আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশের ছয় শিক্ষার্থী
২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬) শুরু হচ্ছে। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় আগামী ২ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। বিশ্বের প্রায় ৫০টি দেশের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নেবে।
এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ছয় সদস্যের একটি দল। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে আয়োজিত ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড থেকে বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে দলটি।
এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্যরা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এস.এফ.এক্স. গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহ্রা ইসলাম সমৃদ্ধি ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির।
দলের প্রধান দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক এবং এসপিএসবির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে রয়েছেন বিডিজেএসওর সমন্বয়ক মো. রেজাউল ইসলাম এবং একাডেমিক সমন্বয়ক ফারজানা আক্তার। আগামী ২৯ নভেম্বর সোফিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
এবারের বিডিজেএসওর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় গত ২৮ আগস্ট রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়।
১২তম বিডিজেএসওর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণে সহযোগিতা করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংক। প্লাটিনাম স্পনসর হিসেবে ছিল আনিসুল হক ফাউন্ডেশন। এ ছাড়া সহযোগিতায় ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, ম্যাসল্যাব, রকমারি ডটকম, এসিআই অদম্য মেধাবী ও আইইউবিএটি। মিডিয়া ও ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টিভি, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।