সেশেলসে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর সম্পন্ন

পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসের রাজধানী মাহে দ্বীপে অনুষ্ঠিত হলো রোমাঞ্চকর নেচার ট্রেইল চ্যালেঞ্জ ২০২৬। গত ১৬ মে, শনিবার আয়োজিত এই প্রতিযোগিতায় ১৪টি দেশের খ্যাতনামা দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেন।

সেশেলস পর্যটন বিভাগের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো আয়োজিত হলো এই প্রতিযোগিতা। প্রতিকূল আবহাওয়া, ভৌগোলিক বৈচিত্র্য ও চরম শারীরিক সক্ষমতার পরীক্ষার কারণে ইতিমধ্যে এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম দুর্গম ট্রেইল রুট হিসেবে পরিচিতি পেয়েছে।

এবারের আসরের রুট শুরু হয়েছিল রাজধানী মাহে দ্বীপের পশ্চিমে পোর্ট লনে এলাকার কনস্ট্যান্স ইফেলিয়া রিসোর্ট থেকে। দীর্ঘ ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দৌড় শেষ হয় গ্র্যান্ড আনস অঞ্চলে। এই ২২ কিলোমিটার দীর্ঘ ট্রেইলে প্রতিযোগীদের সমুদ্রসৈকত, গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি ও গ্রানাইট পাহাড়ের রুক্ষ পথে কয়েক হাজার ফুট ওঠানামা করতে হয়। বিষুবীয় অঞ্চলের প্রচণ্ড গরম ও প্রখর রোদে দীর্ঘ এই দৌড় শুধু শারীরিক সক্ষমতারই চ্যালেঞ্জ নয়, বরং প্রতিযোগীদের জন্য প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক অনন্য সুযোগও বটে।

আরও পড়ুন

এই প্রতিযোগিতায় ২ ঘণ্টা ১১ মিনিট সময় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন পাকিস্তানের ওয়াকার আহমেদ নাসের। তাঁর চেয়ে ২ মিনিট বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন দক্ষিণ আফ্রিকার ড্যানিয়েল ক্লাসেন। ২ ঘণ্টা ৫১ মিনিট সময় নিয়ে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দক্ষিণ আফ্রিকার এমিলি জক। ৩ ঘণ্টা সময় নিয়ে রানারআপ হয়েছেন রিইউনিয়ন আইল্যান্ডের সিলভেইন কিউসট।

প্রতিযোগিতা শেষে এবারের আসরের চ্যাম্পিয়নসহ বিভিন্ন শাখায় সেরা প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সেশেলসের পর্যটন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আমান্ডা বার্নস্টেইন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের এই ট্রেইল রানিং প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সেশেলস আইল্যান্ড প্রকৃতি, শারীরিক সুস্থতা ও টেকসই উন্নয়নকে এক সুতোয় গাঁথার চেষ্টা করছে।’

ভারত মহাসাগরে ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত সেশেলস সারা বছরই ইউরোপ ও উত্তর আমেরিকাসহ বিভিন্ন দেশের পর্যটকদের পদচারণে মুখর থাকে। আয়োজকদের প্রত্যাশা, শুধু মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরাই নয়, বরং আগামী দিনের ট্রেন্ড হিসেবে ক্রীড়াভিত্তিক ও অংশগ্রহণমূলক পর্যটনকেও জনপ্রিয় করে তুলতে এই নেচার ট্রেইল চ্যালেঞ্জ বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন