চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য

চার দশক পরও কেন চেরনোবিল নিষিদ্ধ এলাকা?ছবি: শ্যানোম্যাগ/ ইয়াকুব হাউন/উইকিমিডিয়া কমন্স/সায়েন্স এবিসি

২০২৫ সালের সেপ্টেম্বরের হিসাব বলছে, জাপানের হিরোশিমা শহরে এখন ১১ লাখ ৬৮ হাজার ৮৪৮ জন মানুষ বাস করেন। শহরের অ্যাটমিক বোম্ব ডোমের পাশ দিয়ে ঝনঝন শব্দে ছুটে চলে স্ট্রিটকার। নদীর তীর ঘেঁষে মাথা তুলে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী সব অফিস ভবন। ওদিকে নাগাসাকিও এখন জমজমাট এক বন্দর নগরী—ট্রাম চলছে, পর্যটকদের ভিড় লেগেই আছে।

এবার দৃশ্যপট বদলে চলুন ইউক্রেনের চেরনোবিলে। ১৯৮৬ সালের সেই ভয়াবহ দুর্ঘটনার ৪০ বছর পেরিয়ে গেছে। অথচ চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এখনো কাঁটাতারের বেড়ায় বন্দী, সশস্ত্র প্রহরীরা দিনরাত পাহারা দিচ্ছেন। আশপাশের শহরগুলো সেই যে ১৯৮৬ সালের বসন্তে জনশূন্য হয়েছিল, আজও সেখানে মানুষের বসতি গড়ে ওঠেনি। প্রিপিয়াত শহরের পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্কের সেই বিখ্যাত হলুদ নাগরদোলাটা এখন ঘন জঙ্গলের ভেতর একাকী দাঁড়িয়ে আছে।

ব্যাপারটা কেমন উল্টো মনে হচ্ছে না? দুটি শহরের ওপর ফেলা হয়েছিল আস্ত পারমাণবিক বোমা। অথচ মাত্র এক প্রজন্মের মধ্যেই শহর দুটি আবার প্রাণ ফিরে পেল! অন্যদিকে চেরনোবিল ছিল শুধু একটি বিদ্যুৎকেন্দ্র, কোনো বোমা নয়। তবুও চার দশক পরও কেন সেটি নিষিদ্ধ এলাকা?

চেরনোবিলের নিষিদ্ধ এলাকার ভেতরে পরিত্যক্ত শহর প্রিপিয়াতের ফেরিস হুইল বা নাগরদোলা। ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর শহরটি খালি করে দেওয়া হয়। এরপর থেকে ধীরে ধীরে চারপাশের বনভূমি শহরটিকে গ্রাস করে নিচ্ছে
ছবি: শ্যানোম্যাগ/উইকিমিডিয়া কমন্স

কাউকে এই প্রশ্ন করলে সাধারণত দুটি উত্তর পাওয়া যায়। এক, বোমায় জ্বালানি কম ছিল। দুই, বোমাটি আকাশে ফেটেছিল। উত্তর দুটি সত্যি, কিন্তু এতে পুরো রহস্যের জট খোলে না। আকাশে বড় কোনো বিস্ফোরণ ঘটলে একটি শহরের কী পরিণতি হয়? মাটিতে ছড়িয়ে পড়া আগুন কীভাবে তিনটি দেশকে বিষাক্ত করে তুলতে পারে? এই রহস্যের উত্তর জানতে হলে বুঝতে হবে, একটি পারমাণবিক বিস্ফোরণ কী কী ভয়ংকর চিহ্ন রেখে যায় এবং সেগুলো কত দিন পর্যন্ত পরিবেশে টিকে থাকে।

আরও পড়ুন
১৯৮৬ সালের ইউক্রেনের চেরনোবিলে ভয়াবহ দুর্ঘটনার ৪০ বছর পেরিয়ে গেছে। অথচ চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এখনো কাঁটাতারের বেড়ায় বন্দী, সশস্ত্র প্রহরীরা দিনরাত পাহারা দিচ্ছেন।

পারমাণবিক বোমা হামলা হলে সেখানে কেন তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে

একটি ইউরেনিয়াম পরমাণুকে ভাঙলে দুটি ছোট পরমাণু, কিছু নিউট্রন আর বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায়। আসল সমস্যা বাধায় ওই দুটি ছোট পরমাণু। রসায়নবিদেরা এদের বলেন ফিশন প্রোডাক্ট। সহজে বুঝতে একে আমরা বলব টুকরো। এই টুকরোগুলোর বেশিরভাগই ভীষণ অস্থির। স্থিতিশীল না হওয়া পর্যন্ত এরা অনবরত তেজস্ক্রিয় রশ্মি ছুড়তে থাকে।

যেকোনো পারমাণবিক দূর্ঘটনায় দুটি জিনিস আঘাত হানে। প্রথমটি হলো আলোর ঝলকানি বা ফ্ল্যাশ। পরমাণু ভাঙার মুহূর্তে যে গামা রশ্মি আর নিউট্রন বেরিয়ে আসে, সেটিই আলোর ফ্ল্যাশ। কাছাকাছি থাকা যে কারও জন্য এটি তাৎক্ষণিক মৃত্যুদূত। তবে এই ঝলকানি এক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়, পেছনে কোনো চিহ্ন রাখে না। দ্বিতীয়টি হলো ওই তেজস্ক্রিয় টুকরোগুলো। এরা যেখানে গিয়ে পড়ে, সেখানেই ঘাঁটি গেড়ে বসে থাকে।

এই টুকরোগুলো কতদিন সক্রিয় থাকবে, তা নির্ভর করে এদের অর্ধায়ুর ওপর। অর্ধায়ু মানে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক ক্ষয় হতে যে সময় লাগে। এখানে প্রকৃতির নিয়মটা একটু উল্টো। যে পরমাণুর অর্ধায়ু যত কম, সেটি অল্প সময়ের জন্য ভয়ংকর রকমের তেজস্ক্রিয় হয়, এরপর দ্রুত নিঃশেষ হয়ে যায়। যেমন, আয়োডিন-১৩১-এর অর্ধায়ু মাত্র আট দিন। তাই এটি কয়েক সপ্তাহ তাণ্ডব চালিয়েই গায়েব হয়ে যায়। অন্যদিকে সিজিয়াম-১৩৭-এর অর্ধায়ু ৩০ বছর। এটি যেমন শক্তিশালী, তেমনি দীর্ঘজীবী। যে মানুষ এটি তৈরি করেছে, তার চেয়েও বেশি দিন বেঁচে থাকে এটি!

তাই যেকোনো পারমাণবিক বিপর্যয়ের পর তিনটি প্রশ্ন জরুরি। কতগুলো টুকরো তৈরি হলো? সেগুলো কোথায় গিয়ে পড়ল? আর সেগুলো কতদিন টিকে থাকবে? হিরোশিমা আর চেরনোবিলের পার্থক্য লুকিয়ে আছে এই তিনটি প্রশ্নের উত্তরেই।

আরও পড়ুন
আয়োডিন-১৩১-এর অর্ধায়ু মাত্র আট দিন। তাই এটি কয়েক সপ্তাহ তাণ্ডব চালিয়েই গায়েব হয়ে যায়। অন্যদিকে সিজিয়াম-১৩৭-এর অর্ধায়ু ৩০ বছর। এটি যেমন শক্তিশালী, তেমনি দীর্ঘজীবী।

জ্বালানির হিসাবে আকাশ-পাতাল পার্থক্য

হিরোশিমায় ফেলা লিটল বয় বোমাটিতে প্রায় ৬৪ কেজি ইউরেনিয়াম ছিল। কিন্তু বোমাটি নিজেকে উড়িয়ে দেওয়ার আগে এর মাত্র এক কেজির মতো ইউরেনিয়াম ভাঙতে পেরেছিল। বাকিটা অক্ষত অবস্থাতেই আকাশে ছড়িয়ে পড়ে।

আপনি চাইলে খাতার পেছনে ছোট্ট একটা অঙ্ক কষেই ব্যাপারটা যাচাই করতে পারেন। ১৬ কিলোটনের একটি বিস্ফোরণ থেকে প্রায় ৬৭ ট্রিলিয়ন জুল শক্তি বের হয়। প্রতিটি পরমাণু ভাঙলে পাওয়া যায় ৩২ ট্রিলিয়ন ভাগের এক ভাগ জুল শক্তি। ভাগ করলে দাঁড়ায় প্রায় দুই ট্রিলিয়ন ট্রিলিয়ন পরমাণু। এই বিপুল সংখ্যক পরমাণুর ওজন মাপলে দাঁড়াবে প্রায় ০.৮ কেজি; মানে সরকারি হিসাবের একদম কাছাকাছি! যেকোনো ল্যাবরেটরির হিসাবে এক কেজি তেজস্ক্রিয় টুকরো অনেক বড় ব্যাপার, কিন্তু দিনশেষে এর পরিমাণ মাত্র এক কেজি।

১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার পর তৈরি হওয়া মেঘের ছবি। বি-২৯ বোমারু বিমান থেকে ছবিটি তোলা হয়েছিল। এই ভয়াবহ বিস্ফোরণের শক্তি এসেছিল মাত্র প্রায় এক কেজি ইউরেনিয়াম পরমাণুর বিভাজন থেকে
ছবি: জর্জ আর. ক্যারন, ইউএস ন্যাশনাল আর্কাইভস, পাবলিক ডোমেইন

এবার চেরনোবিলের দিকটা দেখুন। সেখানকার চার নম্বর চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি ছিল ১৯০ টন! শুধু ওজনই নয়, চুল্লিটি চালু ছিল ১৯৮৩ সালের ডিসেম্বর থেকে। বোমা তার তেজস্ক্রিয় টুকরোগুলো তৈরি করে এক সেকেন্ডের দশ লাখ ভাগের এক ভাগ সময়ে, ফলে দীর্ঘজীবী বর্জ্য জমার সুযোগ পায় না। কিন্তু একটি পারমাণবিক চুল্লি দিনরাত ২৪ ঘণ্টা পরমাণু ভাঙতে থাকে। চুল্লিটি যত দিন চলে, ততই এর ভেতর সিজিয়াম আর স্ট্রনশিয়ামের মতো দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয় বর্জ্যের পাহাড় জমতে থাকে। দুর্ঘটনার রাত পর্যন্ত চেরনোবিলের চুল্লিতে প্রায় আড়াই বছর ধরে এই বিষাক্ত বর্জ্য জমেছিল।

আরও পড়ুন
প্রতিটি পরমাণু ভাঙলে পাওয়া যায় ৩২ ট্রিলিয়ন ভাগের এক ভাগ জুল শক্তি। ভাগ করলে দাঁড়ায় প্রায় দুই ট্রিলিয়ন ট্রিলিয়ন পরমাণু। এই বিপুল সংখ্যক পরমাণুর ওজন মাপলে দাঁড়াবে প্রায় ০.৮ কেজি।

আকাশে বিস্ফোরণ বনাম মাটির আগুন

লিটল বয় বোমাটি বিস্ফোরিত হয়েছিল হিরোশিমা শহরের প্রায় ৬০০ মিটার (১,৯৭০ ফুট) ওপরে। নাগাসাকির বোমাটি ফেটেছিল ৫০০ মিটার ওপরে। প্রকৌশলীরা এই উচ্চতা বেছে নিয়েছিলেন যাতে বিস্ফোরণের ধাক্কাটা বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু এর একটা অপ্রত্যাশিত ভালো দিকও ছিল, যার কারণে শহর দুটি আজ বসবাসের যোগ্য।

অত ওপরে তৈরি হওয়া আগুনের গোলকটি কখনোই মাটি স্পর্শ করেনি। সূর্যের পৃষ্ঠের চেয়েও উত্তপ্ত সেই আগুনের গোলা গরম বাতাসের বেলুনের মতো সোজা ওপরের দিকে উঠে যায়। আর ওঠার সময় নিজের সঙ্গে টেনে নিয়ে যায় প্রায় সব তেজস্ক্রিয় টুকরো আর অব্যবহৃত ইউরেনিয়াম। মাশরুম মেঘের ওই লম্বা ডাঁটাটাই হলো ওপরের দিকে উঠে যাওয়া সেই স্তম্ভ। কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসাবশেষ কয়েক কিলোমিটার ওপরে উঠে বাতাসে মিশে পাতলা হয়ে যায়। এর সামান্য কিছু অংশ ব্ল্যাক রেইন হয়ে হিরোশিমার পশ্চিম প্রান্তে ও নাগাসাকির পূর্বে ঝরে পড়েছিল। বাকিটা এতটাই ছড়িয়ে গিয়েছিল যে কোনো নির্দিষ্ট জায়গায় বিপজ্জনক মাত্রার তেজস্ক্রিয়তা তৈরি হতে পারেনি। খোদ মাটিতে বিস্ফোরণ ঘটলে শহর দুটি হয়তো চিরতরে বসবাসের অযোগ্য হয়ে যেত।

আরও পড়ুন
লিটল বয় বোমাটি বিস্ফোরিত হয়েছিল হিরোশিমা শহরের প্রায় ৬০০ মিটার বা ১,৯৭০ ফুট ওপরে। নাগাসাকির বোমাটি ফেটেছিল ৫০০ মিটার ওপরে।

তবে আলোর ঝলকানি থেকে নির্গত নিউট্রন কণা নিচের মাটিতে আঘাত হেনেছিল। এতে মাটির সাধারণ পরমাণুগুলো সাময়িকভাবে তেজস্ক্রিয় হয়ে ওঠে। কিন্তু মাটিতে তৈরি হওয়া এই তেজস্ক্রিয় পরমাণুগুলো ছিল খুবই ক্ষণস্থায়ী। এক দিনের মধ্যেই এর প্রায় ৮০ শতাংশ তেজস্ক্রিয়তা উবে যায়। এক সপ্তাহ পর তা প্রথম ঘণ্টার তুলনায় দশ লাখ ভাগের এক ভাগে নেমে আসে। অর্থাৎ মানুষ যখন শহর পুনর্গঠনের কাজ শুরু করল, মাটি ততক্ষণে পুরোপুরি ঠান্ডা!

অন্যদিকে চেরনোবিলে কোনো পারমাণবিক বোমা ফাটেনি। সেখানে চুল্লির ক্ষমতা হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শীতল করার পানি বাষ্প হয়ে প্রচণ্ড চাপে চুল্লির ঢাকনা উড়িয়ে দেয়। এরপর চুল্লির গ্রাফাইট কোরে আগুন ধরে যায়। ছাদ উড়ে যাওয়া চুল্লির ভেতর ব্যবহৃত পারমাণবিক জ্বালানির স্তূপে টানা দশ দিন ধরে আগুন জ্বলতে থাকে। তাও আবার একেবারে মাটির সমতলে!

বোমার আগুনের গোলা যেমন সোজা আকাশে উঠে যায়, চেরনোবিলের আগুনের ধোঁয়া তেমনটা করেনি। সেটি মাটির কাছাকাছি ভেসে বেড়াতে থাকে। ওই দশ দিনে বাতাসের দিক বদলেছে বারবার। বিষাক্ত ধোঁয়া ভেসে গেছে ইউক্রেন, বেলারুশ আর রাশিয়ার আকাশে। আর যেখানেই বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফোঁটা বাতাস থেকে সেই তেজস্ক্রিয় ধোঁয়া ধুয়ে সরাসরি মাটিতে নামিয়ে এনেছে। এ কারণেই চেরনোবিলের তেজস্ক্রিয়তার মানচিত্র কোনো বৃত্তের মতো নয়, বরং মনে হয় কেউ যেন রঙের ছিটা দিয়ে রেখেছে। যেখানে বৃষ্টি হয়েছিল, সেখানেই জমেছে সবচেয়ে ঘন বিষ।

আরও পড়ুন
বোমার আগুনের গোলা যেমন সোজা আকাশে উঠে যায়, চেরনোবিলের আগুনের ধোঁয়া তেমনটা করেনি। সেটি মাটির কাছাকাছি ভেসে বেড়াতে থাকে। ওই দশ দিনে বাতাসের দিক বদলেছে বারবার।

পরিমাণের হিসাবটাও চোখ কপালে তোলার মতো। চেরনোবিল দুর্ঘটনা বাতাসে প্রায় ৮৫ হাজার টেরাবেকারেল সিজিয়াম ছড়িয়ে দিয়েছিল। জাপান সরকারের হিসাব অনুযায়ী, হিরোশিমা বোমা থেকে ছড়িয়েছিল মাত্র ৮৯ টেরাবেকারেল। অর্থাৎ চেরনোবিল ছড়িয়েছে প্রায় ৯৫০ গুণ বেশি তেজস্ক্রিয়তা! টেরাবেকারেল হলো তেজস্ক্রিয়তার মাত্রা পরিমাপের একটি একক। কোনো তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে কতবার পরমাণুর নিউক্লিয়াস থেকে বিকিরণ নির্গত করছে, তা দিয়ে এর তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়। ১ বেকারেল মানে প্রতি সেকেন্ডে ১টি তেজস্ক্রিয় ক্ষয়। আর ১ টেরাবেকারেল মানে ১ লাখ কোটি বেকারেল।

অবশ্য এখানে জানিয়ে রাখতে চাই, বোমাগুলো মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল প্রচণ্ড বিস্ফোরণ, তাপ ও আলোর ঝলকানির সাহায্যে। এই তুলনাটা করা হয়েছে শুধু মাটির তেজস্ক্রিয়তা বোঝার জন্য, হতাহতের সংখ্যা বোঝানোর জন্য নয়।

আরও পড়ুন
কোনো তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে কতবার পরমাণুর নিউক্লিয়াস থেকে বিকিরণ নির্গত করছে, তা দিয়ে এর তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়। ১ বেকারেল মানে প্রতি সেকেন্ডে ১টি তেজস্ক্রিয় ক্ষয়।

চেরনোবিল কি তবে ২০ হাজার বছর পরিত্যক্ত থাকবে

অর্ধায়ুর অঙ্কটা আরেকবার কষা যাক। ৪০ বছর মানে সিজিয়ামের একটি অর্ধায়ুর চেয়ে সামান্য বেশি সময়। মানে চেরনোবিলে শুরুতে যে পরিমাণ সিজিয়াম ছড়িয়েছিল, তার প্রায় তিন-পঞ্চমাংশ ইতিমধ্যে ক্ষয় হয়ে গেছে, বাকি আছে দুই-পঞ্চমাংশ। শুনতে বেশ আশাব্যঞ্জক মনে হচ্ছে, তাই না? কিন্তু শুরুর অঙ্কটা মনে করুন—প্রায় এক হাজারটি হিরোশিমা বোমার সমান! এক হাজারের দুই-পঞ্চমাংশ মানে এখনো সেখানে চারশোটি হিরোশিমার সমান তেজস্ক্রিয়তা রয়ে গেছে!

তবে পুরো ছবিটা কিন্তু মোটেও আশাহীন নয়। জাতিসংঘের মূল্যায়ন বলছে, চেরনোবিলের দূষিত এলাকার বেশিরভাগ জায়গাই এখন বসতি স্থাপন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য নিরাপদ। কড়াকড়ি যা আছে, তা কেবল মূল নিষিদ্ধ এলাকা বা এক্সক্লুশন জোন এবং নির্দিষ্ট কিছু হটস্পট নিয়ে।

১৯৯৬ সালে তৈরি চেরনোবিলের আশপাশে তেজস্ক্রিয় সিজিয়াম দূষণের মানচিত্র। মানচিত্রের উত্তর-পূর্ব দিকে বেশি দূষিত যে এলাকাটি দেখা যাচ্ছে, সেখানে তেজস্ক্রিয় পদার্থের মেঘের ওপর বৃষ্টি হয়েছিল। ফলে বৃষ্টির সঙ্গে তেজস্ক্রিয় সিজিয়াম মাটিতে ছড়িয়ে পড়ে
ছবি: সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক/ভেক্টরাইজড বাই স্টিং অ্যান্ড এমট্রাচ/উইকিমিডিয়া কমন্স

এগুলোতে আরও কয়েক দশক এমন কড়াকড়ি থাকবে। মজার ব্যাপার হলো, মানুষের অনুপস্থিতিতে ওই নিষিদ্ধ এলাকায় বন্যপ্রাণীরা দারুণভাবে বংশবিস্তার করছে। জায়গাটি এখন জীববৈচিত্র্যের এক অনন্য অভয়ারণ্যে পরিণত হয়েছে।

আপনি হয়তো কোথাও পড়ে থাকতে পারেন যে চেরনোবিল আগামী ২০ হাজার বছর বসবাসের অযোগ্য থাকবে। এটি আসলে অতিরঞ্জিত তথ্য। এই ধারণাটি এসেছে প্লুটোনিয়াম থেকে, যার অর্ধায়ু প্রায় ২৪ হাজার বছর। কিন্তু প্লুটোনিয়াম আর স্ট্রনশিয়াম ভারী কণা হওয়ায় এগুলো খুব বেশি দূর উড়ে যেতে পারেনি। চুল্লির এক শ কিলোমিটারের মধ্যেই মাটিতে পড়ে গেছে। হাজার বছর ধরে এরা মাটিতে থাকলেও তেজস্ক্রিয়তার বিচারে তা মোটেও বিপজ্জনক মাত্রার নয়। চেরনোবিলের আসল সমস্যা হলো সিজিয়াম, যার হিসাব চলে দশকের স্কেলে। তবে ধ্বংস হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রের ভেতরের গল্পটা ভিন্ন।

আরও পড়ুন
শুরুর অঙ্কটা মনে করুন—প্রায় এক হাজারটি হিরোশিমা বোমার সমান! এক হাজারের দুই-পঞ্চমাংশ মানে এখনো সেখানে চারশোটি হিরোশিমার সমান তেজস্ক্রিয়তা রয়ে গেছে!

হিরোশিমা ও নাগাসাকি কি আজ পুরোপুরি নিরাপদ

এককথায় উত্তর—হ্যাঁ। শহর দুটি কি এখনো তেজস্ক্রিয়? হিরোশিমার বেঁচে যাওয়া মানুষদের নিয়ে কাজ করা ফাউন্ডেশন তাদের ওয়েবসাইটে মাত্র চার শব্দে এর উত্তর দিয়েছে: ‘বাস্তব উত্তর হলো, না।’ শহর কর্তৃপক্ষের মতে, সেখানকার বর্তমান তেজস্ক্রিয়তার মাত্রা পৃথিবীর যেকোনো সাধারণ জায়গার স্বাভাবিক মাত্রার সমান। আপনি গ্রানাইট পাথর, মহাজাগতিক রশ্মি কিংবা একটি পাকা কলার ভেতরে থাকা পটাশিয়াম থেকে প্রতিদিন যে সামান্য প্রাকৃতিক তেজস্ক্রিয়তা পান, হিরোশিমার বাতাসও ঠিক তেমনই নিরাপদ।

তার মানে এই নয় যে বোমাগুলো কোনো চিহ্নই রাখেনি। ব্ল্যাক রেইন সত্যিই ঝরেছিল। নাগাসাকির পূর্ব দিকের একটি জেলায় সবচেয়ে বেশি তেজস্ক্রিয় ছাই পড়েছিল। সেখানকার বাসিন্দাদের শরীরে কয়েক দশক ধরে সামান্য সিজিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তবে ৮১ বছর পর আজ সেই সামান্য সিজিয়ামেরও ছয় ভাগের এক ভাগের কম অবশিষ্ট আছে।

আরও পড়ুন
আপনি গ্রানাইট পাথর, মহাজাগতিক রশ্মি কিংবা একটি পাকা কলার ভেতরে থাকা পটাশিয়াম থেকে প্রতিদিন যে সামান্য প্রাকৃতিক তেজস্ক্রিয়তা পান, হিরোশিমার বাতাসও ঠিক তেমনই নিরাপদ।

সব মিলিয়ে, শুরুতে শোনা সেই দুটি উত্তরই সঠিক, তবে অসম্পূর্ণ। বোমায় জ্বালানি কম ছিল, এটি সত্যি। বোমাটি ৬০০ মিটার ওপরে ফাটায় আগুনের গোলা সব আবর্জনা নিয়ে আকাশের ওপরের স্তরে চলে গিয়েছিল, এটিও সত্যি। অন্যদিকে চেরনোবিলের আগুন মাটিতে বসে টানা দশ দিন বৃষ্টির পানির সঙ্গে বিষ মিশিয়েছে। এই দুইয়ের যোগফলেই মাটির তেজস্ক্রিয়তায় তৈরি হয়েছে এক হাজার গুণের ব্যবধান।

জাপানের হিরোশিমা শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে অ্যাটমিক বম্ব ডোম। ১৯৪৫ সালের পারমাণবিক বোমা হামলার স্মৃতি ধরে রাখতে ভবনটি সংরক্ষণ করা হয়েছে। একসময় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই ভবনের চারপাশেই আবার গড়ে উঠেছে আধুনিক হিরোশিমা শহর
ছবি: ইয়াকুব হাউন/উইকিমিডিয়া কমন্স

চেরনোবিলের আশপাশের এলাকাও একদিন পুরোপুরি বসবাসের উপযোগী হবে, তবে কোনো শহরের গতির সঙ্গে তাল মিলিয়ে নয়। বেশিরভাগ এলাকা ইতিমধ্যেই বসবাস উপযোগী। শুধু বিদ্যুৎকেন্দ্রের একদম কাছের নিষিদ্ধ এলাকাটুকু মানুষের পদচারণার জন্য অপেক্ষা করবে আরও কয়েক দশক।

সূত্র: সায়েন্স এবিসি

আরও পড়ুন