কোয়ান্টাম জগৎ: কোয়ান্টাম কণাগুলো দুর্ভেদ্য বাধা ভেদ করে চলে কীভাবে
আমাদের এই চিরায়ত বা সাধারণ জগতে, পর্যাপ্ত শক্তি না থাকলে কোনো জিনিস হাজার চেষ্টা করলেও কোনো বাধা ভেঙে পার হতে পারবে না। যেমন, একটি বাক্সের ভেতর আটকে থাকা সাধারণ কোনো কণা চিরকাল সেই বাক্সেই বন্দী থাকবে। বাক্সের দেয়াল ভেদ করে হঠাৎ জাদুর মতো অন্য পাশে চলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।
ধরা যাক, তুমি একটি ফুটবল পাহাড়ের ঢাল বেয়ে ওপরে গড়িয়ে দিলে। বলটির ভরবেগ যথেষ্ট না হলে সেটি পাহাড়ের অন্য পাশে গড়িয়ে নামতে পারবে না। আবার ধরো, তুমি চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসে আছো। চেয়ারটিকে এমনভাবে পেছনে কাত করলে যে সেটি একটি দেয়ালের দিকে হেলে গেল। দেয়ালটি যদি বেশ শক্তপোক্ত হয়, তাহলে তুমি পেছনের দিকে পড়ে গিয়ে দেয়ালের ভেতর দিয়ে চলে যেতে পারবে না!
তবে ইলেকট্রনের মতো কোয়ান্টাম কণাগুলো সাধারণ পদার্থবিদ্যার নিয়ম ভেঙে এক অসম্ভব শক্তির বাধা পার হয়ে যেতে পারে। এর একটা নির্দিষ্ট সম্ভাবনা সব সময়ই থাকে। একটা কোয়ান্টাম বলকে দেয়ালের দিকে ছুড়ে মারো। তাহলে দেখতে পাবে, মাঝে মাঝে সেটা দেয়াল ভেদ করে সোজা ওপাশে চলে গেছে। অনেকটা হ্যারি পটারের মতো। সে তার ট্রলি নিয়ে প্ল্যাটফর্ম 9¾-এর দেয়ালের ভেতর দিয়ে ছুটে চলে যেত। কোনো কোয়ান্টাম কণার যদি পাহাড় টপকে ওপাশে যাওয়ার মতো পর্যাপ্ত শক্তি না-ও থাকে, তাতেও সমস্যা নেই। সে চাইলে পাহাড়ের ভেতর দিয়েই কোয়ান্টাম টানেল করে চলে যেতে পারে। তারপর ওপারে পৌঁছে যেতে পারে আরও সুন্দর, খোলামেলা জায়গায়!
কোয়ান্টাম কণাদের যেন একটি বিশেষ ক্ষমতা আছে—দুর্ভেদ্য বাধাও ভেদ করে যাওয়ার ক্ষমতা! চিরায়ত জগতে এমন ক্ষমতা থাকলে বিপদে পড়লে পালিয়ে বাঁচার জন্য বেশ কাজে লাগত!
এই কোয়ান্টাম টানেলিং-এর পেছনেও রয়েছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই নীতি বলে, কোনো কোয়ান্টাম কণাকে একটি নির্দিষ্ট জায়গায় থাকা কণা হিসেবে বর্ণনা করা যায় না। বরং তার তরঙ্গ ফাংশন অনুযায়ী কণাটি সম্ভাবনার একটি ঝাপসা মেঘ হিসেবে গোটা স্থানজুড়ে ছড়িয়ে থাকে। এবার সেই ঝাপসা ইলেকট্রন-মেঘ যখন কোনো দেয়ালের কাছে আসে, তখন তার কিছু অংশ সব সময়ই দেয়াল ভেদ করে অন্য পাশেও চলে যেতে পারে। সেটি হলো তরঙ্গ ফাংশনের একেবারে বাইরের, লেজের মতো অংশ। এর মানে হলো, কোয়ান্টাম কণাদের যেন একটি বিশেষ ক্ষমতা আছে—দুর্ভেদ্য বাধাও ভেদ করে যাওয়ার ক্ষমতা! চিরায়ত জগতে এমন ক্ষমতা থাকলে বিপদে পড়লে পালিয়ে বাঁচার জন্য বেশ কাজে লাগত!
একটি বন্দী ইলেকট্রনের দিকে তাকালে দেখা যাবে, কখনো কখনো সেটি শিকল ভেঙে তার বন্দিশালা থেকে বেরিয়ে গেছে। যে জায়গায় তাকে আটকে রাখা হয়েছিল, সেখান থেকেও সে পালিয়ে গেছে। এমনকি তার বন্দিশালার দেয়াল সোজা ভেদ করে চলে গেছে অন্য পাশে।
