চট্টগ্রামে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্‌যাপিত

গত ১০ ও ১১ অক্টোবর চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় মহাকাশ সপ্তাহ।ফাইল ছবি

চট্টগ্রামে উদ্‌যাপিত হলো দুই দিনের বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০২৫। প্রতিবছর অক্টোবরের ৪-১০ অক্টোবর বিশ্বব্যাপী এই মহাকাশ সপ্তাহ উদ্‌যাপিত হয়। গত ১০ ও ১১ অক্টোবর চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় এই মহাকাশ সপ্তাহ।

১০ অক্টোবর এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। এরপর একে একে নানা বিষয়ে সেশন নেন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্সি স্কুলের সিনিয়র ক্যাম্পাস পদার্থবিজ্ঞান শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলাম ও আলওয়ান মধু এবং জাদুঘর ও গবেষণা কেন্দ্রের রিসার্চ অ্যাসোসিয়েট সৈয়দ মোহাম্মদ মঈনুল আনোয়ার। সবার জন্য উপহার হিসেবে সৈয়দ মোহাম্মদ মঈনুল আনোয়ার সুন্দরী গাছ এবং মধু নিয়ে আসেন। প্রথম দিন শেষ হয় রাতে আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে। সেদিন রাতে দূরবীন এবং কসমিক এনিগমা ক্লাবের সাহায্যে আনা হয় অ্যাডভান্সড ইউনিস্টেলার ইকুইনক্স ও সেলেস্টেরন ইকিউ ১২৫ পাওয়ারসিকার টেলিস্কোপ।

আরও পড়ুন
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আয়োজিত হয় সেশন, কুইজ ও সমাপনী অনুষ্ঠান
ফাইল ছবি

অনুষ্ঠানটির দ্বিতীয় দিন শুরু হয় চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি বিশ্বজিৎ কর্মকারের কম্পিউটেশনাল অ্যাস্ট্রোফিজিকস সম্পর্কিত সেশনের মাধ্যমে। এরপরে স্টার ম্যাপ নিয়ে হ্যান্ডস অন সেশন নেন চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি নুশরাত মাহজাবীন। পরে স্পেস ইঞ্জিনিয়ারিংয়ে গণিতের প্রয়োগ নিয়ে সেশন নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক রাজীব কর্মকার। পানির উত্পত্তি ও পানির সঙ্গে মহাকাশে জীবনের সন্ধান পাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে সেশন নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. কে. এম. রেজাউর রহমান। সবশেষে কসমোলজির পেছনের গণিত নিয়ে সেশন নেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক এবং চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উপদেষ্টা উজ্জ্বল কুমার দেব।

এরপর শুরু হয় কুইজ। পরে অ্যাটমিক এনার্জি সেন্টারের ডিরেক্টর শাহাদাত হোসেনের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন অতিথি ও কুইজের বিজয়ীরা।

বিশ্ব মহাকাশ সপ্তাহের এই আয়োজনের মাধ্যমে মিলিত হয় জ্যোতির্বিজ্ঞানপ্রেমী অনেক মানুষ। তরুণ প্রজন্মের মাঝে বৃদ্ধি পায় জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ অনুসন্ধানের প্রতি আগ্রহ ও কৌতূহল। চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিশ্বাস, বিজ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং মহাকাশপ্রেমীদের পথপ্রদর্শনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন