মহাকাশ অভিযানে শিশুদের রোবট
প্রযুক্তির হাত ধরে শিশু-কিশোররা এখন রোবট তৈরি করছে নানা কাজে! আর রোবট তৈরির একটি অসাধারণ প্ল্যাটফর্ম হলো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)। প্রতি বছর বিশ্বের হাজারও শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। রোবট বানিয়ে বাস্তব জীবনের জটিল সমস্যার সমাধান করে। ২০১৭ সালে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বাংলাদেশে এই প্রতিযোগিতার জাতীয় পর্ব আয়োজনের লাইসেন্স পায়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দল নির্বাচন করতে ২০১৮ সাল থেকে শুরু হয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। সেই প্রতিযোগিতাই এ বছর আইআরও-এর নির্দেশনা অনুযায়ী আয়োজিত হবে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ নামে।
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এবারের মূল থিম ‘স্পেস রোবট’। অর্থাৎ এমন রোবট বানাতে হবে যা মহাকাশে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করতে আয়োজিত হবে তিনটি সেগমেন্ট—ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং। অপরদিকে বাংলাদেশ পর্বে রোবটিকসে নতুন শিক্ষার্থীদের উৎসাহ দিতে রোবটিকস কুইজ নামে বিশেষ একটি কুইজ প্রতিযোগিতাও থাকবে। তবে এর সঙ্গে আইআরও-এর কোনো সম্পর্ক নেই।
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এবারের মূল থিম ‘স্পেস রোবট’। এই অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়—বন্ধুত্ব, উদ্ভাবন আর কল্পনাশক্তিকে বাস্তবে রূপ দেওয়ার মঞ্চ।
এই মুহূর্তে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে নিবন্ধন চলছে। আগামী ২০ আগস্টের মধ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। এরপর ২৯-৩০ আগস্ট প্রথমে অনলাইনে একটি প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ পর্ব।
এই অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়—বন্ধুত্ব, উদ্ভাবন আর কল্পনাশক্তিকে বাস্তবে রূপ দেওয়ার মঞ্চ। তুমি চাইলে প্রস্তুতি নিতে শুরু করতে পারো আরডুইনো কিংবা ইএসপি৩২-এর মতো কোনো ডেভেলপমেন্ট বোর্ডের সাহায্যে। বই পড়ে বা অনলাইন রিসোর্স থেকে বিভিন্ন সেন্সর, মোটর বা আউটপুট ডিভাইস নিয়েও শিখতে পারো। পাশাপাশি এ বছরের মূল থিম ‘স্পেস রোবট’ নিয়ে ভালো করে রিসার্চ করতে ভুলো না।
ভেন্যুতে তোমাকে তাৎক্ষণিক স্পেস রোবটের সঙ্গে সম্পর্কিত নির্দিষ্ট কোন সমস্যা দেয়া হবে। একে বলে সাবথিম। এই সাবথিম অনুসরণ করে তাৎক্ষণিক রোবট তৈরি করতে হবে। এ জন্য বাসায় বারবার বিভিন্ন রোবট তৈরির চর্চা করতে থাকো।
বাংলাদেশ দল গত ৭ বছরে ১৪টি গোল্ড মেডেলসহ ৮৩টি পদক অর্জন করেছে। এবার তোমার পালা। যেকোনো তথ্য জানতে ও নিবন্ধন করতে ভিজিট করো bdro.org।