আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরাছবি: প্রথম আলো

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে নতুন এক ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার দেশের প্রতিনিধিত্ব করা ছয়জন প্রতিযোগীর প্রত্যেকেই পদক অর্জন করেছে। শিক্ষার্থীদের এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি জানাতে শুক্রবার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সংগ্রহ ছিল মোট ১২১ নম্বর; যা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ইতিহাসে দেশের এ যাবৎকালের সর্বোচ্চ দলীয় স্কোর। ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জপদক নিয়ে ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশ এবার ৩৯তম স্থান অর্জন করেছে।

৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের হয়ে একমাত্র রৌপ্যপদকটি জিতেছে চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী। ব্রোঞ্জপদক পেয়েছে যথাক্রমে আনন্দ মোহন কলেজের তাহসিন খান, রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন, ঢাকা ইমপিরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান।

আরও পড়ুন

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের সাবেক এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর ও পদার্থবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ আতাউল করিম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক বি এম মইনুল হোসেন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ দলের কোচ অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ট্রেজারার আবুল বাসারসহ আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের সাবেক এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর ও পদার্থবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ আতাউল করিম
ছবি: মীর হোসেন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের সাবেক এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর ও পদার্থবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ আতাউল করিম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পদক কোনো যাত্রার শেষ নয়; বরং এটি বড় স্বপ্ন দেখার শুরু মাত্র। আজকের এই শিক্ষার্থীদের মধ্য থেকেই তৈরি হবে ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক, উদ্যোক্তা ও শিক্ষাবিদ।’

তাঁর মতে, কৌতূহল, প্রশ্ন করার সাহস এবং আজীবন শেখার মানসিকতাই হবে শিক্ষার্থীদের সবচেয়ে বড় শক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে শুধু গণিত বা বিজ্ঞান জানাই যথেষ্ট নয়। এ কথা উল্লেখ করে তিনি যোগাযোগদক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পদক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন হলেও এটিই শেষ গন্তব্য নয়।’ তিনি পদকজয়ীদের সর্বদা বিনয়ী থেকে জ্ঞানচর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁদের ভূমিকার কথা তুলে ধরেন।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ
ছবি: মীর হোসেন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়া, অন্যের মতামতকে মূল্য দেওয়া এবং দলগতভাবে কাজ করার মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্বের বিকাশ ঘটে।

ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষা ও মেধাবিকাশমূলক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সঙ্গেও দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিষ্ঠানটি সম্পৃক্ত রয়েছে এবং ভবিষ্যতেও তারা এই উদ্যোগের পাশে থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
ছবি: মীর হোসেন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এখন শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি গণিত, বিজ্ঞান ও সৃজনশীল চিন্তার একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও বেশি আন্তর্জাতিক সাফল্য অর্জন করবে এবং দেশকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরও পড়ুন

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ‘এই অসাধারণ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পাশাপাশি কোচ, স্বেচ্ছাসেবক, সংগঠক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নতুন কমিটি গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে কাজ করবে বলেও জানান তিনি।’

সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘এবারই প্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ছয়জন প্রতিযোগীর সবাই পদক জিতেছে, যা দেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।’

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুনির হাসান
ছবি: মীর হোসেন

বাংলাদেশ দলের কোচ অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার বলেন, ‘গণিত অলিম্পিয়াডের সাফল্যের পথ ধরেই দেশে পদার্থবিজ্ঞান, তথ্যবিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়নসহ বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডের বিকাশ ঘটেছে।’

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অতিথিরা পদকজয়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পদকজয়ী শিক্ষার্থীরা নিজেদের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের সাথে অতিথিরা
ছবি: মীর হোসেন

বাংলাদেশ ২০০৪ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সদস্যপদ লাভ করে। এ পর্যন্ত বাংলাদেশ ১টি স্বর্ণ, ৮টি রৌপ্য, ৪৫টি ব্রোঞ্জপদক এবং ৪৭টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশের গণিত অলিম্পিয়াডের সূচনা হয় ২০০১ সালে, প্রথম আলোর ‘বিজ্ঞান প্রজন্ম’ পাতার ‘নিউরনে অনুরণন’ উদ্যোগের মাধ্যমে। বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি প্রতিবছর জাতীয় অলিম্পিয়াড আয়োজন করে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য জাতীয় দল নির্বাচন করে।

আরও পড়ুন