শেষ হলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব
শেষ হলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব। ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বা ইউএপি ক্যাম্পাস দুদিনের এই অলিম্পিয়াড সম্পন্ন হয়। এর শিরোনাম ছিল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৬। চলতি বছর রোবট অলিম্পিয়াডের মূল থিম ছিল কালচারাল হেরিটেজ সার্ভিস রোবট।
এবারের অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হয়েছিল গত ১ থেকে। চলে ২৫ আগস্ট পর্যন্ত। এ সময় শিক্ষার্থীদের রোবোটিকসে দক্ষ করে তুলতে দেশের ৮টি বিভাগে আয়োজন করা হয় ১২টি বিশেষ রোবোটিকস কর্মশালা। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অভিজ্ঞ প্রশিক্ষকদের হাত ধরে এসব কর্মশালায় প্রশিক্ষণ নেয় প্রায় ১,৫০০ শিক্ষার্থী।
গত ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত হয় অনলাইন বাছাই পর্ব। সেখান থেকে প্রতিযোগীরা ১১ সেপ্টেম্বর, শুক্রবার জাতীয় পর্বে অংশ নেয়। প্রথম দিন অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির প্রতিযোগিতা। দ্বিতীয় দিন ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় মিশন চ্যালেঞ্জ। পাশাপাশি আয়োজন করা হয় একটি রোবটিকস কুইজ প্রতিযোগিতা।
দ্বিতীয়দিন বিকেল ৪টায় শুরু হয় বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন এবং উলকাসেমির অ্যানালগ লেআউট ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর মুন সাদিয়া দিপ্তী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লাফিফা জামাল।
প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া বলেন, ‘আয়োজকরা এত বছর ধরে অসাধারণ কাজ করছে এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনগুলোতে আমরা আইসিটি ডিভিশন থেকে সারাদেশে এটি ছড়িয়ে দেয়ার জন্য কাজ করব।’
এ অলিম্পিয়াডের জাতীয় পর্বে ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা। রোবটিকস কুইজ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মুহতাদী মাহরুস ওয়াহীদ এবং সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মাহিদ জামান।
এছাড়াও প্রতি ক্যাটাগরিতে রৌপ্য ও ব্রোঞ্জপদকসহ মোট ২০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে কারিগরি পদক।
রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বের এই বিজয়ীদের নিয়ে এরপর আয়োজিত হবে দল নির্বাচনী ক্যাম্প। ওই ক্যাম্পে শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশের জাতীয় দল। তারা আগামী জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজিত ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দেশের প্রতিনিধিত্ব করবে।
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এই আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে আছে উলকাসেমি, সিলভার স্পনসর ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর হিসেবে আছে আরএইচ করপোরেশন, টেক্সকো টেক, মিলেনিয়াম অর্গানিকস ও ইনোভেটিভ প্রোডাক্ট নেটওয়ার্ক কো. লিমিটেড। বাংলাদেশ দলের সার্বিক পৃষ্ঠপোষকতায় থাকছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর। পার্টনার হিসেবে রয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ক্লাউড নাম্বার ২৪। আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।
আইআরও সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: bdro.org