মানুষ এখন ৪০ বছর আগের তুলনায় দ্রুত হাঁটে, কেন জানেন
গবেষণায় দেখা গেছে, আজকের দিনে মানুষ ৪০ বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত হাঁটে। বিশেষ করে বড় ও ব্যস্ত শহরগুলোতে দ্রুত হাঁটার এই গড় আগের চেয়ে অনেক বেশি।
গবেষকেরা বিশ্বের বিভিন্ন বড় শহরে পথচারীদের হাঁটার গতি পর্যবেক্ষণ করেন। নির্দিষ্ট একটি দূরত্ব অতিক্রম করতে একজন মানুষের কত সময় লাগছে, তা মাপা হয়। এরপর সেই তথ্য আগের দশকগুলোর গবেষণার ডেটার সঙ্গে তুলনা করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন।
বেশির ভাগ শহরেই মানুষের হাঁটার গতি আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থাৎ আধুনিক জীবনে মানুষ আগের চেয়ে অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে চলাফেরা করছে। এককথায় বলতে গেলে, মানুষের জীবনের গতি বাড়ার কারণেই হাঁটার গতিও পাল্লা দিয়ে বেড়েছে। কিন্তু কেন মানুষ দ্রুত হাঁটছে? গবেষকদের মতে, এর পেছনে মূলত তিনটি কারণ থাকতে পারে:
ব্যস্ত জীবনযাপন: আধুনিক শহুরে জীবন অনেক বেশি দ্রুতগতির। কাজের চাপ, সময়ের অভাব এবং দৈনন্দিন নানা দায়িত্ব মানুষকে দ্রুত চলতে বাধ্য করছে।
অর্থনৈতিক উন্নয়ন: যেসব শহর অর্থনৈতিকভাবে বেশি উন্নত, সেসব জায়গায় জীবনের গতিও সাধারণত দ্রুত হয়। কারণ, সেখানে সময় ও টাকা একে অপরের সমানুপাতিক। তাই মানুষ সময় বাঁচাতে যত দ্রুত সম্ভব হাঁটার চেষ্টা করে।
শহরের পরিবেশ: অতিরিক্ত ভিড়, যানজট এবং যেকোনো মূল্যে সময় বাঁচানোর মানসিকতা মানুষকে দ্রুত হাঁটার এই অভ্যাস গড়ে তুলতে সাহায্য করছে।
আধুনিক জীবনে মানুষ আগের চেয়ে অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে চলাফেরা করছে। এককথায় বলতে গেলে, মানুষের জীবনের গতি বাড়ার কারণেই হাঁটার গতিও পাল্লা দিয়ে বেড়েছে।
দ্রুত হাঁটা কি ভালো
দ্রুত হাঁটার কিছু ইতিবাচক দিক অবশ্যই রয়েছে। যেমন, এটি শারীরিকভাবে বেশ উপকারী। হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এবং শরীরের ফিটনেস বজায় রাখতে সাহায্য করে।
তবে এটি আধুনিক জীবনের মানসিক চাপ ও তাড়াহুড়োর একটি প্রতিফলনও হতে পারে। আধুনিক পৃথিবীতে জীবনের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মানুষের হাঁটার গতিও। এটি একদিকে যেমন একটি স্বাস্থ্যকর অভ্যাসের ইঙ্গিত দেয়, তেমনি অন্যদিকে আমাদের ব্যস্ত ও চাপপূর্ণ জীবনযাপনের বাস্তব চিত্রও তুলে ধরে।