ঘুরতে যাওয়ার আগে গুগল ম্যাপসের ৩টি টিপস জেনে নিন
ব্যাগ গোছানো শেষ, যাওয়ার প্রস্তুতিও সম্পন্ন। গন্তব্যে পৌঁছাতে আমাদের প্রায় সবারই ভরসার নাম গুগল ম্যাপস। নতুন কোনো জায়গা বা রেস্তোরাঁ খোঁজা থেকে শুরু করে রাস্তায় জ্যাম কেমন, সবকিছুর সমাধান এই এক অ্যাপেই। তবে আমরা অনেকেই শুধু রাস্তায় বের হওয়ার পরই ম্যাপস চালু করি। কিন্তু আপনি কি জানেন, বাসা থেকে পা বাড়ানোর আগেই গুগল ম্যাপস আপনার ভ্রমণটাকে আরও সহজ ও নিখুঁত করে তুলতে পারে!
একটু আগাম প্রস্তুতি নিলেই রাস্তার অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন, আজ জেনে নিই গুগল ম্যাপসের এমন ৩টি দারুণ টিপস, যা ভ্রমণের আগে আপনার ভীষণ কাজে আসবে।
১. অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন
আমরা সব সময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকি ঠিকই, কিন্তু রাস্তায় বের হলে সব জায়গায় যে মোবাইল নেটওয়ার্ক পূর্ণমাত্রায় পাওয়া যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে পাহাড়ি বা দুর্গম কোনো এলাকায় গেলে নেটওয়ার্কের সমস্যা খুবই সাধারণ ব্যাপার। এই বিপদের ত্রাতা হতে পারে গুগল ম্যাপসের অফলাইন ফিচার। ইন্টারনেট না থাকলেও এটি আপনাকে সঠিক রাস্তা দেখাবে।
কীভাবে করবেন? অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপের ওপরের ডান কোণায় আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন। এরপর ‘অফলাইন ম্যাপস’ নির্বাচন করে ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ ক্লিক করুন। এবার ম্যাপটি জুম করে বা আঙুল দিয়ে টেনে আপনার গন্তব্যের এলাকাটি স্ক্রিনে আনুন। ম্যাপটি আপনার ফোনে কতটুকু জায়গা নেবে, তা-ও নিচে লেখা থাকবে। সব ঠিক থাকলে ‘ডাউনলোড’ বাটনে ট্যাপ করুন। অফলাইন ম্যাপের সেটিংসে গিয়ে আপনি চাইলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার অপশনও চালু করে রাখতে পারেন।
পাহাড়ি বা দুর্গম এলাকায় গেলে নেটওয়ার্কের সমস্যা খুবই সাধারণ ব্যাপার। এই বিপদের ত্রাতা হতে পারে গুগল ম্যাপসের অফলাইন ফিচার। ইন্টারনেট না থাকলেও এটি আপনাকে সঠিক রাস্তা দেখাবে।
২. ভবিষ্যতের যাত্রার পরিকল্পনা করুন এখনই
ধরুন, আপনি আগামীকাল বা আগামী সপ্তাহে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু এখন যদি ম্যাপে রাস্তার খোঁজ নেন, তবে ম্যাপ আপনাকে এই মুহূর্তের জ্যাম বা ট্রাফিকের ওপর ভিত্তি করে সময় দেখাবে। আগামীকাল ঠিক ওই সময়ে রাস্তায় কেমন জ্যাম থাকবে, তা কিন্তু আপনি এখনকার ম্যাপ দেখে বুঝতে পারবেন না!
এরও দারুণ একটি সমাধান আছে। গন্তব্যের রাস্তা বের করার পর, ওপরের দিকে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে আপনি ঠিক কবে এবং কখন রওনা দিতে চান, তা নির্দিষ্ট করে দিতে পারেন। গুগল ম্যাপস হয়তো ভবিষ্যৎ হুবহু দেখতে পায় না, কিন্তু তাদের কাছে থাকা বিশাল ডেটাবেস ঘেঁটে ওই দিন এবং ওই নির্দিষ্ট সময়ে রাস্তায় সাধারণত কেমন জ্যাম থাকে, তার ওপর ভিত্তি করে আপনাকে পৌঁছানোর একটি সম্ভাব্য সময় জানিয়ে দেবে। ফলে আপনি আগেভাগেই যাত্রার নিখুঁত পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন। তবে হ্যাঁ, যাওয়ার ঠিক আগমুহূর্তে বর্তমান জ্যামের অবস্থা দেখতে সেটিংটি আবার ‘প্রেজেন্ট’-এ ফিরিয়ে আনতে ভুলবেন না!
গন্তব্যের রাস্তা বের করার পর, ওপরের দিকে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে আপনি ঠিক কবে এবং কখন রওনা দিতে চান, তা নির্দিষ্ট করে দিতে পারেন।
৩. গন্তব্যে কেমন ভিড় থাকবে, তা আগে থেকেই জেনে নিন
পরিবার বা বন্ধুদের নিয়ে কোনো ক্যাফে বা শপিং মলে যাওয়ার আগে অনেকেই চান অতিরিক্ত ভিড়ভাট্টা বা কোলাহল এড়িয়ে চলতে। আবার কেউ কেউ হয়তো জমজমাট জায়গাই বেশি পছন্দ করেন। আপনার পছন্দ যেমনই হোক না কেন, গন্তব্যের ভিড় সম্পর্কে গুগল ম্যাপস আপনাকে আগে থেকেই চমৎকার ধারণা দিতে পারে।
কীভাবে দেখবেন? ম্যাপে স্ক্রল করার সময় আপনি যদি দেখেন নির্দিষ্ট কোনো এলাকায় মানুষের অনেক জটলা বা ভিড়, তবে সেখানে ‘বিজি এরিয়া’ নামে একটি লেবেল দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ওই এলাকার ভিড়ের বিস্তারিত তথ্য চলে আসবে। এ ছাড়া আপনি ম্যাপে নির্দিষ্ট কোনো জায়গা সিলেক্ট করে তার ইনফো কার্ডটিও দেখতে পারেন। সেখানে একটি বার চার্ট বা গ্রাফের মাধ্যমে দেখানো হয়, সপ্তাহের কোন দিন বা কোন সময়ে জায়গাটিতে সবচেয়ে বেশি বা কম ভিড় থাকে। এমনকি মানুষ সাধারণত সেখানে গড়ে কতক্ষণ সময় কাটায়, তা-ও জানা যায় এখান থেকে।