চাঁদে মানুষ কতটুকু আবর্জনা ফেলে এসেছে
১৯৫৯ সালে সোভিয়েত ইউনিয়নের ‘লুনা ২’ নভোযানটি চাঁদের মাটিতে আছড়ে পড়ে। এটিই ছিল চাঁদে পৌঁছানো মানুষের তৈরি প্রথম কোনো বস্তু। এরপর থেকে মানুষ চাঁদে ১৪০টিরও বেশি অভিযান চালিয়েছে। এসব অভিযানে চাঁদে পা রেখেছেন ১২ জন মানুষ, পাঠানো হয়েছে চাঁদে চলার উপযোগী সাতটি গাড়ি বা লুনার রোভার। পাশাপাশি সেখানে জমা হয়েছে প্রায় ১ লাখ ৮৭ হাজার কিলোগ্রাম পরিত্যক্ত জিনিসপত্র। এগুলোর ওজন একটি বিশাল বোয়িং ৭৪৭ যাত্রীবাহী বিমানের সমান।
তবে চাঁদে পড়ে থাকা এই পরিত্যক্ত জিনিসগুলোর সবই যে কেবল অপ্রয়োজনীয় মহাকাশীয় আবর্জনা, তা কিন্তু নয়। বরং এগুলোর মধ্যে এমন কিছু সামগ্রী রয়েছে, যা ভবিষ্যতের চন্দ্র অভিযানে বিজ্ঞানীদের বেশ কাজে আসতে পারে।
পাশাপাশি চাঁদে জমা হয়েছে প্রায় ১ লাখ ৮৭ হাজার কিলোগ্রাম পরিত্যক্ত জিনিসপত্র। এগুলোর ওজন একটি বিশাল বোয়িং ৭৪৭ যাত্রীবাহী বিমানের সমান।
চাঁদে পড়ে থাকা বর্জ্যের বড় অংশই পুরনো ল্যান্ডিং গিয়ার
ইউরোপীয় মহাকাশ সংস্থার ইসার বিজ্ঞান কর্মকর্তা এইডান কাউলি জানান, চাঁদে পড়ে থাকা আবর্জনার একটি বড় অংশ হলো আগের চন্দ্রাভিযানগুলোতে ব্যবহৃত পুরনো ল্যান্ডিং গিয়ার বা অবতরণ যন্ত্র। নাসার অ্যাপোলো মিশনের মতো শুরুর দিকের অভিযানগুলোতে যেসব লুনার মডিউল বা চন্দ্রযান ব্যবহার করা হতো, সেগুলো একবারের বেশি ব্যবহার করা যেত না। ফলে যানগুলো চাঁদে নামার পর অভিযান শেষে এর ওপরের অংশটি চাঁদের কক্ষপথে ফিরে গিয়ে মূল যানের সঙ্গে যুক্ত হতো এবং নভোচারীদের নিয়ে পৃথিবীতে ফিরে আসত। ফলে যানটির নিচের ভারী অংশটি চাঁদের মাটিতেই চিরতরে থেকে যেত।
চাঁদে রয়ে গেছে লুনার রোভারও
চাঁদের মাটি ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করার জন্য পাঠানো লুনার রোভার বা বিশেষ গাড়িগুলোও চাঁদে আবর্জনার স্তূপ বাড়াচ্ছে। এর মধ্যে যেমন রয়েছে চীনের রোভার ইউতু। এটি টানা ৩১ মাস ধরে পৃথিবীতে তথ্য পাঠানোর পর অচল হয়ে যায়। তেমনি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাশিদ রোভারের মতো কিছু যান, যেগুলো চাঁদে নামতে গিয়ে বিধ্বস্ত হয়েছিল।
১৯৭১ সালের ৩১ জুলাই নভোচারী ডেভিড আর. স্কট এই ছবিটি তোলেন। ছবিতে দেখা যাচ্ছে, অ্যাপোলো ১৫ মিশনের পাইলট জেমস বি. আরউইন চাঁদের হ্যাডলি-অ্যাপেনাইন এলাকায় একটি লুনার রোভারের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। এটি ছিল অ্যাপোলো ১৫ অভিযানে নভোচারীদের যানের বাইরে এসে কাজ করার প্রথম মুহূর্ত।
ইউরোপীয় মহাকাশ সংস্থার ইসার বিজ্ঞান কর্মকর্তা এইডান কাউলি জানান, চাঁদে পড়ে থাকা আবর্জনার একটি বড় অংশ হলো আগের চন্দ্রাভিযানগুলোতে ব্যবহৃত পুরনো ল্যান্ডিং গিয়ার বা অবতরণ যন্ত্র।
চাঁদে পড়ে থাকা অন্যান্য বর্জ্য
চাঁদে পড়ে থাকা অন্য জিনিসগুলোর মধ্যে রয়েছে নানা রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি, টুলবক্স এবং বিশেষ কিছু যন্ত্র। এগুলো কোনো দুর্ঘটনা বা ভুলবশত চাঁদে পড়ে যায়নি। বরং বিজ্ঞানীরা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে এগুলোকে ইচ্ছাকৃতভাবে চাঁদের মাটিতে আছড়ে ফেলেন। চাঁদের খুব কাছ থেকে ছবি তোলা কিংবা গবেষণার জন্য চাঁদের মাটি ও পাথর ওপরে উড়িয়ে পরীক্ষা করাই হলো এসব যন্ত্র পাঠানোর আসল কাজ।
চাঁদের জনশূন্য ও রুক্ষ মাটির ছবি দেখলে আমাদের মনে হতে পারে, সেখানে ফেলে আসা জিনিসগুলো হয়তো বছরের পর বছর একদম অক্ষত অবস্থায় পড়ে থাকে। কিন্তু বাস্তবতা মোটেও তেমন নয়।
চাঁদের পরিবেশে জিনিসগুলোর টিকে থাকা কঠিন
চাঁদের আবহাওয়া ও পরিবেশ ভীষণ প্রতিকূল। বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটিতে সব সময় মাইক্রোমিটিওরাইট বা অতি ক্ষুদ্র উল্কাপিণ্ডের আঘাত চলতে থাকে। মহাকাশ থেকে ছুটে আসা পাথরের এই ছোট ছোট টুকরোর আঘাতের পাশাপাশি তীব্র তেজস্ক্রিয় বিকিরণ, সূর্যের সরাসরি আলো এবং তাপমাত্রার বিশাল ওঠানামাসহ সেখানে পড়ে থাকা জিনিসগুলো ধীরে ধীরে ক্ষয়ে ও নষ্ট হয়ে যায়।
১৯৬৯ সালে নভোচারী নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের মাটিতে যে বিখ্যাত আমেরিকান পতাকাটি পুঁতেছিলেন, সূর্যের প্রখর আলো ও বিকিরণে সেটির রং জ্বলে গিয়ে এতদিনে হয়তো প্রায় সাদা হয়ে গেছে।
চাঁদের আবহাওয়া ও পরিবেশ ভীষণ প্রতিকূল। বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটিতে সব সময় মাইক্রোমিটিওরাইট বা অতি ক্ষুদ্র উল্কাপিণ্ডের আঘাত চলতে থাকে।
চাঁদে পড়ে থাকা কিছু বর্জ্য কাজে আসতে পারে
তবে নষ্ট বা ক্ষয়ে যাওয়া এসব জিনিসপত্রের কিছু অংশ ভবিষ্যতের চন্দ্র অভিযানে বিজ্ঞানীদের দারুণ কাজে আসতে পারে। চাঁদে পড়ে থাকা মানুষের তৈরি এসব পুরনো যন্ত্রপাতি পরীক্ষা করে দেখা সম্ভব যে, চাঁদের প্রতিকূল পরিবেশ কীভাবে এগুলোর গঠন বদলে দেয়। ফলে ভবিষ্যতে মানুষ যখন চাঁদে বসবাস শুরু করবে, তখন তাদের ব্যবহৃত সৌরশক্তি চালিত যন্ত্রগুলো সহজে নষ্ট হবে না।
ভবিষ্যতের চন্দ্রাভিযানে বর্জ্য কম হতে পারে
আগামী পাঁচ বছরের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে নাসা ও চীনের মহাকাশ সংস্থা। এর আগে চাঁদের মাটিতে আরও কিছু যন্ত্রপাতি জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতের এই অভিযানগুলোতে চাঁদে বর্জ্য অনেক কম জমা হবে বলেই আশা করা হচ্ছে।
বর্তমান সময়ে এমন মহাকাশযান তৈরির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, যেগুলো বারবার ব্যবহার করা সম্ভব। অর্থাৎ, পুরো যানটি একসঙ্গে চাঁদে নামবে ও অভিযান শেষে আবার একসঙ্গেই উড্ডয়ন করে ফিরে আসবে। স্পেসএক্সের স্টারশিপ হিউম্যান ল্যান্ডিং সিস্টেমের মতো তৈরি হতে থাকা আধুনিক মহাকাশযানগুলোতে এই পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
আগামী পাঁচ বছরের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে নাসা ও চীনের মহাকাশ সংস্থা। এর আগে চাঁদের মাটিতে আরও কিছু যন্ত্রপাতি জমা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মহাকাশের আবর্জনা পুনরায় ব্যবহারের পরিকল্পনা
চাঁদে যদি নতুন করে আর কোনো যন্ত্রপাতি জমা নাও হয়, তবুও ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসার) সেখানে পড়ে থাকা পুরনো বর্জ্যগুলো পুনরায় ব্যবহারের পরিকল্পনা করছে। এমন একটি প্রকল্পে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে চাঁদের পরিত্যক্ত ধাতব টুকরোগুলো দিয়ে নতুন প্রয়োজনীয় জিনিস তৈরির সম্ভাবনা যাচাই করা হয়েছে। তবে এ ক্ষেত্রে চাঁদের ধূলিকণা বা রেগোলিথের বিষয়টি মাথায় রাখতে হবে। চাঁদের পাথুরে পৃষ্ঠের এই অতিসূক্ষ্ম ও ধারালো ধূলিকণা যন্ত্রপাতির জন্য বড় বিপদ তৈরি করতে পারে।
আবার অনেক চন্দ্রযানের বাইরের কাঠামো তৈরি হয় হালকা ওজনের অ্যালুমিনিয়াম দিয়ে। ঘনীভূত সূর্যালোক বা সৌরশক্তি ব্যবহার করে এই অ্যালুমিনিয়াম গলিয়ে সহজেই কাজে লাগানো সম্ভব।
তবে পৃথিবী থেকে নতুন জিনিস বয়ে নিয়ে যাওয়া কিংবা চাঁদের মাটি খুঁড়ে খনিজ বের করার বদলে, পৃথিবীতে যেভাবে পুরনো জিনিস রিসাইকেল বা পুনর্ব্যবহার করা হয়, ঠিক সেভাবেই চাঁদে পড়ে থাকা পুরনো যন্ত্রপাতিগুলো নতুন করে ব্যবহার করার কথা ভাবছেন বিজ্ঞানীরা।
ভবিষ্যতে মানুষ যদি চাঁদে বসবাস শুরু করে, তাহলে আজকের এই পরিত্যক্ত আবর্জনাগুলোই তাদের কাছে অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে।