আজ বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব। রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সকাল ৮ টায় শুরু হবে এই উৎসব।
উৎসবে উপস্থিত থাকবেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন, কার্টুনিস্ট ও উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব, বিকাশের ইভিপি এবং হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ভেন্যু প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফারজানা শাকিল, গীতিকার কবির বকুল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক খলিলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক বি এম মইনুল হোসেন, বিজ্ঞানবক্তা আসিফ, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, বায়োলজি অলিম্পিয়াডের কোচ সৌমিত্র চক্রবর্তী এবং লেখক ও চিকিৎসক তানজিনা হোসেন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন অভিনেতা তৌসিফ মাহবুব, জাদু দেখাবেন রাজীব বসাক, থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারসহ আরও অনেকে।
উৎসবে স্কুলের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। আর কুইজ প্রতিযোগিতায় থাকবে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা, আর মাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৯ম-১০ম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরা এই দুই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
আঞ্চলিক উৎসবে কুইজের প্রতি ক্যাটাগরিতে ১০ জন এবং প্রজেক্টে সেরা ১০টি দলকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে সার্টিফিকেট, মেডাল, বই, বিজ্ঞান বাক্সসহ আকর্ষণীয় সব পুরস্কার। পাশাপাশি এই বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাবসহ আকর্ষণীয় অনেক পুরস্কার। এ ছাড়াও উৎসবে থাকছে বিজ্ঞান ম্যাজিক, রোবট প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্বসহ আরও অনেক মজার আয়োজন।
সারা দেশের স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগে অনুষ্ঠিত হবে উৎসবের আঞ্চলিক পর্ব। সবশেষে জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।
বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।