খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা

দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল চাছবি: প্রথম আলো

জলবায়ু পরিবর্তনের প্রভাবে কখনো অনিয়মিত বৃষ্টিপাত, কখনো দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, আবার কখনো তীব্র খরা দেখা দিচ্ছে। আবহাওয়ার এমন খেয়ালি আচরণ বাংলাদেশের কৃষির জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল চায়ের ওপরও। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি এবং সার্বিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

কিন্তু তীব্র খরার মধ্যেও যদি কোনো চায়ের জাত বা জিনোটাইপ স্বাভাবিকভাবে টিকে থাকতে পারে, তবে কেমন হয়? এমনই এক আশাব্যঞ্জক সম্ভাবনার সন্ধান দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) একদল গবেষক। তাঁদের যৌথ গবেষণায় চায়ের পাঁচটি জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের তুলনামূলক মূল্যায়ন করা হয়েছে। এতে বি/৮/৯৩ নামের একটি জিনোটাইপকে সবচেয়ে বেশি খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত করা হয়। পাশাপাশি এমজেড/৩৯ জিনোটাইপটি মাঠপর্যায়ে চমৎকার অভিযোজনক্ষমতার পরিচয় দিয়েছে।

গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আশরাফুজ্জামান ও বিটিআরআইয়ের পরিচালক ইসমাইল হোসেন। এতে বিটিআরআইয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের একাধিক গবেষক সহযোগিতা করেছেন।

আরও পড়ুন
গবেষণায় বি/৮/৯৩ নামের একটি জিনোটাইপকে সবচেয়ে বেশি খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত করা হয়। পাশাপাশি এমজেড/৩৯ জিনোটাইপটি মাঠপর্যায়ে চমৎকার অভিযোজনক্ষমতার পরিচয় দিয়েছে।

খরায় কেন ক্ষতিগ্রস্ত হয় চা গাছ

চা একটি বহুবর্ষজীবী অর্থকরী উদ্ভিদ। এর কচি পাতা ও কুঁড়ি থেকেই তৈরি হয় বাজারজাতযোগ্য চা। তাই গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পাতা উৎপাদনের জন্য পর্যাপ্ত পানি অপরিহার্য। মাটিতে পানির ঘাটতি দেখা দিলে শিকড়ের পানি শোষণ ও পাতার সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে গাছের বৃদ্ধি থমকে যায় এবং কচি পাতার উৎপাদন কমে আসে।

দীর্ঘস্থায়ী খরায় বিশেষ করে নতুন লাগানো চারাগাছগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমন ধাক্কা কাটিয়ে গাছগুলোর স্বাভাবিক উৎপাদনে ফিরতেও বেশ সময় লাগে। তাই চা-শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও উৎপাদনশীলতা বজায় রাখতে খরাসহিষ্ণু জাত নির্বাচন এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও গ্রামীণ জীবিকায় চা-শিল্পের ভূমিকা অপরিসীম। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ সমতলের বিভিন্ন জেলায় চা চাষ সম্প্রসারিত হয়েছে। এ শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বিপুলসংখ্যক শ্রমিক, ক্ষুদ্র চাষি ও ব্যবসায়ীর জীবিকা।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯৪.৯১ মিলিয়ন কেজি (৯ কোটি ৪৯ লাখ ১০ হাজার কেজি) চা উৎপাদিত হয়েছে। এই উৎপাদন ২০২৪ সালের তুলনায় বেশি হলেও ২০২৩ সালের রেকর্ড উৎপাদনের চেয়ে কম। উৎপাদন ব্যয় বৃদ্ধি, আবহাওয়ার অনিশ্চয়তা, সেচসংকট ও আন্তর্জাতিক প্রতিযোগিতা এখন এ শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯৪.৯১ মিলিয়ন কেজি বা ৯ কোটি ৪৯ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে।

যেভাবে শনাক্ত হলো খরাসহিষ্ণু জিনোটাইপ

‘স্ক্রিনিং অব বাংলাদেশ টি (ক্যামেলিয়া সিনেনসিস (এল.) কুন্টজে) জিনোটাইপস ফর ড্রাউট টলারেন্স’ শীর্ষক গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আটলান্টিস প্রেস থেকে প্রকাশিত প্রসিডিংস অব দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম গ্রন্থে স্থান পেয়েছে। বাংলাদেশের চা উৎপাদন অঞ্চলগুলোতে খরার প্রভাব মোকাবিলায় সম্ভাবনাময় জিনোটাইপ চিহ্নিত করা এবং ভবিষ্যৎ জাত উন্নয়নের বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করাই ছিল এ গবেষণার মূল লক্ষ্য।

গবেষণাপদ্ধতি সম্পর্কে অধ্যাপক মো. আশরাফুজ্জামান বলেন, ‘গবেষণায় এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ ও এ/৮/৮ জিনোটাইপের পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ জাতটিও অন্তর্ভুক্ত করা হয়। নার্সারি ও মাঠপর্যায়ে মাটির আর্দ্রতা ৩৬, ৩০, ২৪ ও ১৮ শতাংশে রেখে বিভিন্ন মাত্রার খরার প্রভাব পরীক্ষা করা হয়েছে। এ সময় গাছের উচ্চতা, শিকড়ের দৈর্ঘ্য, আয়তন ও বিস্তার, শুষ্ক পদার্থের পরিমাণ, পাতার আপেক্ষিক পানির পরিমাণ এবং প্রোলিন, মোট পলিফেনল ও রিডিউসিং সুগারের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। প্রোলিন কোষের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং শিকড়ের বিস্তার মাটির গভীর থেকে পানি সংগ্রহের সক্ষমতার সঙ্গে সম্পর্কিত। এসব বৈশিষ্ট্য একসঙ্গে বিশ্লেষণ করে আমরা জিনোটাইপগুলোর খরাসহিষ্ণুতা ও অভিযোজনক্ষমতার পার্থক্য নির্ণয় করেছি।’

আরও পড়ুন
অধ্যাপক মো. আশরাফুজ্জামান বলেন, ‘গবেষণায় এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ ও এ/৮/৮ জিনোটাইপের পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ জাতটিও অন্তর্ভুক্ত করা হয়।'

সবচেয়ে সহনশীল বি/৮/৯৩, মাঠে এগিয়ে এমজেড/৩৯

গবেষণার ফলাফল সম্পর্কে অধ্যাপক আশরাফুজ্জামান বলেন, ‘গবেষণায় বি/৮/৯৩ জিনোটাইপটি সবচেয়ে বেশি খরাসহিষ্ণু। সবচেয়ে সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে এ/৮/৮। অন্যদিকে এমজেড/৩৯ মাঠপর্যায়ে বিস্তৃত অভিযোজনক্ষমতা দেখিয়েছে। আর বিটি-২, এসএইচ/৯/৬৫ ও এ/১৭/৭ মধ্যম মাত্রার খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত হয়েছে।’

মাঠপর্যায়ের পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা পাওয়া গেছে ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার, প্রতি গাছে গড়ে ৭ দশমিক ৬টি শাখা। সবুজ পাতার ওজন ৯ দশমিক ২ গ্রাম। এতে মোট পলিফেনলের পরিমাণ ছিল ৮৯ দশমিক ৮১ পিপিএম (পার্টস পার মিলিয়ন) এবং ক্যাটেচিন ২৩ দশমিক ০৭ পিপিএম, যা চায়ের গুণগত মান নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যাপক আশরাফুজ্জামান আরও বলেন, ‘এ গবেষণার ফলাফল চা গাছের জিনগত বৈচিত্র্য ও খরাসহিষ্ণু জাত নির্বাচনের নতুন সম্ভাবনা তুলে ধরেছে। তবে বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত করতে মাঠপর্যায়ের ফলন, পাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণের মান এবং দেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ুর সঙ্গে এর অভিযোজনক্ষমতা আরও যাচাই করা প্রয়োজন।’

আরও পড়ুন
মাঠপর্যায়ের পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা পাওয়া গেছে ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার, প্রতি গাছে গড়ে ৭ দশমিক ৬টি শাখা। সবুজ পাতার ওজন ৯ দশমিক ২ গ্রাম।

গবেষণার ফল কি বদলে দিতে পারে চা চাষের ভবিষ্যৎ

বাংলাদেশের চা-শিল্পে খরার প্রভাব নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। পর্যাপ্ত বৃষ্টির অভাব ও অতিরিক্ত তাপমাত্রায় মাটির আর্দ্রতা কমে যাওয়ায় নতুন কুঁড়ি গজানো ব্যাহত হচ্ছে। ২০২৫ সালের এপ্রিলে সিলেট অঞ্চলের চা-বাগানগুলোতে তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে চা গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। একইভাবে ২০২৪ সালে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় চা উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কমে যায়।

চা উৎপাদনে আবহাওয়ার পাশাপাশি সেচব্যবস্থা, ছায়াবৃক্ষ, মাটির স্বাস্থ্য ও বাগান পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। দেশের অনেক বাগানেই পানির উৎস ও আধুনিক সেচপ্রযুক্তির সীমাবদ্ধতা রয়েছে। তাই শুধু খরাসহিষ্ণু জাত নির্বাচনই যথেষ্ট নয়; এর সঙ্গে পানি সংরক্ষণ, দক্ষ সেচব্যবস্থা, মাটিতে জৈব পদার্থ বৃদ্ধি এবং বৈজ্ঞানিক বাগান ব্যবস্থাপনার সমন্বয় ঘটাতে হবে।

এদিকে পাহাড়ি অঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলের সমতলভূমিতে চা চাষ সম্প্রসারিত হওয়ায় গবেষণাটির গুরুত্ব আরও বেড়েছে। তবে মাটি, তাপমাত্রা ও বৃষ্টিপাতের পার্থক্যের কারণে এক অঞ্চলে ভালো ফল দেওয়া জিনোটাইপ অন্য অঞ্চলেও একইভাবে সফল হবে, এমন নিশ্চয়তা নেই। তাই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাটসহ বিভিন্ন অঞ্চলের মাটি ও জলবায়ুতে দীর্ঘমেয়াদি পরীক্ষার মাধ্যমে এমজেড/৩৯ ও বি/৮/৯৩-এর কার্যকারিতা যাচাই করা প্রয়োজন।

আরও পড়ুন
চা উৎপাদনে আবহাওয়ার পাশাপাশি সেচব্যবস্থা, ছায়াবৃক্ষ, মাটির স্বাস্থ্য ও বাগান পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। দেশের অনেক বাগানেই পানির উৎস ও আধুনিক সেচপ্রযুক্তির সীমাবদ্ধতা রয়েছে।

বাণিজ্যিক জাত হওয়ার আগে আরও পরীক্ষা

খরাসহিষ্ণুতা একাধিক জিন, শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও পরিবেশের ওপর নির্ভর করে। তাই একটি পরীক্ষার ভিত্তিতে কোনো জিনোটাইপকে দেশের সব অঞ্চলের জন্য উপযোগী বলা যায় না। এ জন্য বিভিন্ন মৌসুম, মাটি ও পানিস্বল্পতার পরিবেশে পরীক্ষা চালানোর পাশাপাশি বংশগত স্থায়িত্ব, পাতা উৎপাদন, চায়ের স্বাদ, গুণগত মান এবং রোগ-পোকা প্রতিরোধক্ষমতা মূল্যায়ন করা জরুরি।

এ গবেষণায় চায়ের মাত্র পাঁচটি জিনোটাইপ ও একটি জাত মূল্যায়ন করা হয়েছে। ফলে এর ফলাফল এখনই দেশের সব চা-বাগানের জন্য চূড়ান্ত সমাধান নয়। বি/৮/৯৩ সবচেয়ে খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত হলেও বাণিজ্যিক জাত হিসেবে অনুমোদিত হওয়ার জন্য এটিকে আরও কয়েকটি ধাপ পেরোতে হবে। এ বিষয়ে অধ্যাপক আশরাফুজ্জামান কয়েকটি করণীয় তুলে ধরেছেন।

প্রথমত, বি/৮/৯৩ ও এমজেড/৩৯-সহ সম্ভাবনাময় জিনোটাইপগুলোকে দেশের প্রধান চা উৎপাদন অঞ্চলগুলোতে একাধিক মৌসুমে পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, স্বাভাবিক ও খরাপ্রবণ পরিবেশে তুলনা করতে হবে প্রতি একক জমিতে সবুজ পাতা ও প্রক্রিয়াজাত চায়ের ফলন। তৃতীয়ত, চায়ের স্বাদ, সুবাস, রং, পলিফেনল ও ক্যাটেচিনের মতো গুণগত বৈশিষ্ট্য যাচাই করতে হবে। এ ছাড়াও বিশ্লেষণ করতে হবে চারা উৎপাদনের ব্যয়, সেচের প্রয়োজন, পরিচর্যার খরচ এবং কৃষকের সম্ভাব্য আয়। পাশাপাশি বাগানমালিক ও ক্ষুদ্র চাষিদের অংশগ্রহণে প্রদর্শনী প্লট স্থাপন করা যেতে পারে। এসব পরীক্ষার ফল ইতিবাচক হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জাত বা ক্লোন নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন
প্রথমত, বি/৮/৯৩ ও এমজেড/৩৯-সহ সম্ভাবনাময় জিনোটাইপগুলোকে দেশের প্রধান চা উৎপাদন অঞ্চলগুলোতে একাধিক মৌসুমে পরীক্ষা করতে হবে।

চা-শিল্পের সঙ্গে দেশের বিপুলসংখ্যক শ্রমিক, ক্ষুদ্র চাষি ও ব্যবসায়ীর জীবন-জীবিকা জড়িত। খরার কারণে উৎপাদন কমলে তাঁদের আয় ও স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ক্ষুদ্র চাষিদের সেচ ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের সক্ষমতা সীমিত। তাই খরাসহিষ্ণু চারা সরবরাহ, প্রশিক্ষণ ও কৃষি সম্প্রসারণ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ চা বোর্ড, বিটিআরআই, দেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।

বাকৃবি ও বিটিআরআইয়ের যৌথ গবেষণাটি ভবিষ্যতে চায়ের জাত উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিয়েছে। গবেষণায় শনাক্ত বি/৮/৯৩ জিনোটাইপের উচ্চ খরাসহিষ্ণুতা এবং এমজেড/৩৯-এর মাঠপর্যায়ের অভিযোজনক্ষমতা জলবায়ুসহিষ্ণু চায়ের জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী গবেষকেরা।

লেখক: শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

আরও পড়ুন