সুন্দরবনের গাছ যেভাবে নোনা পানিতে বেঁচে থাকে
সুন্দরবনের বাদাবনে যখন জোয়ারের পানি ঢোকে, তখন পানির লবণাক্ততা কোথাও ৫ পিপিটি, আবার কোথাও ৩০ পিপিটির কাছাকাছি পৌঁছে যায়। প্রতিদিনের এই জোয়ার-ভাটা আর লবণাক্ততার ওঠানামার মধ্যেই গাছগুলোকে টিকে থাকতে হয়। সাধারণ কোনো গাছ এই নোনা পানি শোষণ করলে অভিস্রবণ বা অসমোসিসের নিয়মে উল্টো গাছের কোষের ভেতর থেকেই পানি বেরিয়ে যেত। চারপাশে পানি থাকা সত্ত্বেও গাছটি তখন তৃষ্ণায় শুকিয়ে মারা যেত। বিজ্ঞানের ভাষায় একে বলে শারীরবৃত্তীয় খরা। সুন্দরবনের ম্যানগ্রোভ গাছগুলো লাখ লাখ বছরের বিবর্তনে এই সমস্যার দারুণ সমাধান বের করেছে। তবে সব গাছের সমাধান এক রকম নয়; প্রজাতিভেদে এদের কৌশলও বদলে যায়।
প্রথম কৌশলটি শুরু হয় শিকড়ে। সুন্দরী (Heritiera fomes) কিংবা গরান গাছের মূলের কোষঝিল্লিতে থাকে একধরনের প্রাকৃতিক ছাঁকনি বা পরিস্রাবণ ব্যবস্থা। বিজ্ঞানীরা একে বলেন আল্ট্রাফিল্ট্রেশন। শিকড়ের কোষগুলো মাটি থেকে পানি টানার সময় লবণের আয়নগুলোকে আটকে দেয়। ফলে প্রায় ৯০ থেকে ৯৭ শতাংশ লবণ শিকড়েই আটকে যায়, গাছের ভেতরে ঢোকে সামান্য অংশ। এই প্রক্রিয়াটি অনেকটা পানিশোধনের রিভার্স অসমোসিস যন্ত্রের মতো। পার্থক্য শুধু এটুকুই যে এখানে কোনো যন্ত্র নেই; আছে কোষপর্দার প্রোটিন চ্যানেল আর সূক্ষ্ম জৈবিক গঠন।
শিকড়ের কোষগুলো মাটি থেকে পানি টানার সময় লবণের আয়নগুলোকে আটকে দেয়। ফলে প্রায় ৯০ থেকে ৯৭ শতাংশ লবণ শিকড়েই আটকে যায়, গাছের ভেতরে ঢোকে সামান্য অংশ।
তারপরও সামান্য কিছু লবণ গাছের ভেতরে ঢুকে পড়ে। তা সামলাতে আছে দ্বিতীয় প্রতিরক্ষাব্যবস্থা। বাইন কিংবা কেওড়ার মতো কিছু ম্যানগ্রোভ গাছের পাতায় থাকে অতিক্ষুদ্র লবণ-গ্রন্থি। এই গ্রন্থিগুলো সক্রিয়ভাবে লবণ পাম্প করে পাতার ওপরের তলে বের করে দেয়। সেখানে লবণ স্ফটিক বা দানার মতো জমে থাকে, নয়তো বৃষ্টির পানিতে ধুয়ে যায়। ভোরবেলা এসব গাছের পাতা ছুঁয়ে দেখলে অনেক সময় হাতে সাদা গুঁড়োর মতো কিছু লেগে যায়। সেটাই আসলে গাছের শরীর থেকে বের করে দেওয়া লবণ।
আরেকটি কৌশল কিছুটা নিষ্ক্রিয়, তবু বেশ কার্যকর। গেওয়া বা বাইনের মতো কিছু গাছ বাড়তি লবণ বাইরে বের না করে বরং নির্দিষ্ট কিছু পুরোনো পাতায় জমিয়ে রাখে। লবণগুলো জমা থাকে পাতার কোষের ভেতরে থাকা গহ্বর বা ভ্যাকুওলে। একসময় ওই পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে পড়ে। পাতার সঙ্গে সঙ্গে জমানো লবণও গাছ থেকে বিদায় নেয়। ব্যাপারটা অনেকটা শরীর থেকে বিষ বের করে দেওয়ার মতো। তবে এই প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে না, বরং চলে ঋতুচক্রের গতিতে।
গেওয়া বা বাইনের মতো কিছু গাছ বাড়তি লবণ বাইরে বের না করে বরং নির্দিষ্ট কিছু পুরোনো পাতায় জমিয়ে রাখে। লবণগুলো জমা থাকে পাতার কোষের ভেতরে থাকা গহ্বর বা ভ্যাকুওলে।
মাটির নিচের পরিস্থিতিও এখানে আলাদা একটা সমস্যা তৈরি করে। জোয়ারের কাদামাটি এত ঘন আর পানিতে ভেজা থাকে যে সেখানে অক্সিজেন প্রায় পৌঁছায় না বললেই চলে। শিকড় তখন অনেকটা দমবন্ধ হওয়ার মতো অবস্থায় পড়ে। এই সমস্যা মেটাতে গরান, বাইন আর কেওড়া গাছ তৈরি করেছে নিউম্যাটোফোর বা মাটির ওপরে খাড়া হয়ে ওঠা শ্বাসমূল। দেখতে অনেকটা ছোট ছোট পেনসিলের মতো, কাদার ভেতর থেকে মাথা তুলে থাকে। এসব শিকড়ে থাকে লেন্টিসেল নামের অতিক্ষুদ্র ছিদ্র। এগুলো দিয়ে বাতাস টেনে নিয়ে গাছের ভেতরে থাকা বিশেষ টিস্যু ‘অ্যারেনকাইমা’র মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়া হয় মূল শিকড় পর্যন্ত। সুন্দরী গাছের ক্ষেত্রে আবার দেখা যায় কনুইয়ের মতো বাঁকানো শিকড়, যাকে বলে নি-রুট (হাঁটু-মূল)। এগুলোও একই কাজ করে, তবে ভিন্ন গঠনে।
লবণের পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জ হলো বংশবিস্তার। স্বাভাবিক মাটিতে বীজ পড়লে অঙ্কুরোদ্গমের জন্য যথেষ্ট সময় পায়। কিন্তু কাদা আর নোনা পানির টানাপোড়েনে সেই সময়টুকু পাওয়া যায় না বললেই চলে। বীজ মাটিতে থিতু হওয়ার আগেই হয় পচে যাবে, নয়তো পানিতে ভেসে যাবে। এই বিপদ এড়াতে ম্যানগ্রোভের অনেক প্রজাতি বেছে নিয়েছে জরায়ুজ অঙ্কুরোদ্গমের কৌশল। গর্জন কিংবা কাঁকড়ার মতো গাছের বীজ মাতৃগাছের ডালে থাকা অবস্থাতেই অঙ্কুরিত হতে শুরু করে। তৈরি হয় লম্বা, বর্শার ফলার মতো একধরনের চারা বা প্রোপ্যাগিউল। এই প্রোপ্যাগিউল যখন মাটিতে পড়ে, ততক্ষণে তার নিজস্ব শিকড় আর খাদ্যভান্ডার তৈরি হয়ে যায়। ফলে কাদায় গেঁথে যাওয়ার এবং দ্রুত বেড়ে ওঠার সুযোগ তৈরি হয় আগেভাগেই। আর কাদায় আটকাতে না পারলে সেটি ভেসে যায় জোয়ারের স্রোতে। হয়তো কিলোমিটারের পর কিলোমিটার দূরে ভেসে গিয়ে থিতু হয় নতুন কোনো চরে।
শিকড় তখন অনেকটা দমবন্ধ হওয়ার মতো অবস্থায় পড়ে। এই সমস্যা মেটাতে গরান, বাইন আর কেওড়া গাছ তৈরি করেছে নিউম্যাটোফোর বা মাটির ওপরে খাড়া হয়ে ওঠা শ্বাসমূল।
পাতার গঠনেও রয়েছে দারুণ অভিযোজনের ছাপ। অনেক প্রজাতির পাতা মোটা, মোমজাতীয় আবরণে ঢাকা থাকে, যাকে বলে কিউটিকল। এই আবরণ পাতা থেকে পানি বাষ্পীভূত হওয়ার হার কমিয়ে দেয়। কিছু প্রজাতির পাতার কোষে কোষে জমা থাকে অতিরিক্ত পানি, অনেকটা রসালো ক্যাকটাসের মতো। এতে কোষের ভেতরে লবণের ঘনত্ব পাতলা থাকে। পাতার রন্ধ্র বা স্টোমাটা প্রায়ই থাকে পাতার নিচের দিকে, ছায়াময় খাঁজে লুকানো। সরাসরি রোদ আর বাতাসের কারণে যেন পানি দ্রুত বেরিয়ে না যায়, সে জন্যই প্রকৃতির এই ব্যবস্থা।
এই সব কৌশল একসঙ্গে কাজ করে বলেই সুন্দরবনের গাছপালা এমন এক পরিবেশে টিকে থাকতে পারে, যেখানে সাধারণ স্থলজ উদ্ভিদ কয়েক দিনেই মারা যেত। তবে প্রকৃতির এই ভারসাম্য বেশ ভঙ্গুর। উজানের নদীতে বাঁধ, খাল ভরাট এবং জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় সুন্দরবনের পানিতে লবণাক্ততা বাড়ছে।
বিভিন্ন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিশেষ করে পশ্চিম সুন্দরবনে, যেখানে গঙ্গা অববাহিকার উজানে পানি প্রত্যাহারের কারণে মিঠাপানির প্রবাহ কমে গেছে। সুন্দরী গাছের আগামরা রোগে গাছের চূড়া শুকিয়ে মারা যায়। বিজ্ঞানীরা এই রোগের অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে বাড়তি লবণাক্ততাকেই সন্দেহ করেন।
যে গাছ লবণকে জয় করার জন্য কোষের ভেতরে গড়ে তুলেছে এত সূক্ষ্ম জৈবিক যন্ত্রপাতি, সেই গাছই হয়তো একসময় হার মানবে লবণের বাড়তি চাপে। যদি প্রকৃতির সেই ভারসাম্যটা আর না থাকে, যা তাকে টিকিয়ে রেখেছিল হাজার হাজার বছর ধরে।