শনিবার সকাল ৯টায় জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোণা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিতাংশু কুমার ভদ্র। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ আরাফাত-উল-ইসলাম, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাসুদেব সাহা, আবু আব্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কিবর সরকার ও সহকারী প্রধান শিক্ষক আবু সাদেক, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল ইসলাম ও অন্যান্য শিক্ষকেরা। এই আঞ্চলিক অলিম্পিয়াডটি আয়োজনে স্থানীয়ভাবে সহযোগিতা করে নেত্রকোণার বিজ্ঞান ক্লাব ‘ম্যাসন’।
থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও-২৩) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৩)।
আর শনিবার সকাল ৯.৩০টায় চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাসিরাবাদ সহকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগির কবির এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব। এরপর শিক্ষার্থীদের ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হয়। পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় এ আয়োজন। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহকারী অধ্যাপক সুনন্দা বৈদ্য ও ইউএসটিসি ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাস। স্থানীয়ভাবে চট্টগ্রাম আঞ্চলিক পর্বটি আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রামের সামাজিক সংগঠন ‘অব্যয়’।
শিগগিরই এই আঞ্চলিক অলিম্পিয়াড দুটোর ফলাফল বিডিজেএসও-র ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এর আগে, ৩ আগস্ট গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হয় বিডিজেএসও ২৩-এর প্রথম স্কুল অলিম্পিয়াড। এরপর যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও দিনাজপুরের বিরল উপজেলায় অলিম্পিয়াড আয়োজিত হয়। সেই ধারাবাহিকতায় ১৮ আগস্ট খুলনায় আরও একটি আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এরপর ২৫ আগস্ট অন্যান্য জেলার শিক্ষার্থীদের জন্য অনলাইনে ও ২৬ আগস্ট ঢাকার শিক্ষার্থীদের নিয়ে ভেন্যুতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক অলিম্পিয়াড।
থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও-২৩) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৩)। এবারের অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে তিনটি ধাপে। প্রথমে অনলাইন বাছাই পর্ব থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ৪টি জেলায় আয়োজিত হচ্ছে চারটি আঞ্চলিক পর্ব এবং ৪টি অনলাইন পর্ব। এরপর জেলা পর্বের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে রাজধানী ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্ব। এ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্প করা হবে। ক্যাম্পের ফলাফল ও অন্যান্য দিক বিবেচনা করে বাছাই করা হবে ৬ জনকে। তারাই থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেবে।
বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: www.bdjso.org।