বরিশালে বিজ্ঞান বক্তৃতা দেবেন বিজ্ঞানবক্তা আসিফ

বিজ্ঞানবক্তা ও লেখক আসিফফাইল ছবি

আধুনিক মানুষের সবচেয়ে কাছের বিলুপ্ত প্রজাতি হলো নিয়ানডার্থাল। প্রায় চার লাখ বছর ধরে তারা ইউরোপ ও পশ্চিম এশিয়ার বিশাল এলাকায় বাস করেছে। তারা আগুন জ্বালাতে পারত। পাথর দিয়ে উন্নত হাতিয়ার বানাতে জানত। এমনকি বরফযুগের কঠিন পরিবেশেও তারা দারুণভাবে টিকে ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায়, তারা সমাজে একে অপরকে সাহায্য করত। অসুস্থ বা আহত সঙ্গীদের যত্নও নিত। এত কিছুর পরও প্রায় ৪০ হাজার বছর আগে নিয়ানডার্থালরা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায়। অন্যদিকে হোমো স্যাপিয়েন্স শুধু টিকেই থাকেনি, বরং পৃথিবীর সব প্রান্তে নিজেদের ছড়িয়ে দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, আফ্রিকার বাইরে বাস করা বেশিরভাগ আধুনিক মানুষের ডিএনএতে এখনো নিয়ানডার্থালদের প্রায় ১ থেকে ২ শতাংশ জিনের অস্তিত্ব রয়েছে! এ থেকে বোঝা যায়, অতীতে এই দুই মানবগোষ্ঠীর মধ্যে আন্তপ্রজনন বা প্রজনন সম্পর্ক ঘটেছিল।

তাহলে নিয়ানডার্থালরা কেন হারিয়ে গেল? জলবায়ু ও পরিবেশের পরিবর্তন নাকি ছোট ও বিচ্ছিন্ন জনসংখ্যা? খাদ্য ও সম্পদের অভাব নাকি ভয়ংকর কোনো রোগজীবাণু? নাকি হোমো স্যাপিয়েন্সের সঙ্গে প্রতিযোগিতায় তারা হেরে গিয়েছিল? বিজ্ঞানীরা এসব সম্ভাব্য কারণ নিয়ে এখনো গবেষণা করছেন। হয়তো নিয়ানডার্থালদের হারিয়ে যাওয়ার পেছনে কারণ একটি নয়, বরং অনেকগুলো। কিন্তু যে মানুষ অন্য মানবপ্রজাতিকে প্রতিযোগিতায় হারিয়ে দিয়ে আজও টিকে আছে, তারা কি ভবিষ্যতে কোনো অস্তিত্বসংকটে পড়তে পারে?

আরও পড়ুন

আমাদের সবচেয়ে বড় হুমকি কি এই প্রকৃতি, নাকি নিজেদের তৈরি প্রযুক্তি, যুদ্ধ এবং নিজেদের ধ্বংস করার প্রবণতাই আমাদের কাল হবে? মানবসভ্যতার অস্তিত্ব, টিকে থাকার লড়াই এবং ভবিষ্যৎ নিয়ে এমন সব দারুণ প্রশ্নের উত্তর খুঁজতেই বরিশাল শহরে এক বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়েছে।

‘নিয়ানডার্থাল থেকে হোমো স্যাপিয়েন্স: টিকে থাকার গল্প’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজক বিজ্ঞান সংগঠন কসমিক কালচার। আগামী ৪ সেপ্টেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল শহরের সৃজনশীল বইয়ের দোকান বনলতা বুক ক্যাফেতে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা হিসেবে থাকবেন বিজ্ঞানবক্তা, লেখক এবং মহাবৃত্ত পত্রিকার সম্পাদক আসিফ। স্লাইড ও তথ্যচিত্রের সাহায্যে তিনি মজার সব বৈজ্ঞানিক তথ্য তুলে ধরবেন।

বক্তৃতা শেষে সবার জন্য থাকবে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বিজ্ঞানমনস্ক তরুণ, শিক্ষার্থী, শিক্ষকসহ যেকোনো বিজ্ঞানপ্রেমী এই আয়োজনে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানটির সহ-আয়োজক হিসেবে থাকছে বনলতা বুক ক্যাফে। সার্বিক সহযোগিতায় আছে বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্ট এবং অনলাইন বিজ্ঞান বুকশপ চন্দ্রদ্বীপ ডট কম। বনলতা বুক ক্যাফে থেকে সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে। চাইলে ঘরে বসে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন এই লিংক থেকে: chandradeep.com

বিস্তারিত জানতে ফোন করুন ০১৯১৪৪৩৪৩৮০ বা ০৯৬১১৪৩৩২৮২ নম্বরে।

আরও পড়ুন