বুধ গ্রহ ধারণার চেয়েও দ্রুত ছোট হচ্ছে, কেন

সময়ের সঙ্গে বুধের ভেতরের ধাতব কেন্দ্র ধীরে ধীরে ঠান্ডা হয়েছেছবি: নিউইয়র্ক টাইমস

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ। বৃহস্পতির তুলনায় এটি প্রায় ২৯ গুণ ছোট। পৃথিবীর ব্যাসের প্রায় এক-তৃতীয়াংশ এর আকৃতি। সময়ের সঙ্গে বুধ গ্রহ একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, আগে যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও দ্রুত সংকুচিত হচ্ছে গ্রহটি।

প্রায় ৪৫০ কোটি বছর আগে সৌরজগতের জন্মের সময় বুধ অনেক বেশি উত্তপ্ত ছিল। তখন সৌরজগতে গ্রহগুলোতে নানা ধরনের সংঘর্ষ হচ্ছিল। ধাক্কাধাক্কির মধ্য দিয়ে গ্রহগুলো তৈরি হচ্ছিল। সময়ের সঙ্গে বুধের ভেতরের ধাতব কেন্দ্র ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার সঙ্গে বুধের কেন্দ্র সংকুচিত হয়েছে। পুরো গ্রহের ওপর এর প্রভাব পড়েছে। বুধের পাথুরে পৃষ্ঠে তৈরি হয়েছে নানা ভাঁজ, উঁচু-নিচু রেখা। শুকিয়ে যাওয়া কোনো ফলের খোসায় যেমন ভাঁজ পড়ে, অনেকটা তেমন।

প্রায় ৪৫০ কোটি বছর আগে সৌরজগতের জন্মের সময় বুধ অনেক বেশি উত্তপ্ত ছিল
ছবি: স্টার ওয়াক

আগের গবেষণাগুলোতে ধারণা করা হয়েছিল, তৈরি হওয়ার পর থেকে বুধের আকার এখন পর্যন্ত কয়েক মাইল কমেছে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, আগের হিসাবের তুলনায় বুধ ১০ থেকে ৩০ শতাংশ বেশি দ্রুত সংকুচিত হতে পারে। গবেষকদের হিসাবে, গ্রহটির ব্যাস সর্বোচ্চ ১৪ দশমিক ৫ মাইল পর্যন্ত কমে থাকতে পারে। এটি বুধের বর্তমান প্রায় ১ হাজার ৫১৬ মাইল ব্যাসের প্রায় ১ শতাংশ।

আরও পড়ুন
প্রায় ৪৫০ কোটি বছর আগে সৌরজগতের জন্মের সময় বুধ অনেক বেশি উত্তপ্ত ছিল। তখন সৌরজগতে গ্রহগুলোতে নানা ধরনের সংঘর্ষ হচ্ছিল। ধাক্কাধাক্কির মধ্য দিয়ে গ্রহগুলো তৈরি হচ্ছিল।

গবেষণাটি করেছেন জার্মান অ্যারোস্পেস সেন্টারের ইনস্টিটিউট অব স্পেস রিসার্চের গ্রহবিজ্ঞানী গাকু নিশিয়ামা ও তাঁর সহকর্মীরা। তাঁদের গবেষণাটি প্রকাশিত হয়েছে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স জার্নালে।

বুধ গ্রহের সংকোচন বোঝার জন্য গবেষকেরা নাসার মেসেঞ্জার মহাকাশযানের তোলা ছবি বিশ্লেষণ করেছেন। ২০০৪ সালে মেসেঞ্জার বুধের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় গ্রহটির পৃষ্ঠের অনেক ছবি তুলেছিল। এসব ছবি এবং সাম্প্রতিক সময়ে তৈরি বুধের ত্রিমাত্রিক পৃষ্ঠের মডেল ব্যবহার করে গবেষকেরা গ্রহটির উঁচু-নিচু অংশ, খাঁজ ও দীর্ঘ রেখাগুলো পরীক্ষা করেছেন। কারণ বুধ ছোট হয়ে আসার সময় এর পৃষ্ঠে যে ভাঁজ তৈরি হয়েছে, সেগুলোই গ্রহটি কতটা সংকুচিত হয়েছে তার গুরুত্বপূর্ণ প্রমাণ।

পৃথিবী থেকে বুধের দূরত্ব প্রায় ৯ কোটি ৭০ লাখ মাইল
ছবি: সংগৃহীত

তবে বুধের সংকোচন হিসাব করা বেশ জটিল কাজ। এর পৃষ্ঠের সব জায়গার পরিষ্কার তথ্য পাওয়া যায় না। কোথাও লাভার প্রবাহ পুরোনো ভূ-গঠন ঢেকে গেছে। কোথাও আবার গ্রহাণুর আঘাতে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ। এ কারণে পৃষ্ঠের আসল চেহারা বোঝা যায় না। পৃথিবী থেকে বুধের দূরত্ব প্রায় ৯ কোটি ৭০ লাখ মাইল। ফলে দূর থেকে দেখা পৃষ্ঠের বৈশিষ্ট্য দিয়ে গ্রহটি কতটা ছোট হয়েছে সেটা হিসাব করতে হয়।

আরও পড়ুন
বুধ গ্রহের পৃষ্ঠের সব জায়গার পরিষ্কার তথ্য পাওয়া যায় না। কোথাও লাভার প্রবাহ পুরোনো ভূ-গঠন ঢেকে গেছে। কোথাও আবার গ্রহাণুর আঘাতে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ।

বিভিন্ন উৎস থেকে বুধের পৃষ্ঠে যা দেখা গেছে, গবেষকেরা তার ওপর নির্ভর করে হিসাব করেছেন। তাই ঠিক কতটা সংকুচিত হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

তবে এই নতুন হিসাব বিজ্ঞানীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বুধ কত দ্রুত ছোট হচ্ছে, তা জানা গেলে বোঝা যেতে পারে গ্রহটি কত দ্রুত ঠান্ডা হচ্ছে, শুরুতে এর আকার কত ছিল এবং এর ভেতরে কী ধরনের পদার্থ রয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির গ্রহবিজ্ঞানী স্যাম বার্চ বলেছেন, ‘প্রতিটি গ্রহেরই নিজস্ব গল্প আছে। বুধ কত দ্রুত সংকুচিত হচ্ছে, সেটি বুঝতে পারলে সেই গল্পের গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানা সম্ভব।’

শুধু বুধ নয়, গবেষকেরা মনে করছেন এই পদ্ধতি অন্য পাথুরে গ্রহ-উপগ্রহের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। মঙ্গল ও চাঁদের মতো মহাজাগতিক বস্তুগুলোও এখন ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। বুধের পৃষ্ঠের ‘ভাঁজ’ বোঝার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে এসব বস্তুর পরিবর্তন আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন
ব্রাউন ইউনিভার্সিটির গ্রহবিজ্ঞানী স্যাম বার্চ বলেছেন, ‘প্রতিটি গ্রহেরই নিজস্ব গল্প আছে। বুধ কত দ্রুত সংকুচিত হচ্ছে, সেটি বুঝতে পারলে সেই গল্পের গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানা সম্ভব।’

এই গবেষণার সুযোগ হয়তো শিগগিরই আসছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা ও জাপানের মহাকাশ গবেষণা সংস্থার যৌথ মিশন বেপিকলম্বো বুধের কক্ষপথে প্রবেশ করতে যাচ্ছে। এটি হবে বুধের কক্ষপথে যাওয়া দ্বিতীয় মহাকাশ মিশন। এই মিশনে গ্রহটিকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে। ফলে বুধের পৃষ্ঠের গঠন ও সংকোচন সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।

শিল্পীর কল্পনায় বুধ গ্রহে বেপিকলম্বো মিশনের ছবি
ছবি: অ্যাস্ট্রিয়াম

এসব তথ্য বিশ্লেষণ করে তখন হয়তো বিজ্ঞানীরা আরও নির্ভুলভাবে বলতে পারবেন, বুধ আসলে কতটা সংকুচিত হয়েছে। আগের হিসাবের তুলনায় এটি ১০ শতাংশ দ্রুত সংকুচিত হচ্ছে, নাকি ৩০ শতাংশ।

লেখক: জ্যেষ্ঠ সহসম্পাদক, কিশোর আলো

সূত্র: নিউইয়র্ক টাইমস

আরও পড়ুন