১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

নবম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড জাতীয় পর্বের বিজয়ীছবি: নাসির খান সৈকত

শুরু হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) নিবন্ধন। বিজ্ঞানকে জনপ্রিয় করতে এবং বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হবে এ অলিম্পিয়াড। এতে অংশ নিতে নিবন্ধন করতে হবে অনলাইনে।

নিবন্ধন লিঙ্ক: https://online.bdjso.org/

শিক্ষার্থীরা এবার তিনটি ক্যাটাগরিতে বিডিজেএসওতে অংশ নিতে পারবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রাইমারি, ষষ্ঠ থেকে অষ্টম পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র, নবম-দশম, এসএসসি পরীক্ষার্থীরা ও একাদশ শ্রেণী বা সমমানের শিক্ষার্থীরা অংশ নেবে সেকেন্ডারি সেকেন্ডারি ক্যাটাগরিতে। মোটকথা, যারা ১ জানুয়ারি ২০১১ সালের পরে জন্মগ্রহণ করেছে, তারা সবাই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করে এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। ২০২৬ সালে শিক্ষার্থী যে শ্রেণিতে অধ্যয়নরত থাকবে, সে অনুযায়ীই তার ক্যাটাগরি নির্ধারিত হবে।

এবারের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বেশ কিছু ধাপে। প্রথমে অনলাইন নিবন্ধন করে আঞ্চলিক পর্বে প্রতিযোগিতা করবে। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে জাতীয় পর্ব। এরপর জাতীয় পর্ব থেকে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্প করা হবে। ক্যাম্পের ফলাফল ও অন্যান্য দিক বিবেচনা করে বাছাই করা হবে শিক্ষার্থীদের।

আরও পড়ুন

এরপর এই দলকে দেড় মাস প্রশিক্ষণ দেওয়া হবে। তারাই বুলগেরিয়ায় অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, আচরণ, মানসিক সক্ষমতা ও সার্বিক বিষয় বিবেচনা করেই চূড়ান্ত দল গঠন করা হয়।

আঞ্চলিক পর্বে সাধারণত ১২ থেকে ২০টি সংক্ষিপ্ত ও বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ১-১.৫ ঘণ্টা। আর জাতীয় পর্বে আইজেএসওর আদলে সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি উদ্দীপকসহ বিশ্লেষণধর্মী প্রশ্নও থাকবে।

প্রথম ধাপের প্রস্তুতির জন্য নিজ নিজ শ্রেণির বিজ্ঞান বই ভালোভাবে বুঝে পড়াই যথেষ্ট। কারণ মুখস্থবিদ্যা দিয়ে বিডিজেএসওতে ভালো করা যায় না। যারা তুলনামূলক ওপরের শ্রেণির, তাদের জন্য পাঠ্যবইয়ের বাইরেও কিছু বই সহায়ক হতে পারে। যেমন পদার্থবিজ্ঞানের জন্য মুহম্মদ জাফর ইকবালের পদার্থবিজ্ঞানের প্রথম পাঠ এবং ইয়ং ও ফ্রিডম্যানের ইউনিভার্সিটি ফিজিকস উইথ মডার্ন ফিজিকস। রসায়নের জন্য এবিং–গ্যামনের জেনারেল কেমিস্ট্রি এবং রেমন্ড চ্যাংয়ের কেমিস্ট্রি; জীববিজ্ঞানের জন্য গাজী আজমলের উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, আবুল হাসানের উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান এবং এবং রিস, ইউরি ও কেইনের ক্যাম্পবেল বায়োলজি। ধাপে ধাপে প্রস্তুতির সম্পূর্ণ নির্দেশনা পাওয়া যাবে bdjso.org/whatwhare পাতায় এবং সম্পূর্ণ ও হালনাগাদ বইয়ের তালিকা পাওয়া যাবে bdjso.org/booklist পাতায়।

আরও পড়ুন

প্রস্তুতির অগ্রগতি যাচাই করতে বিগত বছরগুলোর আঞ্চলিক ও জাতীয় পর্বের প্রশ্ন ডাউনলোড করে অনুশীলন করা যাবে bdjso.org/old-question এই পাতা থেকে। আন্তর্জাতিক পর্যায়ের প্রশ্ন ও সমাধানের জন্য দেখা যেতে পারে ijsoweb.org/downloads। এছাড়া জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড: সমস্যা ও সমাধান সংকেত বইয়ে বিডিজেএসওর প্রশ্নের পাশাপাশি সমাধান সংকেতও পাওয়া যাবে। তবে কোনো প্রশ্ন প্রথমবার চেষ্টায় সমাধান করতে না পারলেই সঙ্গে সঙ্গে সমাধান দেখে ফেলা ঠিক নয়, কারণ বারবার নিজে চেষ্টা করাই প্রকৃত প্রস্তুতি।

বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনে সহযোগী হিসেবে থাকছে মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: bdjso.org

আরও পড়ুন