এমন কোনো অঙ্গ আছে, যা ছাড়াও মানুষ বাঁচতে পারে
অ্যারন রালস্টন নামের এক মার্কিন পর্বতারোহী পাহাড়ি গিরিখাতে ঘুরতে গিয়ে ভয়াবহ বিপদে পড়েন। পাঁচ দিন ধরে একটি বিশাল পাথরের নিচে তাঁর ডান হাত আটকে ছিল। কোনো সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত তিনি এক কঠিন সিদ্ধান্ত নেন। নিজের জীবন বাঁচাতে পকেটনাইফ দিয়ে নিজের হাত নিজেই কেটে মুক্ত হন। সেই রোমহর্ষক সত্য ঘটনা নিয়েই তৈরি হয়েছে বিখ্যাত সিনেমা ১২৭ আওয়ার্স।
হাত কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হঠাৎ কেটে আলাদা হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মানুষের মৃত্যু হতে পারে। ঠিক সময়ে চিকিৎসা পেলে এবং সংক্রমণ বা ইনফেকশন না হলে মানুষ বেঁচে যায়। তবে পুরোপুরি সেরে উঠতে অনেক মাস সময় লাগে। মজার বিষয় হলো, অনেক সময় অঙ্গটি না থাকলেও কাটা জায়গায় অদ্ভুত ব্যথা বা অনুভূতি টের পাওয়া যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্যান্টম লিম্ব পেইন।
এমন ভয়াবহ অবস্থায় পড়েও অ্যারন রালস্টন অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন। গভীর চোট বা অঙ্গ হারানোর পরও মানুষের শরীর কীভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকে, এটি তার এক অসাধারণ উদাহরণ। কিন্তু আমাদের শরীরের এই সহ্যক্ষমতা ঠিক কতটা? এমন কি সত্যিই কোনো অঙ্গ আছে, যা শরীর থেকে ফেলে দিলেও বড় কোনো ক্ষতি হয় না? আর কোনো অঙ্গ যদি কাজের চেয়ে ক্ষতি বেশি করে, তবে চিকিৎসকেরা কীভাবে সেটি কেটে বাদ দেন?
মজার বিষয় হলো, অনেক সময় অঙ্গটি না থাকলেও কাটা জায়গায় অদ্ভুত ব্যথা বা অনুভূতি টের পাওয়া যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্যান্টম লিম্ব পেইন।
কখনো কখনো শরীরের কোনো অঙ্গ অসুস্থ বা সংক্রমিত হয়ে কাজের চেয়ে ক্ষতি বেশি করে। তেমনি একটি অঙ্গ হলো অ্যাপেন্ডিক্স। এটি আমাদের পেটের ডান পাশের নিচের দিকে বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত আঙুলের মতো ছোট একটি থলি। অ্যাপেন্ডিক্সে তীব্র সংক্রমণ ও প্রদাহ হলে প্রচণ্ড পেটব্যথা আর জ্বর শুরু হয়। তখন দেরি না করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে এটি কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
একসময় অ্যাপেন্ডিক্সকে শরীরের একদম অকেজো অঙ্গ মনে করা হতো। তবে বিজ্ঞানীরা দেখেছেন, এতে উপকারী ব্যাকটেরিয়া জমা থাকে। আগে ডায়রিয়া বা মারাত্মক পেট খারাপ হলে অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য ফিরিয়ে এনে শরীরকে সুস্থ করতে এই ব্যাকটেরিয়া কাজ করত। কিন্তু এখন উন্নত স্বাস্থ্যব্যবস্থা ও আধুনিক ওষুধের কারণে অ্যাপেন্ডিক্স ছাড়াও মানুষ সহজে সুস্থ থাকতে পারে। এমনকি এটি বাদ দিলে অ্যাপেন্ডিসাইটিসের মতো জটিলতার ঝুঁকিও আর থাকে না।
অ্যাপেন্ডিক্স না কেটে অ্যান্টার্কটিকা অভিযানে গিয়ে চরম বিপদে পড়েছিলেন রুশ চিকিৎসক লিওনিদ ইভানোভিচ রোগোজভ। ১৯৬১ সালে সেখানে অবস্থানকালে তিনি তীব্র অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হন। আশপাশে আর কোনো চিকিৎসক না থাকায় জীবন বাঁচাতে তিনি আয়না দেখে নিজেই নিজের পেট কেটে অ্যাপেন্ডিক্স বাদ দিয়েছিলেন!
অ্যাপেন্ডিক্স না কেটে অ্যান্টার্কটিকা অভিযানে গিয়ে চরম বিপদে পড়েছিলেন রুশ চিকিৎসক লিওনিদ ইভানোভিচ রোগোজভ। ১৯৬১ সালে সেখানে অবস্থানকালে তিনি তীব্র অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হন।
যন্ত্রের সাহায্যে বেঁচে থাকা
চিকিৎসক ড্যানিয়েল ফানেলের মতে, মানুষের বেশির ভাগ অঙ্গই জীবন না হারিয়ে আংশিকভাবে কেটে ফেলা সম্ভব। মানুষ একটি কিডনি, অর্ধেক যকৃৎ (লিভার), একটি ফুসফুস, এমনকি মস্তিষ্কের অর্ধেক অংশ নিয়েও বেঁচে থাকতে পারে। কিন্তু কোনো অত্যাবশ্যকীয় অঙ্গ যদি একেবারেই কাজ করা বন্ধ করে দেয়, তখন মানুষকে বাঁচিয়ে রাখতে চিকিৎসাবিজ্ঞানের আধুনিক যন্ত্রের সাহায্য নিতে হয়।
যেমন, দুটি কিডনিই অচল হয়ে গেলে ডায়ালাইসিস যন্ত্র ব্যবহার করা হয়। এটি কৃত্রিমভাবে শরীরের রক্ত ছেঁকে সব বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করে দেয়। আবার ফুসফুস কাজ না করলে ইসিএমও (ECMO) নামের একটি বিশেষ জীবনরক্ষাকারী যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রটি শরীর থেকে রক্ত বাইরে এনে তাতে অক্সিজেন মেশায় এবং ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড বের করে দিয়ে পরিশোধিত রক্ত আবার শরীরে ফিরিয়ে দেয়।
ডায়ালাইসিস যন্ত্র কৃত্রিমভাবে শরীরের রক্ত ছেঁকে সব বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করে দেয়। আবার ফুসফুস কাজ না করলে ইসিএমও নামের একটি বিশেষ জীবনরক্ষাকারী যন্ত্র ব্যবহার করা হয়।
অঙ্গ বাদ দেওয়া
শরীরে ক্যানসার হলে যেকোনো অঙ্গই ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে কিছু কিছু অঙ্গ কেটে বাদ দেওয়া চিকিৎসকদের জন্য বেশ জটিল। যেমন কিডনির ঠিক ওপরে থাকা অ্যাড্রিনাল গ্রন্থি। এটি বিভিন্ন জরুরি হরমোন তৈরি করে আমাদের শরীরকে স্বাভাবিক রাখে। কিন্তু এতে ফিওক্রোমোসাইটোমা নামের টিউমার হলে হরমোন তৈরি এলোমেলো হয়ে যায়। ফলে রোগী ভীষণ অসুস্থ বোধ করেন এবং সব সময় এক অজানা ভীতি বা আতঙ্কে ভোগেন।
অ্যাড্রিনাল গ্রন্থির এই টিউমার সহজে ধরা পড়ে না। কারণ, এটি শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকতে পারে। অস্ত্রোপচার করে এই গ্রন্থি বাদ দেওয়াও বেশ ঝুঁকিপূর্ণ। টিউমারটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অপারেশনের সময় সামান্য ছোঁয়া লাগলেই রোগীর রক্তচাপ আর হৃৎস্পন্দন হঠাৎ মারাত্মক বেড়ে যেতে পারে। এতে স্ট্রোকের মতো বিপদ ঘটে। আবার টিউমারটি সরিয়ে ফেলার সঙ্গে সঙ্গে রক্তচাপ খুব বেশি কমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই অপারেশনের পর রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়।
আরেকটি জটিল অঙ্গ হলো বুকের ভেতরে থাকা থাইমাস গ্রন্থি। এটি আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে শরীরে মায়াস্থেনিয়া গ্রাভিস নামের অটোইমিউন রোগ হলে প্রতিরক্ষাব্যবস্থাই উল্টো স্নায়ু ও পেশির সংযোগস্থলকে আক্রমণ করে। ফলে হাত-পা দুর্বল হয়ে পড়ে, চোখে ঝাপসা দেখা যায় এবং শ্বাসকষ্ট হয়। এ ধরনের রোগীদের থাইমাস গ্রন্থি কেটে ফেলে দিলে তাঁরা বেশ সুস্থ হয়ে ওঠেন।
থাইমাস গ্রন্থি আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে শরীরে মায়াস্থেনিয়া গ্রাভিস নামের অটোইমিউন রোগ হলে প্রতিরক্ষাব্যবস্থাই উল্টো স্নায়ু ও পেশির সংযোগস্থলকে আক্রমণ করে।
কোনো বিশেষ যন্ত্রের সাহায্য ছাড়াই থাইরয়েড, বৃহদন্ত্র বা প্লীহার মতো কিছু অঙ্গ পুরোপুরি বাদ দেওয়া সম্ভব। যেমন প্লীহা বা স্প্লিন অস্ত্রোপচারের মাধ্যমে সহজেই কেটে ফেলা যায়। এটি পুরোনো ও ক্ষতিগ্রস্ত রক্তকণিকা ছেঁকে ফেলে শরীরকে জীবাণুর হাত থেকে বাঁচায়। কিন্তু আঘাত বা রোগের কারণে এটি কেটে বাদ দিলে মানুষের সংক্রমণ বা ইনফেকশনের ঝুঁকি অনেক বেড়ে যায়। এমনকি ওপসি (OPSI — ওভারহোয়েলমিং পোস্ট-স্প্লেনেকটমি ইনফেকশন) নামের মারাত্মক ও প্রাণঘাতী সংক্রমণও হতে পারে। তাই প্লীহা না থাকলে রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজীবন বাড়তি সতর্কতা, প্রয়োজনীয় টিকা এবং ক্ষেত্রবিশেষে অ্যান্টিবায়োটিক নিতে হয়।
আমাদের পুরো শরীরটা অনেকটা সাগরে ভামতে থাকা জাহাজের মতো। বিপদ এড়াতে কখনো কখনো যেমন জাহাজের অতিরিক্ত মালপত্র ফেলে দিতে হয়, তেমনি প্রাণ বাঁচাতে চিকিৎসকেরাও শরীরের কিছু অঙ্গ কেটে বাদ দেন। সব অঙ্গ ছাড়া জীবন হয়তো একদম আগের মতো সহজ থাকে না। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে মানুষ বহু অঙ্গ হারিয়েও সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ পাচ্ছে।