জীবাশ্ম জ্বালানি নিয়ে ভিন্নমতে ভেস্তে গেল জলবায়ু সম্মেলন

২২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শেষ হলো এবারের জলবায়ু সম্মেলন কপ ৩১ছবি: পাভেল পার্থ

দুই সপ্তাহের আলোচনা, রাতভর দর-কষাকষি, একের পর এক খসড়া প্রস্তাব এসেছে। তবু শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিশ্বের প্রায় ২০০টি দেশ। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে কী বলা হবে, তা নিয়েই আটকে গেল জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১। ২২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শেষ হলো এবারের সম্মেলন। জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোর যৌথ অঙ্গীকারের মূল দলিলটি চূড়ান্ত করা যায়নি। সম্মেলনের শেষ পর্যায়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, পানামা, মার্শাল দ্বীপপুঞ্জসহ বেশ কয়েকটি দেশ প্রস্তাবিত চুক্তিতে আপত্তি জানায়। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথা বাদ দিয়ে এমন একটি চুক্তি করা হচ্ছে, যা বর্তমান পরিস্থিতির জরুরি প্রয়োজন মেটাতে পারবে না।

এবারের কপ সম্মেলন ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলনেও পরিণত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মতবিরোধের কারণে আলোচনা গড়ায় ২২ নভেম্বর রোববার পর্যন্ত। অতিরিক্ত দুই দিন আলোচনার পরও সমঝোতা হয়নি। শেষ পর্যন্ত কপ ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম জানান, প্রস্তাবিত মূল দলিলের বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। তাই সেটি গৃহীত হচ্ছে না।

আরও পড়ুন
২০ নভেম্বর শুক্রবার কপ সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মতবিরোধের কারণে আলোচনা গড়ায় ২২ নভেম্বর রোববার পর্যন্ত। অতিরিক্ত দুই দিন আলোচনার পরও সমঝোতা হয়নি।

কেন ভেস্তে গেল আলোচনা

কপ সম্মেলনে প্রতিটি দেশকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐকমত্য প্রয়োজন। অর্থাৎ, একটি প্রস্তাব পাস করতে হলে অংশগ্রহণকারী দেশগুলোর সম্মতি থাকতে হয়। জলবায়ু পরিবর্তনের মতো জটিল বিষয়ে প্রায় ২০০টি দেশের স্বার্থ এক জায়গায় মেলানো বেশ কঠিন। এবারের সম্মেলনে সেই জটিলতা আরও স্পষ্ট হয়েছে।

বিরোধের কেন্দ্রে ছিল কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি। এসব জ্বালানি পোড়ালে কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার পরামর্শ দিয়ে আসছেন।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কপ ২৮ সম্মেলনে প্রথমবারের মতো চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা উল্লেখ করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে সামনে রেখে এবারের সম্মেলনে ১৩০টির বেশি দেশ আরও স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল। যাদের দাবি ছিল, কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার একটি ন্যায্য, সুশৃঙ্খল ও সমতাভিত্তিক পরিকল্পনা থাকতে হবে।

আরও পড়ুন
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কপ ২৮ সম্মেলনে প্রথমবারের মতো চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা উল্লেখ করা হয়েছিল।

কিন্তু এবারের সম্মেলনের মূল খসড়া চুক্তি নিয়ে কাজ করতে গিয়ে পরিস্থিতি বদলে যায়। ১৬ নভেম্বর প্রকাশিত প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার বিষয়টি ছিল। পরে কয়েক দফা আলোচনার পর ১৯ নভেম্বর প্রকাশিত নতুন খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির কথা পুরোপুরি বাদ পড়ে। ফলে ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ ক্ষুব্ধ হয়। দেশগুলোর প্রতিনিধিদের আশঙ্কা, জীবাশ্ম জ্বালানির কথা বাদ দিয়ে চুক্তি করলে আগের অঙ্গীকারগুলোও দুর্বল হয়ে পড়বে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আলোচনায় অংশ নেন আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারাগ ও'ব্রায়েন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানি। অথচ প্রস্তাবিত চুক্তিতে এর কোনো উল্লেখই নেই।

সৌদি আরবসহ কয়েকটি তেল উৎপাদনকারী দেশ চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সরাসরি উল্লেখ রাখতে রাজি হয়নি
ছবি: পাভেল পার্থ

এমন চুক্তিতে ইউরোপীয় ইউনিয়ন সম্মতি দিতে পারে না। তাঁর বক্তব্যের পর সম্মেলনকক্ষে উপস্থিত প্রতিনিধিরা করতালি দেন। যুক্তরাজ্য, পানামা, নরওয়ে ও মার্শাল দ্বীপপুঞ্জও প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে।

অন্যদিকে সৌদি আরবসহ কয়েকটি তেল উৎপাদনকারী দেশ চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সরাসরি উল্লেখ রাখতে রাজি হয়নি। রাশিয়ার প্রতিনিধিরাও এর বিরোধিতা করেছেন। তাঁদের যুক্তি ছিল, জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে ফেললে জ্বালানির দাম বাড়তে পারে এবং দরিদ্র মানুষের জ্বালানি ব্যবহারের সুযোগ কমে যেতে পারে। চীন খসড়া নিয়ে উদ্বেগ জানালেও সেটি গ্রহণে সম্মতি দিয়েছিল। পাকিস্তানও আলোচনায় সমঝোতার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছিল।

আরও পড়ুন
সৌদি আরবসহ কয়েকটি তেল উৎপাদনকারী দেশ চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সরাসরি উল্লেখ রাখতে রাজি হয়নি। রাশিয়ার প্রতিনিধিরাও এর বিরোধিতা করেছেন।

চুক্তিতে যা রাখার চেষ্টা ছিল

তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে সম্মেলনের মূল চুক্তির খসড়া তৈরি হচ্ছিল। তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম ছিলেন কপ ৩১-এর সভাপতি। অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন দায়িত্ব পালন করেন আলোচনার সভাপতি হিসেবে। তাঁদের লক্ষ্য ছিল, বিভিন্ন দেশের আপত্তি ও দাবি বিবেচনা করে একটি গ্রহণযোগ্য দলিল তৈরি করা।

খসড়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল। এর মধ্যে একটি হলো অর্থনীতিতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো। বিভিন্ন দেশে পরিবহন, শিল্পকারখানা ও অন্যান্য খাতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর কথা বলা হয়েছিল। ২০৩৫ সালের মধ্যে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার একটি লক্ষ্যও আলোচনায় এসেছিল।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জলবায়ু অভিযোজনের অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক দেশ বন্যা, খরা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব ক্ষতি মোকাবিলা এবং ভবিষ্যতের ঝুঁকির সঙ্গে মানিয়ে নিতে অর্থের প্রয়োজন। বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর পক্ষে নিজেদের অর্থায়নে এসব কাজ করা কঠিন। তাই ধনী দেশগুলোর কাছ থেকে অর্থসহায়তা বাড়ানোর দাবি ছিল আলোচনায়।

আরও পড়ুন
অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন দায়িত্ব পালন করেন আলোচনার সভাপতি হিসেবে। তাঁদের লক্ষ্য ছিল, বিভিন্ন দেশের আপত্তি ও দাবি বিবেচনা করে একটি গ্রহণযোগ্য দলিল তৈরি করা।

এ ছাড়া প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা অতিক্রমের ঝুঁকি কমানোর বিষয়টিও খসড়ায় ছিল। শিল্পবিপ্লবের আগের সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্যারিস চুক্তিতে। কিন্তু বর্তমান হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ চলতে থাকলে এই সীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। তাই তাপমাত্রা সীমা অতিক্রম করলেও সেই পরিস্থিতি যতটা সম্ভব কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছিল।

খসড়ায় কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির (কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ বা সিসিএস) কথাও ছিল। এই প্রযুক্তিতে শিল্পকারখানা বা বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে ভূগর্ভে সংরক্ষণ করা হয়। সৌদি আরবসহ কয়েকটি দেশ মনে করে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ প্রযুক্তির ভূমিকা রয়েছে। তবে পরিবেশকর্মীদের আপত্তি, এ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করতে পারে। কার্বন নিঃসরণ কমানোর বদলে দূষণকারী জ্বালানি ব্যবহারের সুযোগ থেকে যেতে পারে।

এই বিষয়গুলো নিয়ে কয়েক দফা খসড়া তৈরি হয়। কিন্তু কোনো খসড়াই সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত চতুর্থ খসড়াটিও বাতিল হয়। ২২ নভেম্বর তুরস্কের সভাপতি মুরাত কুরুম জানিয়ে দেন, এ বিষয়ে নতুন কোনো খসড়া প্রকাশ করা হবে না।

আরও পড়ুন
শিল্পবিপ্লবের আগের সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্যারিস চুক্তিতে।

সম্মেলনে যে সিদ্ধান্ত হলো

মূল চুক্তি গৃহীত না হলেও সম্মেলনের সব আলোচনা ব্যর্থ হয়নি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত কয়েকটি বিষয়ে আলাদা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায্য রূপান্তর। এর উদ্দেশ্য হলো জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্প থেকে পরিচ্ছন্ন জ্বালানির অর্থনীতিতে যাওয়ার সময় শ্রমিক ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। যেমন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হলে সেখানে কর্মরত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।

এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কারিগরি ও অন্যান্য আলোচ্য বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর সম্মিলিত রাজনৈতিক অঙ্গীকারের মূল দলিলটি গৃহীত হয়নি। ফলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, জলবায়ু অভিযোজনের অর্থায়ন এবং তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় নতুন কোনো সমন্বিত অঙ্গীকার এবারের সম্মেলন থেকে পাওয়া গেল না।

আরও পড়ুন
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জীবাশ্ম জ্বালানির প্রভাব কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ধনী দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি।

কোন দেশের কী মত

সম্মেলনের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মতে, আলোচনার টেবিলে ঐকমত্য না হলেও জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে কোনো অস্পষ্টতা নেই। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, জলবায়ুর প্রভাব তীব্র হচ্ছে এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ এখনো বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তিনি জীবাশ্ম জ্বালানির প্রভাব কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ধনী দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি।

বিশ্বের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনও সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছে। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আনি দাশগুপ্ত একে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা বলে মন্তব্য করেন। পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহামেদ আদোউ একে ইতিহাসের সবচেয়ে খারাপ কপ সম্মেলনগুলোর একটি বলে অভিহিত করেন।

তবে সাবেক জাতিসংঘ জলবায়ু প্রধান ও ২০১৫ সালের প্যারিস চুক্তি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্রিস্টিয়ানা ফিগুয়েরেস বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে দেখেছেন। তাঁর মতে, মূল চুক্তি না হওয়া অবশ্যই হতাশাজনক। তবে এমন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের চেয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো, যা আগের অঙ্গীকারগুলোকে আরও পিছিয়ে দেয়। সম্মেলনে মূল চুক্তি ছাড়াও বেশ কিছু কারিগরি সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন
ক্রিস্টিয়ানা ফিগুয়েরেসের মতে, মূল চুক্তি না হওয়া অবশ্যই হতাশাজনক। তবে এমন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের চেয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো, যা আগের অঙ্গীকারগুলোকে আরও পিছিয়ে দেয়।

আগামীতে কী হবে

জাতিসংঘের জলবায়ু সম্মেলন প্রতিবছরই অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর মধ্যে সমন্বয় তৈরি, নিঃসরণ কমানোর পরিকল্পনা, জলবায়ু অভিযোজন এবং অর্থায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এখানে। ১৯৯২ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রতিষ্ঠার পর থেকে এই আলোচনা আন্তর্জাতিক জলবায়ু নীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

তবে কপের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিতে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রায় ২০০টি দেশের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। আবার সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশগুলোকে বাধ্য করার সরাসরি কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে একটি সিদ্ধান্ত গ্রহণ করাও কঠিন, সেটি বাস্তবায়ন করাও বড় চ্যালেঞ্জ।

কপ ৩১-এর ফলাফল সেই সমস্যাগুলো আবার সামনে নিয়ে এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, তাদের অনেকেরই অতিরিক্ত অর্থ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। অথচ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং অর্থায়নের মতো মৌলিক বিষয়েই দেশগুলো একমত হতে পারেনি।

এবারের সম্মেলনের পরবর্তী আয়োজন হবে ২০২৭ সালে ইথিওপিয়ার আদ্দিস আবাবায়। আনতালিয়ার অমীমাংসিত বিষয়গুলো পরবর্তী সম্মেলনেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিদিন বাড়ছে। তাই দেশগুলোর আলোচনার পাশাপাশি বাস্তব পদক্ষেপও জরুরি।

সূত্র: দ্য গার্ডিয়ান, এপি নিউজ ও রয়টার্স

আরও পড়ুন