ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠে সদর দরজাটা খুলতে গেলেন। কিন্তু দরজা খুলছে না। জানালা দিয়ে উঁকি মেরে দেখলেন, বাইরের পরিবেশ স্বাভাবিক। কয়েকজন বাইরে ঘোরাঘুরি করছে। কিন্তু ওরা ঘুণাক্ষরেও টের পায়নি, বাইরে থেকে আর কোনোদিন ঘরের ভেতরে ঢুকতে পারবে না।
আপনি জানেন না যে আর কোনোদিন ঘরের বাইরে পা রাখতে পারবেন না। বাইরে বের হওয়ার জন্য নানারকম চেষ্টা করতে পারেন। হাতুড়ি দিয়ে জানালা ভাঙার চেষ্টা করতে পারেন, কাজ হবে না। ভাঙা জানালা চোখের পলকে আবার জোড়া লেগে যেবে! বাড়িতে নেই কোনো ওয়াই-ফাই, মোবাইল নেটওয়ার্ক। এমনকি বাইরের দুনিয়ায় ঠিক কী চলছে, তা জানার কোনো উপায় নেই।
বিদ্যুৎ চলে গেছে, ফ্রিজের খাবার ফুরিয়ে আসছে। কোভিড-১৯ মহামারীর সেই দিনগুলোর কথা মনে পড়ছে? অবশ্য এই মুভি কোভিড-১৯ মহামারি নিয়ে নয়। তবে মুভিতে সেই সময়ের নিঃসঙ্গতা, দমবন্ধ করা অথচ অদ্ভুত পরিচিত পরিস্থিতির আমেজ পাবেন।
মুভির নাম দ্য লাস্ট হাউজ। সম্প্রতি মুভিটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। মুভির পরিচালক লুই লেটেরিয়ার। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে চার সদস্যের এক পরিবার। বাবা জেসন একজন অভিজ্ঞ ফিশারম্যান ও ইঞ্জিনিয়ার। কিন্তু আপাতত মাছ ধরা বন্ধ। তবে শিকার বন্ধ হয়নি। মায়ের হাতের জাদুতে ঘরের ভেতর গড়ে ওঠে ইনডোর গার্ডেন। তাদের দুই সন্তান রুথ ও গ্রাহাম নিজেদের বন্দিদশাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। গ্রাহাম পিয়ানো বাজানো শেখে, রুথ ব্যস্ত থাকে শিল্পকলা নিয়ে। পরিবারের হাতে থাকা বিনোদনের সম্বল বলতে কেবল দুটি ডিভিডি—অ্যানি ও এয়ার ফোর্স ওয়ান! খাবার ফুরিয়ে এলে জেসন তার প্রকৌশলী বুদ্ধিমত্তা খাটিয়ে শিকার করে। কী শিকার করে এবং কীভাবে করে, তা মুভিতে দেখে নেওয়াই ভালো। প্রাণিপ্রেমীদের জন্য মুভিটি দেখা বেশ কঠিন হতে পারে!
তবে মুভিটির সবচেয়ে বড় দুর্বলতা হলো এর চিত্রনাট্য ও অযৌক্তিক লজিক। পরিচালক লুই লেটেরিয়ার এবং লেখক ম্যাথিউ রবিনসন দর্শকদের মনে প্রশ্ন জাগিয়েও তার কোনো সন্তোষজনক উত্তর দেননি। পুরো পৃথিবীর এমন অদ্ভুত লকডাউন কেন হলো, বা চারপাশের আবহাওয়া ও জানালার কাঁচের এই অস্বাভাবিক আচরণ কীভাবে কাজ করে; তার কোনো কুলকিনারা পাওয়া যায় না।
মুভিটি মাঝপথে এসে কেমন যেন খেই হারিয়ে ফেলে। এটি একদিকে যেমন পরিবেশগত কোনো রূপক গল্প বলতে চায়, অন্যদিকে আবার খুব সাধারণ একটি নৈতিক শিক্ষার গল্পও বলার চেষ্টা করে। ফলে কিছুটা খিচুড়ি টাইপের অনুভূতি পেতে পারেন।
একনজরে
দ্য লাস্ট হাউস
পরিচালক: লুই লেটেরিয়ার
ধরন: সায়েন্স ফিকশন, থ্রিলার, হরর
মুক্তি: ৭ আগস্ট, ২০২৬ (নেটফ্লিক্স)
ব্যাপ্তি: ১ ঘণ্টা ৫২ মিনিট
আইএমডিবি রেটিং: ৫.৫/১০
অভিনয়ের দিক থেকে ওয়াগনার মৌরা এবং গ্রেটা লি নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের অনবদ্য অভিনয়ই মূলত এই সাদামাটা ও পুনরাবৃত্তিমূলক গল্পটি টেনে নিয়ে যায়। কিন্তু চিত্রনাট্যের দুর্বলতা ও রহস্যের অস্পষ্টতা শেষ পর্যন্ত দর্শকদের হতাশ করতে পারে।
সব মিলিয়ে, দ্য লাস্ট হাউস ঘরের ভেতর অলস সময় কাটানোর জন্য বা কৌতূহল মেটানোর জন্য মন্দ নয়। তবে মুভির ভেতরের অমীমাংসিত রহস্যের চেয়েও, এর বাইরে বেরিয়ে নিজের জীবন নিয়ে ভাবার ভাবনাটা হয়তো অনেক বেশি রোমাঞ্চকর!