টেলিস্কোপে চোখ রেখে ফ্রিতে গ্রহ-উপগ্রহ দেখার সুযোগ
শীতের শেষে এই চমৎকার সন্ধ্যায় যদি টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের গ্রহ-উপগ্রহ দেখার সুযোগ পাওয়া যায়, তবে কেমন হয়? রাতের আকাশের রহস্যে ঘেরা সৌন্দর্য উপভোগ করতে এবং মহাকাশ নিয়ে আড্ডা দিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প ও শৌখিন জ্যোতির্বিদদের আড্ডায়। আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের দক্ষিণ দিকের বারান্দায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।
বিজ্ঞান ও মহাকাশ নিয়ে যাঁদের কৌতূহলের শেষ নেই, তাঁদের জন্য এটি হতে পারে এক দারুণ অভিজ্ঞতা। এই আয়োজনে টেলিস্কোপে গ্রহ-উপগ্রহ দেখার পাশাপাশি থাকছে স্কুলপড়ুয়া খুদে জ্যোতির্বিদদের প্রাণবন্ত আলোচনা। মহাকাশের নানা অজানা ও চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবে আমাদের তিন তরুণ জ্যোতির্বিদ। তারা হলো ওরিয়ন ইউশা বুবুন, সায়ান সুচিস্মিতা টিয়া এবং লুব্ধক নিওন পুপুন।
এই ক্যাম্পে অংশগ্রহণের নিয়মাবলিও খুব সহজ। আয়োজনে অংশ নিতে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি লাগবে না। এটি সবার জন্য উন্মুক্ত! তবে অংশগ্রহণকারীদের অবশ্যই আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এটি আয়োজন করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। সহযোগিতায় আছে বিশ্বসাহিত্য কেন্দ্র।