তোমার সঙ্গে পরিচয় অতি ক্ষণিকের। কয়েক মাস আগেও জানতাম না যে তুমি বিজ্ঞানচিন্তা নামক সব্যসাচী আছ। আমার বন্ধু জোবায়ের তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ও আমাকে বলল, তুমি নাকি অনেক ভালো বিজ্ঞান বোঝাও। বন্ধুর মুখে শুনে তোমাকে খুঁজতে বের হলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে। পুরো কুড়িগ্রাম দশবার ঢুঁ মারলাম, কিন্তু তোমাকে পেলাম না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মানে, তোমার কথা প্রথম শুনেই প্রেমে পড়েছি।
আমার বন্ধু তোমার ফেসবুক আইডি পাঠিয়ে দিল। তোমার ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাসগুলোই পড়তে শুরু করলাম। তাতে তোমার প্রতি আরও আগ্রহ বাড়তে থাকল। কিন্তু তোমাকে কাছ থেকে ছুঁয়ে দেখা হলো না। তোমাকে ছুঁতে হলে যেতে হবে সুদূর রংপুরে। কারণ, কুড়িগ্রামের লাইব্রেরিগুলোয় বিজ্ঞানচিন্তা পাওয়া যায় না। পরে ভাবলাম তোমার একটু কাছে গিয়েই দেখি তুমি বাস্তবে কী রকম। তাই শুরু করতে যাচ্ছি তোমাকে নিয়ে ফোরাম। তোমাকে শুরু করতে আমি পদক্ষেপ নিয়েছি। তোমাকে ছুঁয়ে দেখার জন্য, তোমাকে নিয়ে কাজ করার জন্য সহযোগিতায় আছে তোমার অনেক আগের বন্ধু ইমরান ভাইয়া। তুমি অপেক্ষায় থাকো, তোমার সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে।