দূরবিনের অভিনব কল্পগল্প প্রতিযোগিতা
আয়োজিত হতে যাচ্ছে উইমেন অ্যান্ড গার্লস ইন অ্যাস্ট্রোনমি ২০২৬। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অফিস ফর অ্যাস্ট্রোনমি আউটরিচের উদ্যোগে দূরবিন আয়োজন করছে বেশ কিছু অনলাইন ও অফলাইন ইভেন্ট। এই ধারাবাহিকতায় কল্পগল্প ও ফ্যান্টাসিধর্মী ছোটগল্প প্রতিযোগিতার আয়োজন করছে সংগঠনটি। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘দূরের গল্প’।
এবারের প্রতিযোগিতার মূল থিম জ্যোতির্জীববিজ্ঞান। পৃথিবী ছাড়া মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে কাজ করে বিজ্ঞানের এই শাখাটি। তবে গল্প লিখলেই হবে না, মানতে হবে কিছু বিশেষ শর্ত। গল্পের প্রেক্ষাপট হতে হবে বর্তমানে আবিষ্কৃত কোনো এক্সোপ্ল্যানেট। নাসার এক্সোপ্ল্যানেট ক্যাটালগ থেকে খুঁজে বের করতে হবে গল্পের উপযোগী একটি গ্রহ। সেই গ্রহের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে তৈরি করতে হবে কাল্পনিক প্রাণীর চরিত্র।
সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে নির্দিষ্ট গুগল ফর্মের মাধ্যমে গল্প জমা দিতে হবে। গল্পের ভাষা হতে হবে শুদ্ধ বাংলা এবং শব্দসীমা ৬০০ থেকে ৩০০০-এর মধ্যে। ফন্ট ও ফরম্যাট হতে হবে ইউনিকোড। ফন্টের সাইজ ১১। গল্পটি অবশ্যই মৌলিক হতে হবে; আগে কোথাও প্রকাশিত হলে তা গ্রহণযোগ্য হবে না। কেউ যদি লেখার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করেন, তবে গল্পের শেষে একটি প্যারাগ্রাফে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে কোন কাজে এবং কোন টুল ব্যবহার করা হয়েছে।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে রয়েছেন কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর পোস্টডক্টরাল গবেষক সৈয়দা লামমীম আহাদ এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের রিসার্চ ফ্যাকাল্টি শাহ মোহাম্মদ বাহাউদ্দিন। গল্পগুলো ১০০ নম্বরের ভিত্তিতে যাচাই করা হবে। এর মধ্যে বৈজ্ঞানিক ভিত্তি ও থিমের জন্য ৩০ শতাংশ নম্বর, সৃজনশীলতায় ২৫ শতাংশ, কাহিনি নির্মাণ বা প্লটে ২০ শতাংশ, সাহিত্যমান ও ভাষায় ১৫ শতাংশ এবং নির্দেশিকা অনুসরণে ১০ শতাংশ নম্বর বরাদ্দ থাকবে।
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম থেকে তৃতীয় পুরস্কারপ্রাপ্ত সবাই পাবেন সার্টিফিকেট এবং দূরবিনের ভলান্টিয়ারদের তোলা গ্যালাক্সি, নেবুলা বা সৌরজাগতিক বস্তুর ফ্রেমে বাঁধানো ছবি। বিচারকদের রায়ে ৯০ শতাংশ বা তার ওপরে নম্বরপ্রাপ্তরা প্রথম, ৮০-৮৯ শতাংশ নম্বরপ্রাপ্তরা দ্বিতীয় এবং ৭০-৭৯ শতাংশ নম্বরপ্রাপ্তরা তৃতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন। এ ছাড়া সেরা লেখাগুলো দূরবিনের ওয়েবসাইটের ‘দূরের গল্প’ সেকশনে প্রকাশ করা হবে।
আগামী ৫ মার্চ ফলাফল ঘোষণা করা হবে এবং ৭ মার্চ দুপুর ১২টায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের কাসা সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। ইভেন্টের বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন এই লিংকে: cassa.site/durbin/ অথবা ফেসবুক পেজ: facebook.com/durbin.cassa