রোবটিকসের অলিম্পিকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ

অক্টোবরে আয়োজিত হতে যাচ্ছে রোবটিকসের অলিম্পিকখ্যাত ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৬ (এফজিসি)। আগামী ৭-১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে আয়োজিত হবে রোবটিকসের এই বিশ্ব আসর। এতে বিশ্বের ১৯৫টি দেশের মধ্য থেকে মোট ১৯০টি দেশ অংশ নেবে। দশমবারের মতো এতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দলও।

বাংলাদেশ দলের নির্বাচিত সদস্যরা হলেন মাহরুজ মোহাম্মদ আয়মান, মো. মুহতাসাম মুশাররফ শাফি, মো. ইশমাম শাহরুজ চৌধুরী, সুহানা মান্নান, নূরাজ হোসেন, সারিম আহমেদ, নুজহাত জাহান ও সন্দীপন কুণ্ডু। প্রধান মেন্টর হিসেবে রয়েছেন মোহাম্মদ শামস জাবের। এ ছাড়াও মেন্টর হিসেবে রয়েছেন রায়হান আহমেদ রাহাত, সিফাত সামিয়া ইসলাম, মুহাম্মদ আহসান নাহিয়ান, ফায়েজ আলম রিমন ও তাহা কাইজার দিসাওয়ালা। বাংলাদেশ দল নির্বাচন, প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে দ্য টেক অ্যাকাডেমি।

বাংলাদেশ দলের প্রধান মেন্টর মোহাম্মদ শামস জাবের জানান, ‘ফার্স্ট গ্লোবাল সাধারণ কোনো রোবটিকস প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের ১৯০টি দেশের রোবটিকসের শিক্ষার্থী ও মেন্টরদের মিলনমেলা। তাই এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য পারস্পরিক সহযোগিতা, নতুন নতুন জিনিস শেখা এবং গোটা বিশ্বের প্রায় সবগুলো দেশের মানুষের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের দারুণ এক সুযোগ।’

আরও পড়ুন

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো এই বিশ্ব আসরে যোগ দেয় বাংলাদেশ। ২০২০ সালের বিশ্ব আসরে ১৭৪টি দেশের লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় তারা। সেবারের আসরটি অবশ্য অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪ সালে রৌপ্যপদক পেয়েছে বাংলাদেশ। এ ছাড়াও ২০১৯ ও ২০২১ সালে প্রথম দশে জায়গা করে নিয়েছিল দলটি। সেই ধারাবাহিকতায় এবারও টিম বাংলাদেশ ভালো ফলাফল করবে বলে আশা করা যায়।

এ বছরের এফজিসির প্রতিপাদ্য হচ্ছে ‘ইগনাইটিং ইনোভেশন: ফোকাসিং অন ওয়াইল্ডফায়ার প্রিভেনশন, মিটিগেশন অ্যান্ড রিকভারি’। অর্থাৎ প্রযুক্তির সাহায্যে দাবানলের আগুন প্রতিরোধ, নিবারণ এবং কমিয়ে আনা।

এ জন্য টিম বাংলাদেশ এবার একটি শ্যুটার রোবট বানাচ্ছে, যেটি দূর থেকে কার্বন ডাই-অক্সাইডযুক্ত বল ছুড়ে দিতে পারবে। এর মাধ্যমে দূর থেকে কার্বন ডাই-অক্সাইড ছুড়ে দেওয়া যাবে বনের দূরপ্রান্তে এবং বনের ভেতরে না ঢুকেই আগুন নিভিয়ে ফেলা যাবে।

ইতিমধ্যেই এই আয়োজনে টিম বাংলাদেশের সঙ্গে সিলভার স্পনসর হিসেবে যুক্ত হয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান উল্কাসেমি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে দ্য টেক অ্যাকাডেমি।

আরও পড়ুন