চার শহরে অনুষ্ঠিত হলো গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হলো বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব। ৮ আগস্ট, শনিবার ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে একযোগে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। চার শহরের প্রায় আট শ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী নির্বাচিত হয়েছে ১৮০ জন।

ঢাকার পর্বটি অনুষ্ঠিত হয় মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে ৫৫২ জন শিক্ষার্থী অংশ নেয়, নির্বাচিত হয় ১২৮ জন। চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চট্টগ্রাম পর্বে ১১৫ জন অংশগ্রহণকারীর মধ্যে নির্বাচিত হয় ২৭ জন। রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ৪৭ জনের মধ্যে ১৩ জন এবং সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে ৪৪ জনের মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছে।

প্রতিযোগিতা দুটি ভাগে অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াড ও কুইজ। অলিম্পিয়াডে গণিত ও বিজ্ঞান বিষয়ে অংশগ্রহণের সুযোগ ছিল।

সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের রিপোর্টিং শুরু হয়। সকাল ৯টায় শুরু হয় মূল পরীক্ষা। পরীক্ষা শেষে ঢাকার আয়োজনে ছিল দিনভর নানা আয়োজন। সুমোবট ফাইট, পাপেট শো, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়েছে। বিকেল ৩টায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মূল পর্ব শেষ হয়। বিকেল ৪টায় বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় দিকনির্দেশনামূলক অধিবেশন। চট্টগ্রাম, রংপুর ও সিলেটে পরীক্ষা শেষে অ্যাক্টিভিটি সেশনের পর দুপুর ২টায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, সিএসসি।

বিজয়ীদের নিয়ে আগামী ১১-২০ আগস্ট পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে জাতীয় ক্যাম্প। গণিতের দল নির্বাচনী পরীক্ষা হবে ২১ আগস্ট এবং বিজ্ঞানের ২২ আগস্ট।

এই ধাপগুলো পেরিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়েই গঠিত হবে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল। আগামী ২-৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড।

গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম আইএমএসওতে বাংলাদেশের ১২ সদস্যের দল শতভাগ সাফল্য অর্জন করে ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।

বাংলাদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে এসপিএসবি, বিডিওএসএন ও ম্যাসল্যাব। আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার পুষ্টি। সহযোগিতায় রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, টেমস একাডেমি ও রিফ্লেকটিভ টিনস।

আয়োজন ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে bdmso.org ওয়েবসাইটে।

আরও পড়ুন