টমেটো ফল নাকি সবজি

টমেটো কি আসলে ফল, নাকি সবজি?ছবি: সংগৃহীত

শীতে টমেটো ছাড়া তরকারি যেন অপূর্ণ। সস হোক বা দুপুরের সালাদ, টমেটো আছে সবখানে। কিন্তু বিতর্ক বাধে অন্য জায়গায়। টমেটো কি আসলে ফল, নাকি সবজি? বছরের পর বছর ধরে চলে আসছে এই বিতর্ক।

কোনো রাঁধুনিকে যদি জিজ্ঞাসা করা হয়, তিনি নির্দ্বিধায় বলবেন টমেটো সবজি। আবার একই প্রশ্ন যদি কোনো উদ্ভিদবিজ্ঞানীর কাছে করেন, তবে তিনি জোর দিয়ে বলবেন এটি ফল। একটি টমেটো নিয়ে কেন এই মতভেদ? টমেটোর আসল পরিচয় কী?

আরও পড়ুন
সবজি বলতে সাধারণত গাছের ভোজ্য অংশকে বোঝায়, যা আমরা খাবারের প্রধান অংশ হিসেবে খাই। সবজির তালিকায় গাছের শিকড়, পাতা বা কাণ্ড  থাকতে পারে।

ফল ও সবজির পার্থক্য

টমেটো ফল নাকি সবজি, এই বিতর্কে যাওয়ার আগে আমাদের এদের মূল পার্থক্যটি জানতে হবে। উদ্ভিদবিজ্ঞানের সহজ সংজ্ঞায়, গাছের যে অংশটি ফুল থেকে তৈরি হয় এবং যার ভেতরে বীজ থাকে, সেটিই ফল। মজার তথ্য হলো, উলফিয়া গ্লোবোসা (Wolffia globosa) পৃথিবীর ক্ষুদ্রতম ফল, যা আকারে একটি পিঁপড়ার চেয়েও বহুগুণ ছোট, প্রায় একটি লবণের দানার সমান!

অন্যদিকে সবজি বলতে সাধারণত গাছের ভোজ্য অংশকে বোঝায়, যা আমরা খাবারের প্রধান অংশ হিসেবে খাই। সবজির তালিকায় গাছের শিকড়, পাতা বা কাণ্ড  থাকতে পারে। যেমন, মাটির নিচে থাকা বিট হলো গাছের শিকড়, রান্নায় ব্যবহৃত পালং হলো গাছের পাতা এবং ব্রকলি আসলে গাছের একধরনের ফুল। সহজ কথায়, ফল হলো গাছের বংশবিস্তারের অংশ, সবজি হলো গাছের অন্যান্য পুষ্টিকর অংশ।

উদ্ভিদবিজ্ঞানীর মতে, টমেটো একটি ফল
ছবি: ব্রিটানিকা

তাহলে টমেটো কি ফল নাকি সবজি? এই প্রশ্নের উত্তর একেকজনের কাছে একেক রকম। উদ্ভিদবিজ্ঞানীর মতে এটি ফল, কারণ সংজ্ঞা অনুসারে গাছের ফুল থেকে যে অংশটি তৈরি হয় এবং যার ভেতরে বীজ থাকে, সেটিই ফল। টমেটো এই শর্ত পুরোপুরি পূরণ করে।

কিন্তু মজার ব্যাপার হলো, রান্নার জগতে টমেটো আবার একটি সবজি। আমরা সাধারণত ফলকে মিষ্টি স্বাদের কারণে ডেজার্ট হিসেবে খাই। আর টমেটো ব্যবহার করি সালাদে কিংবা তরকারি রান্নায়। তাই সহজ কথায় বিজ্ঞানের ভাষায় টমেটো একটি ফল হলেও আমাদের খাবার টেবিলে এটি সবজি।

আরও পড়ুন
উদ্ভিদবিজ্ঞানীর মতে টমেটো ফল, কারণ সংজ্ঞা অনুসারে গাছের ফুল থেকে যে অংশটি তৈরি হয় এবং যার ভেতরে বীজ থাকে, সেটিই ফল। টমেটো এই শর্ত পুরোপুরি পূরণ করে।

টমেটোকে কেন সবজি বলা হয়

বিজ্ঞানের চোখে টমেটো ফল হলেও আইনত একে সবজি হিসেবেই গণ্য করা হয়। এর পেছনে রয়েছে ১০০ বছরেরও বেশি পুরোনো এক মজার ইতিহাস। টমেটোর পরিচয় নিয়ে একসময় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেও বিতর্ক চলেছিল!

ঘটনার শুরু ১৮৮৬ সালে, যখন জন নিক্স নামে এক আমদানিকারক নিউইয়র্ক বন্দরে ওয়েস্ট ইন্ডিজ থেকে এক চালান টমেটো নিয়ে আসেন। তখনকার আইন অনুযায়ী, বিদেশ থেকে আসা সবজির ওপর ১০ শতাংশ কর দিতে হতো।

বিজ্ঞানের ভাষায় টমেটো ফল হলেও, সাধারণ মানুষের কাছে এবং রান্নার জগতে এটি একটি সবজি
ছবি: স্যাটমাজস/৫০০ পিএক্স/গেটি ইমেজ

কিন্তু চতুর আমদানিকারক দাবি করেন, উদ্ভিদবিজ্ঞানের নিয়ম অনুযায়ী টমেটো একটি ফল; তাই এর ওপর কোনো কর দেওয়া চলবে না!

মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। ১৮৯৩ সালে বিচারপতি হোরেস গ্রে রায় দেন, বিজ্ঞানের ভাষায় টমেটো ফল হলেও, সাধারণ মানুষের কাছে এবং রান্নার জগতে এটি একটি সবজি। যেহেতু মানুষ একে সবজির মতোই রান্না করে খায়, তাই বাণিজ্যিকভাবে একে সবজি হিসেবেই গণ্য করা হবে। সেই থেকে টমেটো একটি সবজি হিসেবেই আইনি পরিচিতি পায়।

আরও পড়ুন
১৮৯৩ সালে বিচারপতি হোরেস গ্রে রায় দেন, বিজ্ঞানের ভাষায় টমেটো ফল হলেও, সাধারণ মানুষের কাছে এবং রান্নার জগতে এটি একটি সবজি।

টমেটো একই সঙ্গে ফল এবং সবজি

টমেটো নিয়ে বিতর্কের সহজ উত্তর হলো, এটি ফল এবং সবজি উভয়ই। বিজ্ঞানের সংজ্ঞায় এটি যেমন একটি ফল, তেমনি রান্নার ধরন ও আইনি মারপ্যাঁচে এটি একটি সবজি। তবে নামের এই লড়াইয়ের চেয়েও বড় বিষয় হলো টমেটোর পুষ্টিগুণ।

টমেটোতে প্রচুর ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খাওয়া প্রয়োজন।

টমেটোতে প্রচুর ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে
ছবি: শাটারস্টোক

আপনি টমেটো সালাদে কাঁচা খান কিংবা তরকারিতে দিয়ে রান্না করে খান, এটি সমান উপকারী। তাই একে যে নামেই ডাকুন না কেন, সুস্থ থাকতে নিয়মিত টমেটো খাওয়া বুদ্ধিমানের কাজ।

লেখক: প্রদায়ক, বিজ্ঞানচিন্তা

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক, স্মিথসোনিয়ান ম্যাগাজিন, রিডার্স ডাইজেস্ট, নেচার সুইট

আরও পড়ুন