সমুদ্র ও সমুদ্রতলের রহস্য এখনো আমাদের কাছে এক গভীর ধাঁধা। বলা হয়, আমরা সমুদ্রের তলদেশের চেয়ে মহাকাশ সম্পর্কে বেশি জানি! কারণ সমুদ্রের গভীরতায় বিশাল জলের চাপ থাকে এবং প্রযুক্তিগতভাবে সেখানে অনুসন্ধান চালানো বেশ কঠিন। বিজ্ঞানের অনেক উন্নতি হলেও সমুদ্রের এমন কিছু রহস্য আছে, যেগুলোর উত্তর আজও বিজ্ঞানীদের অজানা। সেগুলো সংক্ষেপে জানার চেষ্টা করব এই লেখায়।
১. পৃথিবীর এত পানি এল কোথা থেকে
পৃথিবীর প্রায় ৭০ শতাংশই পানি। কিন্তু এত বিপুল পরিমাণ পানি কোথা থেকে এল, তা নিয়ে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন। কিছু বিজ্ঞানীর ধারণা, পৃথিবী যখন গঠিত হচ্ছিল, তখন থেকেই এই পানি ছিল। আবার অনেকের মতে, পৃথিবী সৃষ্টির অনেক পরে আছড়ে পড়া গ্রহাণু ও ধূমকেতুগুলো এই পানি বয়ে এনেছে। গবেষকেরা এখনো এই রহস্যের সঠিক উত্তর খুঁজছেন।
২. ওর্কা কেন হাঙর শিকার করছে
দক্ষিণ আফ্রিকার উপকূলে ২০১৭ সাল থেকে আশ্চর্যজনক এক ঘটনা ঘটে চলেছে। সেখানে গ্রেট হোয়াইট শার্ক বা বড় হাঙরদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিটিরই লিভার নিখোঁজ! গবেষকেরা লক্ষ করেছেন, দুটি পুরুষ ওর্কা এই কাণ্ড ঘটাচ্ছে। ওর্কারা হাঙরকে উল্টো করে ফেললে হাঙর ট্রান্স বা একধরনের সম্মোহিত অবস্থায় চলে যায় এবং সাময়িকভাবে স্থির হয়ে থাকে। এরপর ওর্কারা নিখুঁতভাবে হাঙরের লিভার বের করে খেয়ে ফেলে। কিন্তু ওর্কারা কেন হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ শুরু করেছে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
কিছু বিজ্ঞানীর ধারণা, পৃথিবী যখন গঠিত হচ্ছিল, তখন থেকেই এই পানি ছিল। আবার অনেকের মতে, পৃথিবী সৃষ্টির অনেক পরে আছড়ে পড়া গ্রহাণু ও ধূমকেতুগুলো এই পানি বয়ে এনেছে।
৩. ইয়োনাগুনি মনুমেন্ট কীভাবে তৈরি হলো
জাপানের ইয়োনাগুনি দ্বীপের কাছে সমুদ্রের তলদেশে এক অদ্ভুত পাথরের স্থাপনা পাওয়া গেছে, যা ইয়োনাগুনি মনুমেন্ট নামে পরিচিত। এটি দেখলে মনে হয়, বহু পুরোনো কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। কিছু বিজ্ঞানী মনে করেন, এটি মানুষেরই তৈরি।
আবার অনেকেই মনে করেন, এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট শিলার এক অনন্য গঠন। এই রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে।
৪. সমুদ্রের অদ্ভুত শব্দগুলো কোথা থেকে আসে
সমুদ্রের তলদেশে বিভিন্ন অদ্ভুত শব্দ রেকর্ড করা হয়। যেমন নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখান থেকে আসা অনবরত বাড়তে থাকা একধরনের সুর, কিংবা কানাডার উত্তরাঞ্চলের সমুদ্রের এক রহস্যময় শব্দ, যার নাম দেওয়া হয়েছে দ্য পিং। এ ছাড়া ১৯৯৭ সালে রেকর্ড হওয়া এক ভীষণ জোরালো শব্দ অনেক দিন ধরেই রহস্য হয়ে ছিল, যার নাম দ্য ব্লুপ। তবে পরে গবেষণায় জানা গেছে, এটি মূলত বিশাল বরফখণ্ড ভাঙার শব্দ হতে পারে।
৫. সমুদ্রের তলদেশে আসলে কী আছে
সমুদ্রের তলদেশে ঠিক কী আছে বা এর গঠন কেমন, তা আজও আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। স্যাটেলাইটের তথ্য থেকে সমুদ্রের সাধারণ একটি মানচিত্র বা ধারণা পাওয়া গেলেও এখন পর্যন্ত সমুদ্রতলের অর্ধেকেরও কম অংশের উচ্চ-রেজ্যুলেশনের নিখুঁত মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে। সম্পূর্ণ মানচিত্র তৈরি করা গেলে তা সমুদ্রের স্রোত, জলবায়ু পরিবর্তন, ভূপৃষ্ঠের ইতিহাস, এমনকি ভূতাত্ত্বিক তথ্য জানতে বড় ভূমিকা রাখতে পারে।
নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখান থেকে আসা অনবরত বাড়তে থাকা একধরনের সুর, কিংবা কানাডার উত্তরাঞ্চলের সমুদ্রের এক রহস্যময় শব্দ, যার নাম দেওয়া হয়েছে দ্য পিং।
৬. সমুদ্রের প্লাস্টিক কোথায় যায়
প্রতিবছর প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক সমুদ্রে গিয়ে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা জানি এর মাত্র একটি ক্ষুদ্র অংশই সমুদ্রপৃষ্ঠে ভেসে বেড়াচ্ছে। তাহলে বাকি প্লাস্টিক কোথায় যাচ্ছে? এই প্রশ্নের এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। কিছু প্লাস্টিক খুব দ্রুত ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে সামুদ্রিক প্রাণীদের শরীরে প্রবেশ করছে ঠিকই, কিন্তু বিশাল বড় একটি অংশ কোথায় তলিয়ে যাচ্ছে, তা এখনো অজানা।
৭. কিছু প্রাণী কেন আলো ছড়ায়
সমুদ্রের গভীরে অনেক প্রাণী নিজেদের শরীর থেকে আলো তৈরি করতে পারে। এই ক্ষমতাকে বলা হয় বায়োলুমিনেসেন্স।
সাধারণত সঙ্গী খুঁজতে, শিকারকে আকৃষ্ট করতে বা শত্রুকে বিভ্রান্ত করতে এরা এই আলো ব্যবহার করে। গভীর সমুদ্রের প্রায় ৯০ শতাংশ প্রাণীই এই আলো তৈরির ক্ষমতা রাখে। কিন্তু কেন তারা এই বিশেষ ক্ষমতা পেল, বিজ্ঞান এখনো সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি।