টেলিস্কোপে ফ্রিতে চাঁদ দেখার সুযোগ

খুদে এক শিক্ষার্থী চাঁদ দেখছে টেলিস্কোপেছবি: খালেদ সরকার

মহাকাশপ্রেমীদের জন্য সুখবর। আয়োজিত হতে যাচ্ছে চাঁদ পর্যবেক্ষণ ক্যাম্প। আগামী ২২ আগস্ট, শনিবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের দক্ষিণ টেরেসে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্প চলবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত।

আয়োজকেরা জানিয়েছেন, টেলিস্কোপের সাহায্যে চাঁদ পর্যবেক্ষণের সুযোগ থাকছে সবার জন্য। খোলা আকাশের নিচে বসে চাঁদের গর্ত, পাহাড় ও নানা বৈশিষ্ট্য কাছ থেকে দেখার পাশাপাশি অংশ নেওয়া যাবে শৌখিন জ্যোতির্বিদদের আনন্দঘন আড্ডায়।

মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহী যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারবেন। টেলিস্কোপে চোখ রেখে চাঁদকে কাছ থেকে দেখার পাশাপাশি শৌখিন জ্যোতির্বিদদের সঙ্গে আড্ডায় জানা যাবে মহাকাশের নানা মজার তথ্য।

এই ক্যাম্প আয়োজন করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। সহযোগিতায় রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানচর্চার পুরোনো ও গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর একটি। ১৯৮৮ সালের ৫ মে একদল তরুণ জ্যোতির্বিজ্ঞানপ্রেমীর উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। মূল লক্ষ্য ছিল বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞানকে জনপ্রিয় করা এবং এ বিষয়ে আগ্রহীদের শেখার ও চর্চার সুযোগ তৈরি করা।

আরও পড়ুন

বর্তমানে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন নানা ধরনের কাজ করে। যেমন, টেলিস্কোপের মাধ্যমে চাঁদ, গ্রহ, নক্ষত্র বা বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখার আয়োজন করে। উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনা হলে আয়োজন করে পর্যবেক্ষণ ক্যাম্প।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করে। ২০২৬ সালের প্রতিযোগিতাতেও জেলা পর্যায়ের অনলাইন বাছাই, আঞ্চলিক ও জাতীয় পর্ব এবং শেষে আবাসিক ক্যাম্প রাখা হয়েছে। এখান থেকে বাছাই করা শিক্ষার্থীরা আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পায়।

পাশাপাশি মহাকাশ বার্তাসহ জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞানবিষয়ক বই, ম্যাগাজিন ও পর্যবেক্ষণ-বুলেটিন প্রকাশ করে। জ্যোতির্বিজ্ঞান জনপ্রিয় করতে আয়োজন করে মহাকাশ উৎসব ও সূর্য উৎসব। এর পাশাপাশি ১৯৯০ সাল থেকে ব্রুনো পদক দিয়ে জ্যোতির্বিজ্ঞানে অবদানের স্বীকৃতি দিয়ে আসছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন