গ্রাহাম ফার্মেলোর কলমে হকিংয়ের জীবন ও কর্ম

মাত্র একুশ বছর বয়সে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, স্টিফেন হকিংয়ের হাতে হয়তো আর দুই-তিন বছর সময় আছে। অথচ সেই তরুণই পরবর্তী পাঁচ দশকের বেশি সময় ধরে বিজ্ঞানকে সমৃদ্ধ করেছেন, হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা পদার্থবিজ্ঞানী। সম্প্রতি প্রকাশিত হয়েছে জীবনীকার গ্রাহাম ফার্মেলোর লেখা হকিং: হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক। বইটির কিছু অংশে উঠে এসেছে এই অসাধারণ বিজ্ঞানীর জীবনসংগ্রাম, গবেষণা ও সাফল্যের গল্প। সেই বইয়ের কিছু অংশ রইল পাঠকদের জন্য।

স্টিফেন হকিংছবি: অ্যামাজন ডটকম

১৯৬২ সালের বড়দিনের তিন দিন পরের ঘটনা। ইংল্যান্ড তখন গত দুই শতাব্দীর মধ্যে সবচেয়ে কঠিন শীতের মুখোমুখি। দুপুরের খাবার খাওয়ার পর বরফের ওপর স্কেটিং করতে বের হলেন বিশ বছর বয়সী স্টিফেন হকিং। সঙ্গে তাঁর মা ইসাবেল। তাঁদের বাড়ি ছিল সেন্ট অ্যালবানসে। সেখান থেকে তাঁরা গেলেন কাছের ভেরুলামিয়াম পার্কে। প্রায় এক শ একর জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কের নাম রাখা হয়েছিল প্রাচীন রোমান শহর ভেরুলামিয়ামের নামে। একসময় এই জায়গাতেই শহরটি গড়ে উঠেছিল।

স্থানীয়দের কাছে পার্কটি এমনিতেই বেশ প্রিয়, তবে সেদিন জায়গাটা আরও অপূর্ব দেখাচ্ছিল। পার্কের মাঝখানের সাজানো লেকটি কয়েক ইঞ্চি পুরু বরফে জমে গিয়েছিল। চারপাশের বনভূমির গাছগুলোতে কোনো পাতা নেই। দূরের মাঠগুলো ঢেকে আছে বরফের চাদরে। সব মিলিয়ে ছবির মতো সুন্দর পরিবেশ। স্টিফেন ভেবেছিলেন, মায়ের সঙ্গে বেশ আনন্দেই কাটবে বিকেলটা।

গ্রাহাম ফার্মেলোর লেখা হকিং: হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক বইয়ের প্রচ্ছদ
ছবি: অ্যামাজন ডটকম

কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল এক দুর্ঘটনা। সেটিই তাঁকে চিকিৎসকের কাছে যেতে বাধ্য করল। তাঁর মা পরে বলেছিলেন, সেটা ছিল তাঁর ছেলের জন্য জীবনের সঙ্গে যতটা সম্ভব ভালো একটা সমঝোতা করে নেওয়ার মুহূর্ত।

এর কয়েক দিন আগেই বড়দিনের ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন স্টিফেন। তাঁকে দেখে মা-বাবা বুঝতে পেরেছিলেন, কিছু একটা ঠিক নেই। কেমন যেন ঝিমিয়ে থাকতেন তিনি। মনও ছিল বিষণ্ন। দুপুর বারোটার আগে বিছানা ছাড়তেন না। সারা দিন বাড়ির এদিক-ওদিক ঘুরে বেড়াতেন, কিন্তু কোনো কিছুতেই আগ্রহ ছিল না। এমনকি নিজের বৈজ্ঞানিক গবেষণা নিয়েও তেমন কোনো কথা বলতেন না। অথচ একসময় বিজ্ঞানের গবেষণা নিয়ে কথা বলতে তিনি খুব পছন্দ করতেন।

আরও পড়ুন
ইংল্যান্ড তখন গত দুই শতাব্দীর মধ্যে সবচেয়ে কঠিন শীতের মুখোমুখি। দুপুরের খাবার খাওয়ার পর বরফের ওপর স্কেটিং করতে বের হলেন বিশ বছর বয়সী স্টিফেন হকিং। সঙ্গে তাঁর মা ইসাবেল।

মাত্র কয়েক মাস আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন স্টিফেন। সেখানে মহাবিশ্বতত্ত্ব বা কসমোলজি পিএইচডি গবেষণা শুরু করেছেন। মহাবিশ্বতত্ত্ব হলো পুরো মহাবিশ্বের গঠন, সৃষ্টি ও পরিণতি নিয়ে বিজ্ঞানের একটি শাখা। কেমব্রিজে যাওয়ার সময় তাঁর চোখেমুখে ছিল প্রবল উৎসাহ। মহাবিশ্বের শুরু কীভাবে হয়েছিল, এর শেষই-বা কীভাবে হবে—এমন সব বড় বড় প্রশ্নের উত্তর খোঁজার নেশায় তিনি তখন টগবগ করছেন। পরে স্মৃতিচারণা করতে গিয়ে বলেছিলেন, ‘আমি নিজের কথা সবাইকে শোনানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলাম।’ অথচ এখন সেই প্রাণবন্ত, উচ্ছ্বল ও মিশুক তরুণের ভেতরে চেনা উদ্দীপনার ছিটেফোঁটাও নেই। কী হয়েছে, তা-ও কাউকে বলতে চাইছেন না।

ছেলের এই আলসেমি ও উদাসীন আচরণ তাঁর বাবা ফ্র্যাঙ্ককে বেশ বিরক্ত করে তুলেছিল। ফ্রাঙ্ক ছিলেন পরিশ্রমী ও নিষ্ঠাবান চিকিৎসাবিজ্ঞানী। ছেলের মেধা ও সময় এভাবে নষ্ট হতে দেখলে তাঁর খারাপ লাগত। ফ্র্যাঙ্ক নিজেই স্বীকার করেছেন, এ ব্যাপারে তিনি স্টিফেনের সঙ্গে বেশ কড়া ভাষায় কথা বলতেন। বারবার বলতেন, নিজেকে সামলে নিতে হবে, ঘরের বাইরে যেতে হবে, একটু শরীরচর্চা করতে হবে। স্টিফেন বলতেন, তাঁর শরীর ভালো লাগছে না। তাই এসব করতে ইচ্ছা করছে না। তবে শেষ পর্যন্ত অবশ্য মায়ের সঙ্গে বরফের ওপর স্কেটিং করতে যেতে রাজি হলেন।

আরও পড়ুন
ফ্র্যাঙ্ক নিজেই স্বীকার করেছেন, এ ব্যাপারে তিনি স্টিফেনের সঙ্গে বেশ কড়া ভাষায় কথা বলতেন। বারবার বলতেন, নিজেকে সামলে নিতে হবে, ঘরের বাইরে যেতে হবে, একটু শরীরচর্চা করতে হবে।

ফ্রাঙ্ক গাড়ি চালিয়ে দুজনকে পার্কে পৌঁছে দিলেন। বড়দিনের ছুটির পর সেদিন পার্কে মানুষের বেশ ভিড়। শত শত মানুষ হাঁটতে বেরিয়েছেন। কয়েকজন শৌখিন স্কেটারও এসেছেন। বিশাল বরফে ঢাকা লেকের ওপর দিয়ে তাঁরা বেশ সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। ফ্রাঙ্ক কাছাকাছি অন্য একটি জায়গায় স্কি করতে চলে গেলেন। আর স্টিফেন ও তাঁর মা এগিয়ে গেলেন লেকের ধারে। স্কেটিংয়ের জুতা পরবেন বলে সেখানে দাঁড়ালেন তাঁরা।

কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ইসাবেল আতঙ্কিত হয়ে লক্ষ করলেন, স্টিফেনের হাতের জোর একেবারেই কমে গেছে। তাঁর হাত কাঁপছে। এমনকি স্কেটিংয়ের জুতার ফিতাও বাঁধতে পারছেন না তিনি। এরপর যা ঘটল, তা আরও ভয়ংকর।

১৯৪২ সালে বাবা ফ্রাঙ্ক হকিংয়ের কোলে শিশু স্টিফেন হকিং
ছবি: সংগৃহীত

বরফের ওপর পা রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই সোজা পিঠের ওপর পড়ে গেলেন স্টিফেন। তারপর উল্টে যাওয়া কচ্ছপের মতো হাত-পা ছুড়তে লাগলেন। কিন্তু কিছুতেই উঠে দাঁড়াতে পারছিলেন না। শেষে অন্য স্কেটাররা এগিয়ে এসে তাঁকে টেনে তুললেন।

ইসাবেল খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। তবে ঘটনাটি তাঁকে একেবারে অবাক করেনি। গত দেড় বছর ধরেই ছেলেকে নিয়ে তাঁর মনে নানা দুশ্চিন্তা ছিল। বিশেষ করে স্টিফেন একবার তাঁকে বলেছিলেন, অক্সফোর্ডের কলেজে একবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিনি পড়ে গিয়েছিলেন। সেই দুর্ঘটনায় স্টিফেন কয়েক ঘণ্টার জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। নিজের নাম-পরিচয় পর্যন্ত মনে করতে পারছিলেন না।

আরও পড়ুন
বরফের ওপর পা রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই সোজা পিঠের ওপর পড়ে গেলেন স্টিফেন। তারপর উল্টে যাওয়া কচ্ছপের মতো হাত-পা ছুড়তে লাগলেন। কিন্তু কিছুতেই উঠে দাঁড়াতে পারছিলেন না।

এরপর গ্রীষ্মের ছুটিতে মধ্যপ্রাচ্যে ভ্রমণে গিয়ে তাঁর শারীরিক সমস্যাগুলো আরও বেড়ে যায়। সেখানে তিনি আমাশয়ে ভুগেছিলেন। তাঁর পাঁজরের একটি হাড়ও ভেঙে গিয়েছিল। বাড়ি ফেরার পর তাঁকে এতই ক্লান্ত ও রুগ্ন দেখাচ্ছিল যে ইসাবেল নিশ্চিত হয়েছিলেন, ছেলের শরীরে বড় কোনো রোগ বাসা বেঁধেছে। কিন্তু স্টিফেন বরাবরই জোর দিয়ে বলতেন, দুশ্চিন্তার কিছু নেই।

এবার বরফের ওপর অসহায়ভাবে পড়ে থাকা ছেলেকে দেখে ইসাবেল বুঝতে পারলেন, আর সত্যকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। কিন্তু স্টিফেন আবারও দাবি করলেন, তাঁর কিছুই হয়নি।

কয়েক ঘণ্টা পর বাড়িতে ফিরে ছেলের সঙ্গে শান্তভাবে কথা বললেন ফ্রাঙ্ক। তাঁর শরীরের কী সমস্যা হচ্ছে, তা জানতে চাইলেন। এবার প্রথমবারের মতো স্টিফেন বাবার কাছে স্বীকার করলেন, গত ছয় মাস ধরে তাঁর হাতের শক্তি কমে যাচ্ছে। বাঁ পায়েও মাঝেমধ্যে পেশিতে খিঁচুনিও হচ্ছে।

১৯৪৪ সালে মা ইসোবেল হকিংয়ের সঙ্গে স্টিফেন ও তাঁর দুই ছোট বোনের মধ্যে বড় বোন মেরি
ছবি: সংগৃহীত

লেকের ওপর ঘটে যাওয়া দুর্ঘটনার কথা ইসাবেলের কাছ থেকে শোনার পর ফ্রাঙ্ক আর দেরি করলেন না। সেদিন সন্ধ্যায়ই ছেলেকে নিয়ে গেলেন তাঁদের পরিবারিক চিকিৎসকের কাছে। তাঁর পরামর্শে ১০ জানুয়ারি ১৯৬৩ সকালে স্টিফেনকে নিয়ে হাজির হলেন দেশের অন্যতম সেরা স্নায়ুরোগ বিশেষজ্ঞ অ্যালড্রেন টার্নারের চেম্বারে।

টার্নার খুব দ্রুতই স্টিফেনকে পরীক্ষা করলেন। তবে কাজটি করলেন সতর্কতার সঙ্গে। পরীক্ষা শেষে নিজের পর্যবেক্ষণ নিয়ে বিশেষ কিছু বললেন না। শুধু পরামর্শ দিলেন, স্টিফেনকে লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালটি সংক্ষেপে বার্টস নামে পরিচিত। সেখানে দুই সপ্তাহ ধরে তাঁর নানা পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

আরও পড়ুন
লেকের ওপর ঘটে যাওয়া দুর্ঘটনার কথা ইসাবেলের কাছ থেকে শোনার পর ফ্রাঙ্ক আর দেরি করলেন না। সেদিন সন্ধ্যায়ই ছেলেকে নিয়ে গেলেন তাঁদের পরিবারিক চিকিৎসকের কাছে।

পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর, ২৯ জানুয়ারি ফ্রাঙ্ককে ফলাফল জানালেন ডাক্তার টার্নার। তাঁর ধারণা, স্টিফেনের মোটর নিউরন রোগ হয়েছে। ফ্র্যাঙ্ক নিজেও চিকিৎসাবিজ্ঞানী হওয়ায় রোগটি সম্পর্কে কিছুটা ধারণা ছিল। তিনি জানতেন, এই রোগে স্নায়ুতন্ত্রের কিছু অংশ ধীরে ধীরে অকেজো হয়ে যায়। একসময় শরীরের বিভিন্ন অঙ্গ অবশ হয়ে পড়ে। শেষ পরিণতি মৃত্যু। এই রোগের কোনো চিকিৎসা নেই, কোনো প্রতিষেধকও নেই। এমনকি বেঁচে থাকার কোনো আশাও নেই। স্টিফেন বড়জোর আর দুই কি তিন বছর বাঁচবেন।

খবরটি শুনে স্টিফেনের মা-বাবা দিশেহারা হয়ে পড়লেন। কিন্তু কেউই ছেলেকে এই দুঃসংবাদ দেওয়ার সাহস পেলেন না। এমনকি ডাক্তার টার্নারও নিজের রোগীকে তাঁর রোগের কথা খুলে বলার চেষ্টা করেননি। পরে স্টিফেন জানিয়েছিলেন, আশপাশের মানুষের কথাবার্তার টুকরো টুকরো অংশ শুনেই তিনি নিজের রোগ ও ভয়াবহ পরিণতি সম্পর্কে আঁচ করতে পেরেছিলেন। তাঁর ভাষায়, ‘একসময় বুঝতে পারলাম, আমার এমন একটি রোগ হয়েছে, যার কোনো চিকিৎসা নেই। আর কয়েক বছরের মধ্যেই এই রোগে আমার মৃত্যু হতে পারে। ব্যাপারটা ছিল ভয়াবহ এক ধাক্কা। আমার সঙ্গেই বা এমনটা কেন ঘটল?’

ডাক্তার টার্নারের পরামর্শে ফেব্রুয়ারির শুরুতে আবার কেমব্রিজে ফিরে গেলেন স্টিফেন। পড়াশোনা শুরু করলেন নতুন করে। অবশ্য তিনি জানতেন, পিএইচডি শেষ করার মতো সময়ও হয়তো তাঁর হাতে নেই। তার আগেই তাঁর জীবন প্রদীপ নিভে যাবে। এই রোগের খবর তাঁর বিজ্ঞানী হওয়ার স্বপ্ন প্রায় ভেঙে চুরমার করে দিয়েছিল।

আরও পড়ুন
ডাক্তার টার্নারের পরামর্শে ফেব্রুয়ারির শুরুতে আবার কেমব্রিজে ফিরে গেলেন স্টিফেন। পড়াশোনা শুরু করলেন নতুন করে। অবশ্য তিনি জানতেন, পিএইচডি শেষ করার মতো সময়ও হয়তো তাঁর হাতে নেই।

মার্চের মাঝামাঝি সময়। শীত তখনো পুরোপুরি বিদায় নেয়নি। তবে বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটতে শুরু করেছে ক্রোকাস ফুল। ফ্র্যাঙ্ক তখন ডুবে আছেন গভীর বিষণ্ণতায়। কয়েক সপ্তাহ ধরে তিনি ছেলের রোগের কোনো ভালো চিকিৎসা পাওয়া যায় কি না, তা খুঁজে দেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে বুঝতে পেরেছেন, ‘এই রোগের কোনো প্রতিকার খুঁজে পাওয়ার আশা নেই।’

ইসাবেলও ভেঙে পড়েছিলেন। অনেক বছর পর তিনি লিখেছিলেন, স্টিফেনের রোগের খবর তাঁকে বছরের পর বছর যেন ‘বরফের মতো জমিয়ে রেখেছিল’।

১২ মার্চ সন্ধ্যায় বাড়িতে বসে তাঁরা কসমোলজি নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠান দেখছিলেন। উদ্দেশ্য ছিল, স্টিফেন যে বিষয় নিয়ে পিএইচডি করছেন, সে সম্পর্কে কিছু জানা। সেই অনুষ্ঠানে ছিলেন ফ্রেড হয়েল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্টিফেনের বিভাগেরই অধ্যাপক তিনি। গায়ে তাঁর চেনা ঢিলেঢালা উলের সোয়েটার। কথা বলার ভঙ্গিও বেশ সহজ-সরল। সে সময় ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত কসমোলজিস্ট ছিলেন তিনি। এমন বিশ্বমানের বিজ্ঞানী খুব বেশি ছিলেন না, তার ওপর ছিলেন অসাধারণ বক্তা। বিজ্ঞানের জটিল বিষয় সহজভাবে বোঝানোর অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। তাই যাঁরা বিজ্ঞান সম্পর্কে বিন্দুমাত্র জানেন না, তাঁদের কাছেও তিনি ছিলেন দারুণ জনপ্রিয়।

অনুষ্ঠানটি দেখতে দেখতে ফ্রাঙ্কের মন আরও খারাপ হয়ে গেল। নিজের ডায়েরিতে লিখলেন, ‘স্টিফেনও তো ঠিক এই কাজটাই করতে চেয়েছিল। বেঁচে থাকলে ও হয়তো কাজটা খুব ভালোভাবেই করতে পারত।’

আরও পড়ুন
ইসাবেলও ভেঙে পড়েছিলেন। অনেক বছর পর তিনি লিখেছিলেন, স্টিফেনের রোগের খবর তাঁকে বছরের পর বছর যেন ‘বরফের মতো জমিয়ে রেখেছিল’।

বসন্তের দিকে স্টিফেনের মনোভাব ধীরে ধীরে বদলাতে শুরু করল। জীবনের প্রতি নতুন করে ইতিবাচক হয়ে উঠলেন তিনি। পরে তিনি বলেছেন, ‘মানুষ যখন বুঝতে পারে, তার মৃত্যু হয়তো খুব কাছেই, তখনই সে উপলব্ধি করে, জীবন আসলে কত মূল্যবান।’

স্টিফেন ও তাঁর চিকিৎসকদের অবাক করে দিয়ে রোগের লক্ষণগুলো স্বাভাবিকের তুলনায় অনেক ধীরগতিতে বাড়তে লাগল। ফলে আধুনিক কসমোলজির মৌলিক বিষয়গুলো শেখার দিকে মন দিতে পারলেন তিনি।

কয়েক শতাব্দী ধরে বিজ্ঞানীরা মনে করতেন, মহাকর্ষ বলই আমাদের এবং চারপাশের সব বস্তুকে অদৃশ্য বন্ধনে পৃথিবীর সঙ্গে আটকে রেখেছে। শুধু তা-ই নয়, এই বল মহাবিশ্বের গঠন এবং তার মধ্যে থাকা সব পদার্থের বিন্যাসও নিয়ন্ত্রণ করে। ১৬৮৭ সালে প্রকাশিত আইজ্যাক নিউটনের বিখ্যাত বই প্রিন্সিপিয়া-তে এই ধারণার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মহাকর্ষ সম্পর্কে এই ধারণাকেই সত্য বলে মেনে এসেছেন।

কিন্তু স্টিফেন তখন শিখতে চাইছিলেন নিউটনের তত্ত্বের পরের ধাপটি—মানে মহাকর্ষ সম্পর্কে আধুনিক ধারণা। ১৯১৫ সালের নভেম্বর মাসে এই তত্ত্ব প্রণয়ন করেছিলেন আলবার্ট আইনস্টাইন। এই তত্ত্ব মহাবিশ্বকে বোঝার জন্য একেবারে নতুন ভিত্তি তৈরি করেছিল। তবে গাণিতিকভাবে তত্ত্বটি ছিল ভীষণ জটিল। শুরুর দিকের কয়েকটি সাফল্য এলেও মহাবিশ্বের ক্ষেত্রে তত্ত্বটি প্রয়োগ করে সহজে পরীক্ষাযোগ্য কোনো পূর্বাভাস দেওয়া কঠিন বলে মনে হচ্ছিল। তবুও স্টিফেন হাল ছাড়লেন না। বেশ দ্রুতই নিজেকে খুবই মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রমাণ করলেন। সেবারই গবেষক হিসেবে তাঁর ব্যতিক্রমী প্রতিভার প্রথম লক্ষণগুলোও ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে।

আরও পড়ুন
কিন্তু স্টিফেন তখন শিখতে চাইছিলেন নিউটনের তত্ত্বের পরের ধাপটি—মানে মহাকর্ষ সম্পর্কে আধুনিক ধারণা। ১৯১৫ সালের নভেম্বর মাসে এই তত্ত্ব প্রণয়ন করেছিলেন আলবার্ট আইনস্টাইন।

শারীরিক অসুস্থতা তাঁকে নানা সমস্যার মুখে ফেলেছিল। কিন্তু কয়েক বছরের মধ্যেই নিজের প্রজন্মের অন্যতম সেরা ও কল্পনাশক্তিসম্পন্ন তাত্ত্বিক পদার্থবিদ হিসেবে পরিচিত হয়ে উঠলেন স্টিফেন। তাঁর কাছের সহকর্মীরাও অবাক হয়ে দেখতেন, এত কঠিন শারীরিক অসুস্থতার মধ্যেও কীভাবে তিনি জটিল সব গাণিতিক তত্ত্ব তৈরি করছেন।

বাইরে থেকে তাঁকে যতই অসহায় মনে হোক না কেন, তাঁর সহ্যক্ষমতা ছিল অসাধারণ। প্রচুর পরিশ্রম করে তিনি স্থান, কাল ও তথ্য সম্পর্কে আমাদের ধারণাকে আরও সমৃদ্ধ করেছেন। মহাবিশ্বের জন্ম ও বিকাশ সম্পর্কে দিয়েছিলেন অতি গুরুত্বপূর্ণ কিছু ধারণা। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল নিয়ে গবেষণার জন্য। আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব থেকেই এমন এক অদ্ভুত বস্তুর অস্তিত্বের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। এর বৈশিষ্ট্য মহাবিশ্বের পরিচিত অন্য যেকোনো বস্তুর চেয়ে আলাদা। একসময় অনেক নামী বিজ্ঞানীই সন্দেহ করতেন, ব্ল্যাকহোলের আদৌ কোনো অস্তিত্ব আছে কি না। সেই সময় স্টিফেনের মতো আর কেউ ব্ল্যাকহোলকে বুঝতে এবং মৌলিক পদার্থবিজ্ঞানের জন্য এর গুরুত্ব তুলে ধরতে এতটা কাজ করেননি।

স্টিফেন শুধু বিশ্বমানের বিজ্ঞানীই ছিলেন না, বিজ্ঞানের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ছিলেন সফল। মোটর নিউরন রোগে আক্রান্ত হওয়ার এক দশকেরও বেশি সময় পর তাঁর হাতে লেখার ক্ষমতা চলে যায়। কিন্তু তাতে তিনি থেমে থাকেননি। নিজের প্রজন্মের সবচেয়ে সফল ও জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক বইয়ের লেখক হয়ে ওঠেন।

আরও পড়ুন
বিখ্যাত হওয়াটা স্টিফেন উপভোগ করতেন। পদার্থবিজ্ঞানের গবেষণার প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা। কিন্তু এসবের চেয়েও তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ করে পরিবার।

একসময় নিজের স্বাভাবিক কণ্ঠস্বরও হারিয়ে ফেলেন। তবু অসাধারণ বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অতি জটিল বিষয় নিয়ে বক্তৃতা দিতে বড় বড় মিলনায়তন ও স্টেডিয়াম পর্যন্ত ভরে যেত। আইনস্টাইন ছাড়া আর কোনো বিজ্ঞানী বিশ্বজুড়ে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইনে স্টিফেনের মতো এত বেশি জনপ্রিয়তা পাননি।

তাঁর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছিল একটি চলচ্চিত্র। ছবিটি অস্কার পুরস্কারও জিতেছিল, বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছিল। এখনো বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে এই চলচ্চিত্র সমান জনপ্রিয়। নিজের সময়ে জীবিত বিজ্ঞানীদের মধ্যে স্টিফেনই হয়ে উঠেছিলেন সবচেয়ে বিখ্যাত। পৃথিবীর প্রায় সব বিষয়েই তাঁর ছিল স্পষ্ট ও সাহসী মতামত। আর সেই মতামত প্রকাশ করতেন অল্প কথায় ও একেবারে সরাসরি।

বিখ্যাত হওয়াটা তিনি উপভোগ করতেন। পদার্থবিজ্ঞানের গবেষণার প্রতিও ছিল তাঁর গভীর ভালোবাসা। কিন্তু এসবের চেয়েও তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ করে পরিবার। তাঁর বিশ্বাস ছিল, বাবা হতে পারা এবং পরে দাদা হতে পারাটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

আরও পড়ুন
স্টিফেনের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছিল একটি চলচ্চিত্র। ছবিটি অস্কার পুরস্কারও জিতেছিল, বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছিল। এখনো বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে এই চলচ্চিত্র সমান জনপ্রিয়।

১৯৬৩ সালের শুরুর দিকে ভেরুলামিয়াম হ্রদে পড়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর, চিকিৎসকেরা প্রথম যখন স্টিফেনের মোটর নিউরন ডিজিজ শনাক্ত করেন, তখন কেউ কল্পনাও করতে পারেননি যে তিনি আরও অর্ধশতাব্দীর বেশি সময় বেঁচে থাকবেন। কেউ ভাবতেও পারেননি, ভবিষ্যতে তিনি এত বড় বিজ্ঞানী হবেন, এত বিখ্যাত হয়ে উঠবেন এবং পৃথিবীজুড়ে এত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করবেন।

স্টিফেনের পুরো প্রাপ্তবয়স্ক জীবনটাই যেন এক বিস্ময়কর প্রশ্নের জন্ম দেয়: এত প্রতিকূলতার মধ্যেও কী করে তিনি এই অসাধ্য সাধন করলেন? তাঁর পক্ষে এমন অবিশ্বাস্য জীবন গড়ে তোলা সম্ভব হলো কীভাবে?

আরও পড়ুন