হার্ভার্ডের বৈশ্বিক স্বাস্থ্য উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশের শিগেলা-এআই

ডায়রিয়াজনিত রোগ এখনো বিশ্বের বহু দেশে শিশুস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শিগেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ দ্রুত শনাক্ত করা না গেলে রোগটি জটিল আকার ধারণ করতে পারে। কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর অনেক স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষাগারের সুবিধা সব সময় থাকে না। ফলে চিকিৎসকদের প্রায়ই সীমিত তথ্যের ভিত্তিতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন একটি উদ্যোগ নিয়ে কাজ করছেন বাংলাদেশের একদল তরুণ গবেষক ও স্বাস্থ্য পেশাজীবী।

তাঁদের প্ল্যাটফর্ম শিগেলা-এআই মূলত চিকিৎসকদের কাজের সুবিধার্থে তৈরি করা হয়েছে। এটি রোগীর বয়স, শারীরিক উপসর্গ, ল্যাব টেস্টের রিপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে রোগীর শরীরে শিগেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে কি না, তা বুঝতে সাহায্য করে। অনেক সময় প্রত্যন্ত অঞ্চলে বা জরুরি প্রয়োজনে দ্রুত ল্যাবরেটরি বা পরীক্ষাগারের পরীক্ষা করা সম্ভব হয় না। সেসব জায়গায় চিকিৎসকেরা যাতে দ্রুত ও সঠিক তথ্যের ওপর ভিত্তি করে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারেন, সেই লক্ষ্যেই এই ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

সম্প্রতি দেশীয় এই উদ্যোগটি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। এটি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব আয়োজিত গ্লোবাল হ্যাকাথন ২০২৬-এর জন্য নির্বাচিত হয়েছে। প্রাথমিক প্রতিযোগিতায় বিশ্বের ৩৫টিরও বেশি দেশ থেকে ১ হাজার ৫০০-এর বেশি উদ্ভাবনী আইডিয়া জমা পড়ে। সেখান থেকে ১০০টি দল প্রথম বুটক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পায়। পরের ধাপে ৫০টি দল দ্বিতীয় বুটক্যাম্পে এবং শেষ পর্যন্ত ৩০টি দল ভেঞ্চার ইমারশন পর্যায়ে নির্বাচিত হয়। এই প্রক্রিয়ার একদম শেষ ধাপে সেরা ২০টি দল ফাইনালিস্ট বা চূড়ান্ত প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়। এই দলগুলোকে আগামী ১৬ জুন ম্যাসাচুসেটসের বোস্টনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে তারা একটি ডেমো ডে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবে। এই অনুষ্ঠানে দলগুলো তহবিল প্রদানকারী সংস্থা ও বিনিয়োগকারীদের সামনে নিজেদের তৈরি প্রযুক্তি তুলে ধরবে। এই বিশেষ অনুষ্ঠানের জন্য বাংলাদেশের দলটিও চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন মো. ফুয়াদ আল ফিদাহ এবং এ আর রাফি খান। তাঁরা তাঁদের তৈরি শিগেলা-এআই নিয়ে এইচএসআইএল ডেমো ডে অনুষ্ঠানে যাবেন। তবে শিগেলাএআই নিয়ে কাজ করছে পাঁচ সদস্যের একটি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন মো. ফুয়াদ আল ফিদাহ। তিনি পেশায় চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অর্থনীতিবিদ। আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে তাঁর ২০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে তাঁর রচিত, অনূদিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা প্রায় ২০০।

দলের অন্য সদস্যরা হলেন খালিদ হাসান, শারিকা নুজহাত, সাবরিনা মান্নান এবং এ আর রাফি খান। চিকিৎসাবিজ্ঞান, জনস্বাস্থ্য, তথ্যবিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা উদ্ভাবনের অভিজ্ঞতা নিয়ে তাঁরা একসঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন