প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল
একটি কোষের ভেতরে প্রাণীর জিনগত উপাদানের পাশাপাশি জায়গা করে নিয়েছে শৈবালের প্রায় পুরো জিনোম। শুধু তা-ই নয়, সেই কোষ স্বাভাবিকভাবে বিভাজিত হচ্ছে এবং বিভাজনের পর তৈরি নতুন কোষেও শৈবালের ডিএনএ পৌঁছে যাচ্ছে। এভাবে টিকে আছে ১৫০টিরও বেশি প্রজন্ম!
বিজ্ঞানীদের তৈরি এই অদ্ভুত কোষের নাম প্ল্যানিমাল। নামটি এসেছে ইংরেজি Plant (উদ্ভিদ) ও Animal (প্রাণী) শব্দ দুটি থেকে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। বিজ্ঞানীরা নতুন কোনো প্রাণী তৈরি করেননি, তৈরি করেননি উদ্ভিদ ও প্রাণীর প্রজননে জন্ম নেওয়া কোনো জীবও। তাঁরা পরীক্ষাগারে প্রাণীর কোষের সঙ্গে একধরনের এককোষী লাল শৈবালের জিনগত উপাদান মিলিয়ে এমন একটি সংকর কোষ তৈরি করেছেন, যা বহুবার বিভাজিত হলেও শৈবালের ডিএনএর বড় অংশ ধরে রাখতে পারে।
গবেষণাটি করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাচিহিরো মাতসুনাগার নেতৃত্বে একদল গবেষক। তাঁদের এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে চলতি বছর ১২ নভেম্বর, নেচার কমিউনিকেশনস সাময়িকীতে। গবেষণাটির শিরোনাম ‘এপিজেনেটিক গেটকিপিং এনাবলস জিনোম-স্কেল হরিজন্টাল জিন ট্রান্সফার ইন ইউক্যারিওটিক সেলস’।
পলিইথিলিন গ্লাইকল কোষের বাইরের আবরণ একীভূত হতে সাহায্য করে। ফলে দুটি আলাদা কোষের জিনগত উপাদান একই কোষে চলে আসার সুযোগ তৈরি হয়।
প্রাণীর কোষে শৈবালের ডিএনএ ঢোকালেন যেভাবে
এবার আসা যাক পরীক্ষার কথায়। এখানে বিজ্ঞানীরা কোনো সাধারণ উদ্ভিদ ব্যবহার করেননি। তাঁরা বেছে নিয়েছেন Cyanidioschyzon merolae নামের এককোষী লাল শৈবাল। আকারে ক্ষুদ্র হলেও এর জিনোম বেশ সুসংগঠিত। শৈবালটির নিউক্লিয়াসে রয়েছে ২০টি ক্রোমোজোম।
অন্যদিকে প্রাণীর কোষ হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যামস্টার থেকে নেওয়া স্তন্যপায়ী কোষ। অর্থাৎ, পরীক্ষার এক পাশে এককোষী লাল শৈবাল, অন্য পাশে হ্যামস্টারের কোষ। গবেষকেরা প্রথমে শৈবালের জিনগত উপাদান শনাক্ত করার সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা করেন। শৈবালের মধ্যে এমন দুটি জিন যুক্ত করা হয়, যেগুলো স্তন্যপায়ী কোষে কাজ করতে পারে। একটি জিন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা দেয়। অন্যটি তৈরি করে সবুজ রঙের ফ্লুরোসেন্ট প্রোটিন। ফলে শৈবালের ডিএনএ প্রাণীর কোষে পৌঁছালে তা শনাক্ত করা সহজ হয়।
এরপর শৈবাল ও হ্যামস্টারের কোষ একসঙ্গে মেশানো হয়। এ কাজে ব্যবহার করা হয় পলিইথিলিন গ্লাইকল নামে একটি রাসায়নিক। এটি কোষের বাইরের আবরণ বা ঝিল্লি একীভূত হতে সাহায্য করে। ফলে দুটি আলাদা কোষের জিনগত উপাদান একই কোষে চলে আসার সুযোগ তৈরি হয়।
শৈবালের মধ্যে এমন দুটি জিন যুক্ত করা হয়, যেগুলো স্তন্যপায়ী কোষে কাজ করতে পারে। একটি জিন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা দেয়।
এরপর গবেষকেরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। যেসব হ্যামস্টার কোষ শৈবালের ডিএনএ গ্রহণ করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনটি কাজে লাগাতে পেরেছিল, সেগুলোই বেঁচে থাকে। সবুজ আলো ছড়ানো কোষগুলো দেখে গবেষকেরা নিশ্চিত হন, শৈবালের জিনগত উপাদান প্রাণীর কোষে পৌঁছেছে।
তবে শুধু ডিএনএ ঢোকাতে পারলেই তো হলো না। সেটি কোষের ভেতরে কত দিন টিকে থাকে, সেটাই ছিল বড় প্রশ্ন। পরীক্ষায় দেখা গেল, একটি হ্যামস্টার কোষের বংশধর কোষগুলো ১৫৫ প্রজন্ম পর্যন্ত বিভাজিত হয়েছে। আর শৈবালের ডিএনএর উল্লেখযোগ্য অংশ অ্যান্টিবায়োটিকের সাহায্যে বাছাই না করেও ৯৫ প্রজন্ম পর্যন্ত টিকে ছিল। অর্থাৎ, শুধু প্রথম কোষটিতেই শৈবালের ডিএনএ আটকে থাকেনি; কোষ বিভাজনের সময় সেটি পরবর্তী কোষেও পৌঁছেছে।
একটি বিশেষ কোষ-ধারায় গবেষকেরা শৈবালের প্রায় ১ কোটি ৬৩ লাখ বেসপেয়ার ডিএনএ খুঁজে পেয়েছেন। এর মধ্যে শৈবালের ২০টি ক্রোমোজোমের সব কটির জিনগত অংশ ছিল। শুধু তাই নয়, কিছু অক্ষত ক্রোমোজোমও পাওয়া গেছে।
এখানে একটি বিষয় মনে রাখা দরকার। ১৫৫ প্রজন্ম পর্যন্ত কোষ বিভাজিত হওয়া আর ১৫৫ প্রজন্ম ধরে শৈবালের পুরো জিনোম অক্ষত থাকা এক কথা নয়। গবেষণায় শৈবালের ডিএনএর উল্লেখযোগ্য অংশ ৯৫ প্রজন্ম পর্যন্ত টিকে থাকার প্রমাণ পাওয়া গেছে। পুরো জিনোমের সব অংশ একইভাবে টিকে ছিল, এমন দাবি করা যাবে না।
একটি বিশেষ কোষ-ধারায় গবেষকেরা শৈবালের প্রায় ১ কোটি ৬৩ লাখ বেসপেয়ার ডিএনএ খুঁজে পেয়েছেন।
প্রাণীর কোষে শৈবালের ডিএনএ টিকে থাকল কীভাবে
এখানেই গবেষণার সবচেয়ে আকর্ষণীয় অংশ। সাধারণত কোনো প্রাণীর কোষে বাইরের কোনো জীবের ডিএনএ ঢুকলে সেটি দীর্ঘদিন টিকে থাকবে, এমন নিশ্চয়তা নেই। কোষের নিজস্ব ব্যবস্থা বিদেশি জিনগত উপাদানকে নিষ্ক্রিয় করে দিতে পারে, আবার সময়ের সঙ্গে সেটি হারিয়েও যেতে পারে।
কিন্তু প্ল্যানিমাল কোষের ক্ষেত্রে ঘটেছে অন্য রকম ঘটনা। গবেষকেরা দেখতে পান, শৈবালের ডিএনএর বেশির ভাগই প্রাণীর কোষে সক্রিয় হয়নি। গবেষণায় স্থানান্তরিত শৈবালের প্রোটিন তৈরির উপযোগী জিনগুলোর প্রায় ৯৬ শতাংশের কোনো শনাক্তযোগ্য কার্যক্রম পাওয়া যায়নি। অর্থাৎ, ডিএনএ কোষের ভেতরে থাকলেও তার অধিকাংশ জিন কাজ করছিল না।
কেন এমন হলো? এর উত্তর খুঁজতে গিয়ে গবেষকেরা এপিজেনেটিক পরিবর্তনের সন্ধান পান। এপিজেনেটিক পরিবর্তন বলতে বোঝায়, ডিএনএর মূল সংকেত না বদলিয়েই জিনের কার্যক্রম নিয়ন্ত্রণ করা। সহজভাবে বললে, কোষের ভেতরে থাকা কোনো জিনকে চালু বা বন্ধ রাখার ব্যবস্থা।
গবেষণায় স্থানান্তরিত শৈবালের প্রোটিন তৈরির উপযোগী জিনগুলোর প্রায় ৯৬ শতাংশের কোনো শনাক্তযোগ্য কার্যক্রম পাওয়া যায়নি।
এ ক্ষেত্রে শৈবালের ডিএনএতে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। প্রথমত, ডিএনএ মিথাইলেশন বেড়ে যায়। দ্বিতীয়ত, হিস্টোন নামের প্রোটিনে এমন কিছু পরিবর্তন ঘটে, যা জিনের কার্যক্রম বন্ধ রাখতে সাহায্য করে। এর ফলে শৈবালের ডিএনএর বড় অংশ নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
গবেষকেরা বিষয়টিকে বলেছেন এপিজেনেটিক গেটকিপিং। অর্থাৎ, প্রাণীর কোষ যেন একধরনের প্রহরীর ভূমিকা পালন করছে। বিদেশি ডিএনএকে কোষের ভেতরে থাকতে দিচ্ছে, কিন্তু তার অধিকাংশ জিনকে ইচ্ছেমতো কাজ করতে দিচ্ছে না।
এখানে DNMT3A নামের একটি এনজাইমের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এটি ডিএনএ মিথাইলেশনের সঙ্গে যুক্ত। গবেষকেরা এই এনজাইমের কার্যক্রম নেই, এমন হ্যামস্টার কোষে একই পরীক্ষা চালান। দেখা যায়, এসব কোষে স্থায়ী সংকর কোষের সংখ্যা কম তৈরি হয় এবং শৈবালের ডিএনএও তুলনামূলক কম টিকে থাকে। অর্থাৎ, বিদেশি ডিএনএকে দীর্ঘদিন ধরে রাখতে এই এনজাইমের ভূমিকা রয়েছে বলে গবেষণার ফল ইঙ্গিত দেয়।
হিস্টোন নামের প্রোটিনে এমন কিছু পরিবর্তন ঘটে, যা জিনের কার্যক্রম বন্ধ রাখতে সাহায্য করে। এর ফলে শৈবালের ডিএনএর বড় অংশ নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
মানুষও কি একদিন সালোকসংশ্লেষণ করতে পারবে
এবার আসা যাক সবচেয়ে মজার সম্ভাবনায়। মানুষ যদি উদ্ভিদের মতো সূর্যের আলো ব্যবহার করে নিজের খাবার বা শক্তির প্রয়োজন মেটাতে পারত, তাহলে কেমন হতো?
গবেষক দলের দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর একটি হলো প্রাণীর কোষে উদ্ভিদ ও শৈবালের কিছু বিশেষ জৈবিক ক্ষমতা যুক্ত করা। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সালোকসংশ্লেষণ। উদ্ভিদ সূর্যের আলো, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে শর্করাজাতীয় জৈব পদার্থ তৈরি করতে পারে। এ কাজে তাদের কোষের ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাণীর কোষে এমন ক্লোরোপ্লাস্ট নেই। তাই প্রাণীদের খাবারের জন্য অন্য জীবের ওপর নির্ভর করতে হয়।
বিজ্ঞানীরা ভাবছেন, ভবিষ্যতে যদি প্রাণীর কোষে শৈবালের প্রয়োজনীয় জিনগত উপাদান এবং সালোকসংশ্লেষণের জন্য দরকারি জৈবিক ব্যবস্থা যুক্ত করা যায়, তাহলে নতুন ধরনের কোষ তৈরি করা সম্ভব হতে পারে। এমন কোষ সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাই-অক্সাইড থেকে জৈব পদার্থ তৈরি করতে পারবে। পাশাপাশি অক্সিজেনও উৎপন্ন করতে পারে।
গবেষক দলের দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর একটি হলো প্রাণীর কোষে উদ্ভিদ ও শৈবালের কিছু বিশেষ জৈবিক ক্ষমতা যুক্ত করা।
২০১৮ সালে অধ্যাপক মাতসুনাগা এ ধরনের সম্ভাবনা নিয়ে একটি গবেষণাপত্রে আলোচনা করেছিলেন। তাঁর মতে, এমন প্রযুক্তি সফল হলে খাদ্য উৎপাদন ও শক্তি ব্যবহারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এমনকি খাদ্যের স্বল্পতা রয়েছে, এমন প্রতিকূল পরিবেশে প্রাণীর বেঁচে থাকার ক্ষেত্রেও কাজে লাগতে পারে এই প্রযুক্তি।
মহাকাশ গবেষণার ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ভবিষ্যতে দীর্ঘ মহাকাশযাত্রায় খাবার ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানের জোগান দেওয়া বড় চ্যালেঞ্জ। প্রাণীর কোষে সালোকসংশ্লেষণের ক্ষমতা যুক্ত করা গেলে এ সমস্যা মোকাবিলায় নতুন পথ খুলতে পারে।
তবে এখানে একটু থামা দরকার। বর্তমান গবেষণায় কোনো প্রাণীর কোষকে সালোকসংশ্লেষণ করতে সক্ষম করা হয়নি। এমনকি প্ল্যানিমাল কোষ সূর্যের আলো থেকে খাবার তৈরি করতে পারে, এমন প্রমাণও পাওয়া যায়নি। শুধু শৈবালের ডিএনএ প্রাণীর কোষে দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হয়েছে।
সালোকসংশ্লেষণের জন্য শুধু কয়েকটি জিন থাকলেই হবে না। প্রয়োজন কার্যকর ক্লোরোপ্লাস্ট এবং এর সঙ্গে যুক্ত জটিল জৈবিক ব্যবস্থা। সেগুলো প্রাণীর কোষে তৈরি ও কার্যকর করা এখনো অনেক বড় চ্যালেঞ্জ। তাই এখনই মানুষের খাবারের চিন্তা বাদ দেওয়ার সময় আসেনি!